ETV Bharat / entertainment

সোশালে কুরুচিপূর্ণ-আপত্তিকর মন্তব্য ! লালবাজারের দ্বারস্থ টলিউডের তারকারা

টলিউডের তাবড় তারকা থেকে প্রযোজক ও পরিচালক, ফেডারেশন সভাপতি, ইমপা সভাপতির টিম শুক্রবার যায় লালবাজারে ।

ETV BHARAT
লালবাজারের দ্বারস্থ টলিউডের তারকারা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 2, 2026 at 8:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 জানুয়ারি: দিনদিন বেড়ে চলেছে টলিউড সংক্রান্ত সাইবার ক্রাইম । নানা সময়ে প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং তাঁদের পরিবারের মানুষদের উদ্দেশে কটাক্ষ করা হচ্ছে সামাজিক মাধ্যমে ৷ একদল মানুষ সামাজিক মাধ্যমে খুবই কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছুড়ে দিচ্ছে বলে অভিযোগ । এই সমস্যার সমাধানে টলিউডের তাবড় তারকা থেকে প্রযোজক ও পরিচালক, ফেডারেশন সভাপতি, ইমপা সভাপতির টিম শুক্রবার যায় লালবাজারে । এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা ৷

এদিন লালবাজারে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজা চন্দ, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা-সহ আরও অনেকে । সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা ।

লালবাজারের দ্বারস্থ টলিউডের তারকারা (নিজস্ব ভিডিয়ো)

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, "আমরা আমাদের বক্তব্য পুলিশকে জানিয়েছি । কে বা কারা ক্রাইম করছে সেটা পুলিশ দেখবেন ।" প্রযোজক শ্রীকান্ত মোহতা বলেন, "যারা যে প্রোফাইল থেকেই এই ধরনের ক্রাইম করে থাকুক না কেন তাদের যেন অবিলম্বে সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়, সেই মর্মে আমরা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছি । তাঁরা আমাদের জানালে বুঝতে পারব যে কারা এই ধরনের কাজ করছে ।"

প্রযোজক রানা সরকার বলেন, "বেশ কয়েক বছর ধরেই কোনও সিনেমা রিলিজের আগে এরকম ঘটনা ঘটছে । কিছুদিন আগে উইন্ডোজের জিনিয়া সেনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা নিয়ে অভিযোগ জমা পড়েছে । দিন দিন এই ধরনের সামাজিক দূষণের মাত্রা বাড়ছে । এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত ।"

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, "মত প্রকাশের স্বাধীনতা সকলের আছে যে কোনও মাধ্যমে । কিন্তু তা বলে এই নয় যে প্রতিনিয়ত কারওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে । এই কারণে আমি আজ লালবাজারে এসেছি । এটা যেন অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয় । নগরপাল এবং পুলিশের অন্যান্য বিভাগ আমাদের আশ্বাস দিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাতে এভাবে লাঞ্ছনা করা না হয় সেদিকে তাঁরা নজর দেবেন ।"

উল্লেখ্য, স্ক্রিনিং কমিটিতে নেই এ কথা আগেই জানিয়েছিলেন দেব । তাই বারবারই ঘুরে ফিরে আসছে তাঁর নাম । এই প্রসঙ্গে এদিন স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানান, "দেবের সঙ্গে কোনও শত্রুতা নেই । আমরা আগামীদিনে যখন একসঙ্গে কাজ করব তখন সবটা পরিষ্কার হয়ে যাবে ।" পিয়া সেনগুপ্ত বলেন, "ক্যালেন্ডারের পক্ষে আছেন দেবও ।" নবীনা সিনেমা হলে টিকিট কাউন্টার আটকানো প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস বলেন, "নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানি এ বিষয়ে জানিয়েছেন । এই দিকটাও সনাক্ত করবে প্রশাসন ।"