'অদ্ভুত ফিলিং হয়েছে বলতে পারি... !' সেই রাতে কোন অভিজ্ঞতা নাড়িয়ে দিয়েছে স্বস্তিকাকে ?
'ভানুপ্রিয়া ভূতেল হোটেল' শুটিং করতে গিয়ে হাড়হিম করা ঘটনার শিকার অভিনেত্রী স্বস্তিকা ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 6, 2026 at 9:08 AM IST
কলকাতা, 6 জানুয়ারি: বছর শুরুতেই, প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফ থেকে বিশেষ উপহার ৷ 23 জানুয়ারি মুক্তির পথে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' (Bhanupriya Bhooter Hotel)। এই ছবিতে স্বস্তিকা দত্তকে (Swastika Dutta) দেখা যাবে মালিনীর ভূমিকায়। মালিনী ভূত নাকি মানুষ তা এখনও জানা যায়নি। তবে, এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত স্বস্তিকা।
ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, "ফোনটা অরিত্র মুখোপাধ্যায়ের কাছ থেকেই আসে। ওঁর সঙ্গে আমি 'ফাটাফাটি'ও করেছি। আবারও উইন্ডোজের সঙ্গে কাজ এটা ভেবেই আমি খুশি হয়েছি। সেখানে চরিত্রটা কেমন সেটাও জানার চেষ্টা করিনি। কেন না, এই প্রযোজনা সংস্থা কারওর ট্যালেন্ট, ইমেজ নষ্ট হতে দিতে চায় না। কাজটা আসার পর আমি একটা কথাই ভেবেছিলাম কীভাবে 'ফাটাফাটি'র বিকি সেনের থেকে এখানে মালিনীকে আলাদা করব। আরেকটা ভালো লাগা আছে, বনির সঙ্গে অনেকদিন পরে এই কাজটা করতে চলেছি।"
এই ছবির শুটিংয়ে গিয়ে কোনও ভয়ের অভিজ্ঞতা হয়েছে? প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, "অদ্ভুত ফিলিং হয়েছে বলতে পারি। আসলে ভূতের ছবি করা মানেই অদ্ভুত ফিলিং। লাভাতে অনেক ভিতরে গিয়ে শুটিং করেছি আমরা। কোনও মানুষজন নেই। গাছ আর জোঁক ছাড়া কিছুই ছিল না। আমি আবার রাতে লাইট ছাড়া ঘুমোতে পারি না। একে তো রিমোট এরিয়া। তাই ইলেকট্রিসিটির সমস্যা থাকেই। কিন্তু একদিন রাতে শুয়ে দরজার নীচ দিয়ে করিডোরের আলোটা জ্বলছে দেখতে পাচ্ছি। হঠাৎ আমার ঘরের লাইটটা অফ হয়ে গেল। আমি মাথায় মুড়ি দিয়ে শুই। সেদিনও তাই করেছিলাম। অদ্ভুতভাবে আমি চাদরটা নামালে লাইটা জ্বলছে। আর উঠিয়ে দিলে আলো নিভে যাচ্ছে। এভাবে টানা এক ঘণ্টা চলল। বুঝলাম কিছু তো আছেই। আসলে আত্মারাও সঙ্গী খুঁজে বেড়ায়।..."
স্বস্তিকা জানান, "আমি কোথাও একা থাকতে ভয় পাই, নিজের বাড়ি ছাড়া। কোনও জায়গা পজিটিভ মনে না হলে দমবন্ধ লাগে আমার। আমি ভূতে না, ভাইবস-এ ভয় পাই।" এই ছবির পরিচালক অরিত্রর ভূয়সী প্রশংসা করেন নায়িকা। বলেন, "অরিত্র মুখোপাধ্যায় শিক্ষিত ডিরেক্টর'। উনি বড় বড় কথা বলেন না, কাজ বেশি করেন।" কোন অভিনেতার সঙ্গে কাজের অপেক্ষায় আছেন স্বস্তিকা? বলেন, "আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। অনেকের সঙ্গেই তো এখনও কাজ করিনি। জুটি তো বাঁধিইনি। তবে, অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে আমার।"
স্বস্তিকা বিয়ে কবে করছেন? বলেন, "ভীষণ ব্যস্ত এখন। আর ব্যস্ত থাকলে বিয়ে করা উচিত না। কেন না বিয়েটা একটা লং প্রসেস। আমি বিয়ের পরদিনই কাজে জয়েন করতে পারব না। ফলে, কখনও অনেকটা সময় ফ্রি থাকলে বিয়েটা করে নেবো।" স্বস্তিকার কখনও মন খারাপ হয়? তিনি বলেন, "মন তো সব সময়েই খারাপ হয়। সবই পিটুইটারি গ্ল্যান্ডের খেলা। মন ঠিক থাকলে কাজ, পরিবার, তুমি নিজে সবই ভালো থাকবে। আমাদের কলাকুশলীদের ভালো রাখার দায়িত্ব নিয়েছে ফেডারেশন। তাই ফেডারেশন এবং স্বরূপ'দাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আসলে এত ব্যস্ত যে একে অপরের সঙ্গে কথাও বলতে পারি না। সেটা বলা জরুরি।"
রাজনীতিতে দেখা যেতে পারে কখনও স্বস্তিকাকে? বলেন, "আমি মেক আপ রুম পলিটিক্সটাই জানি না এখনও। আর রাজনৈতিক মঞ্চ! আর যেখানেই আমাকে দেখা যাক বা না যাক আমাকে অভিনয়ে পাবেন দর্শক সবসময়।" প্রসঙ্গত, 2015 সালে 'পারব না আমি ছাড়াতে তোকে' ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন স্বস্তিকা দত্ত। এরপর 'হরিপদ ব্যান্ডওয়ালা', 'অভিমান', 'ফাটাফাটি'-র মতো আরও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
এছাড়া 'ভজগোবিন্দ', 'বিজয়িনী', 'কী করে বলব তোমায়', 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। 'উত্তরণ', 'আনন্দ আশ্রম', 'জনি বনি'-র মতো সিরিজেও অভিনয় করেছেন স্বস্তিকা। এখন তাঁকে দেখা যাচ্ছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে। 23 জানুয়ারি আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। তারই অপেক্ষায় নায়িকা।

