অপ্রত্যাশিত ঘটনায় ঘোরে জীবনের মোড় ! শিলাদিত্যর ছবিতে কোন প্রশ্নের মুখে স্বস্তিকা ?
'ছেলেধরা' একটি ফ্যামিলি থ্রিলার, যেখানে পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্ব থ্রিলারের কাঠামোর মধ্যেই তুলে ধরা হয়েছে।

By ETV Bharat Entertainment Team
Published : February 27, 2026 at 10:55 AM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: সিনেমার নাম 'ছেলেধরা' যার গল্প আবর্তিত হয়েছে এক বিবাহবিচ্ছিন্ন মাকে ঘিরে। আবেগের বশে মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন মেয়েটি সত্যিই অপহৃত হয়। এই টানটান পরিস্থিতির মধ্য দিয়েই গল্প এগোয়। হঠাৎ ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার মোড়ে, বৃষ্টি এমন এক সত্যের মুখোমুখি হয় যা সে কল্পনাও করেনি- জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক যাত্রায় এগিয়ে চলে বৃষ্টি।
নতুনধরনের গল্প পর্দায় নিয়ে আসছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। 1 মার্চ অরুণাচল প্রদেশে শুরু হতে চলেছে 'সোয়েটার', 'হৃৎপিণ্ড', 'চড়ক'-এর পরিচালকের নতুন বাংলা ছবি 'ছেলেধরা'র শুটিং। 'হ্যান্ডিম্যান' এবং 'সীতা22 ফিল্মস'-এর ব্যানারে আসবে এই ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির শুটিং হবে অরুণাচল প্রদেশের মনোরম ও তুলনামূলকভাবে অনাবিষ্কৃত লোকেশন- ইটানগর এবং জিরো ভ্যালিতে।
পরিচালক শিলাদিত্য মৌলিক যাঁর আগের ছবি 'সূর্য' টানা ১১ সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছিল, এই ছবিতে ফিরছেন এক ভিন্নধর্মী গল্প নিয়ে। 'ছেলেধরা' একটি ফ্যামিলি থ্রিলার, যেখানে পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্ব থ্রিলারের কাঠামোর মধ্যেই তুলে ধরা হয়েছে। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নৈতিকভাবে জটিল এক নারী চরিত্র-যা বাংলা ছবিতে সচরাচর কম দেখা যায়। পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "এই ছবিটি মূলত সেই মানুষদের গল্প-যাঁরা নিখুঁত নন, কিন্তু ভালোবাসতে পারেন। ছেলেধরা এক ধরনের রোড জার্নির মতো এগোয়, তবে তার কেন্দ্রে রয়েছে অভিভাবকত্ব, দায়িত্ববোধ এবং নিজেদের ভুলের মুখোমুখি দাঁড়ানোর সাহস।"
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, "বৃষ্টি এমন চরিত্র নয়, যাকে সহজে ভালো লাগবে। সে আবেগপ্রবণ, আহত এবং ত্রুটিপূর্ণ। কিন্তু একজন মা হিসেবে তার ভালোবাসা খুবই প্রকট। এই চরিত্রটা আমাকে নিজের মনের ভেতরে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।" নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও ছবিটি অভিভাবকত্ব, অপরাধবোধ এবং মানসিক অবহেলার মতো বিষয়কে সামনে আনে-যা সমাজের সব স্তরের দর্শকের সঙ্গেই সম্পর্ক তৈরি করতে পারে। সেই কারণেই ছবিটি সাধারণ দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির কথাও মাথায় রেখে নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতারা।
প্রযোজক প্রতীক মজুমদার বলেন, "শিলাদিত্য আর আমার পথচলা শুরু আমাদের বিজ্ঞাপনের একেবারে শুরুর দিনগুলো থেকে। 2014 সালে এনএফডিসি ফিল্ম বাজারে আমাদের প্রথম অংশগ্রহণ- 'মিসেস স্কুটার' (Mrs Scooter), ওটাই ছিল ওঁর প্রথম ফিচার ফিল্ম। সেই অভিজ্ঞতাই আমাদের মধ্যে এক শক্তিশালী সৃজনশীল বোঝাপড়া তৈরি করে।" ছবির আরেক প্রযোজক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "সৃজনশীলতাই উন্নতির অক্সিজেন। 'ছেলেধরা' গল্পটা আমাকে টেনেছে কারণ এই ছবির আবেগের কেন্দ্রে রয়েছে নারী ও শিশু-যেখানে একসঙ্গে তাদের ভঙ্গুরতা আর দৃঢ়তা তুলে ধরা হয়েছে।"
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলী। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন জিতিন হিঙ্গোরানি, লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন শুভেন কুমার দাস। ছবির প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে রয়েছেন সোমান্বিতা ভট্টাচার্য এবং কস্টিউম ডিজাইন করছেন অজপা মুখোপাধ্যায়। মার্চ মাসের শেষ পর্যন্ত শুটিং চলবে বলে জানা গিয়েছে। শীঘ্রই ছবির অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে।

