ETV Bharat / entertainment

'তারকাটা' বিক্রম নাকি মেয়াং চ্যাং ? ট্রেলারে হইচই নেটপাড়ায়

চিত্তাকর্ষক কাহিনি বিন্যাসে উঠে এসেছে কিছু গোপন সত্য, অমীমাংসিত সংঘাত এবং এমন সব চরিত্র-যাদের জীবন এক কালো অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

vikram-chatterjee-meiyang-chang-priyanka-sarkar-starrer-taarkata-official-trailer-out
'তারকাটা' ট্রেলারে হইচই নেটপাড়ায় (পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 3, 2026 at 11:17 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 জুন: রহস্য, অ্যাকশন, ডার্ক হিউমার এবং মনস্তাত্ত্বিক জটিলতার চমৎকার ধাঁধা নিয়ে হাজির প্রযোজক-অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ মুক্তি পেয়েছে 'তারকাটা' (TAARKATA) সিরিজের ট্রেলার ৷ যেখানে ধরা পড়েছে অপরাধের জগত, প্রতিশোধ ও তার পরিণতি ৷ সঙ্গে মানুষের মনের জটিলতার এক ঝলক ।

চিত্তাকর্ষক কাহিনি বিন্যাসে উঠে এসেছে কিছু গোপন সত্য, অমীমাংসিত সংঘাত এবং এমন সব চরিত্র-যাদের জীবন এক কালো অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সমীক রায় চৌধুরী পরিচালিত 'তারকাটা' সিরিজটি 'অগ্নি'- অর্থাৎ বিক্রমের জীবনকে অনুসরণ করে এগিয়েছে ৷ অগ্নি একসময়ের একজন প্রখ্যাত পুলিশ অফিসার, যার জীবনে হঠাৎই এক অপ্রত্যাশিত মোড় আসে। সেখান থেকেই ক্রমশ জটিল হয়েছে রহস্যের প্রতিটা প্যাঁচ ৷

আগামী 12 জুন বাংলা জি5-এ মুক্তি পেতে চলা এই সিরিজে প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাবে 'ছন্দা' চরিত্রে ৷ মেয়াং চ্যাং-এর চরিত্রের নাম 'ডোডো' ৷ জয়দীপ মুখোপাধ্যায়কে দেখা যাবে 'অশোক চৌধুরী' চরিত্রে ৷ সত্যম ভট্টাচার্যের চরিত্রের নাম 'বুম্বা বাগচি' ও আয়ুষ দাস রয়েছেন 'তিনতিন' চরিত্রে ৷ এছাড়াও একঝাঁক প্রতিভাবান শিল্পী এই সিরিজে অভিনয় করেছেন। সিরিজটি 'বিক্রম চ্যাটার্জি ফিল্মস'-এর ব্যানারে প্রথম প্রযোজনা উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, মেয়াং চ্যাং-কে প্রথম বার বাংলা প্রজেক্টে পেতে চলেছেন দর্শকরা ৷

পরিচালক সমিক রায় চৌধুরী বলেন, "'তারকাটা' সিরিজটি দর্শকদের সামনে এমন এক অনন্য ও অভিনব স্বাদের কাহিনি পরিবেশন করবে, যা প্রচলিত থ্রিলার ঘরানার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায়। এর মূল উপজীব্য হল স্মৃতি এবং সেই মানসিক ক্ষতগুলো, যা একজন মানুষকে প্রতিশোধের পথে চালিত করে। ট্রেলারে কেবল সেই জগতেরই এক ঝলক তুলে ধরা হয়েছে ৷ আশা করি, দর্শকরা এই সিরিজের কেন্দ্রবিন্দুতে থাকা রহস্য এবং মানবিক আবেগ-উভয়ের সঙ্গেই একাত্ম বোধ করবেন ৷"

অভিনেতা ও প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, "‘তারকাটা’ হলো ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’-এর ব্যানারে প্রযোজক হিসেবে আমার প্রথম কাজ। একেবারে শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটা দল হিসেবে মিলেমিশে কাজ করা ৷ গল্পটিকে এমন এক বিশাল পরিসর ও মাত্রায় জীবন্ত করে তোলা যা বাংলা ওটিটি দর্শকদের কাছে আগে কখনও দেখা যায়নি। আশা করি, দর্শকরা এই সিরিজে দেখানো আবেগ, তীব্রতা এবং রোমাঞ্চের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন ৷" 12 জুন জি ফাইভে অ্যাকশন-ড্রামা 'তারকাটা'-র ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে ।

আরও পড়ুন