রেট্রো লুকে রোম্যান্সে মত্ত স্বস্তিকা-বনি! কোথায় ঘটছে এসব?
ক্লাসিক রোম্যান্টিক সিনেমার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গানের দৃশ্যায়ন হয়েছে ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 6, 2026 at 5:27 PM IST
কলকাতা, 6 জানুয়ারি: অনেক বছর পর আবার পর্দায় একসঙ্গে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) আর বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' (Bhanupriya bhooter hotel)-এ তাঁদের পাওয়া যাবে জুটি হিসেবে। ইতিমধ্যেই এসে গিয়েছে তাঁদের জুটিতে রেট্রো লুকে রোম্যান্টিক গান 'আমি বারবার', যা নিয়ে দুজনেই উচ্ছ্বসিত।
'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির নতুন গান এসে গিয়েছে মঙ্গলবার। সাদা কালো ফরম্যাটে নতুন গানে নায়ক-নায়িকার প্রেমের রসায়ণ বেশ নজরকাড়া। সাবেকি সাজে অনন্যা স্বস্তিকা, অতুলনীয় বনি। 'আমি বারবার' শীর্ষক গানটিতে দুজনের রোম্যান্টিক আবেদন এই সময়ে দাঁড়িয়ে দর্শকের চোখের স্বাদ বদলাবে আশা করা যায়। ক্লাসিক রোম্যান্টিক সিনেমার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গানের দৃশ্যায়ন তা বলার অপেক্ষা রাখে না। গানের কথা ও সুর অর্ণব দত্তর। গেয়েছেন অর্ণব দত্ত এবং কাজল চট্টোপাধ্যায়।
বনি বলেন, "আমি এই গানটা শোনার পর থেকে প্রেমে পড়ে গেছি। আমি আশা করেছিলাম যে এই গানটায় যদি আমাকে দেখানো হয়। তবে, পরে দেখি আমি আর স্বস্তিকা দুজনেই আছি এই গানে। ফলে, আরও খুশি হই। গানে আমাদের যে রেট্রো লুকটা রয়েছে আমাদের সেটা আমাদের দুজনের কাছেই খুব নতুন। গানটা নিয়ে মানুষের সাড়াও বেশ ভালো। এবার অপেক্ষা ছবিটার মুক্তি।"
স্বস্তিকার কথায়, "এটা এমন একটা গান যেটা আমি বারবার শুনছি ঘুরিয়ে ফিরিয়ে। এই প্রথমবার রেট্রো অবতারে দেখলাম নিজেকে। নিজেকে দেখে নিজেরই দারুণ লেগেছিল। একইসঙ্গে বনির সঙ্গে আবার অনেকগুলো বছর পর কাজ করলাম। এটাও এই গানটাকে আরও স্পেশাল করে তুলেছে বলে আমার মনে হয়। আমার বিশ্বাস দর্শকের এই গান এবং ছবি দুটোই খুব ভালো লাগবে।"
পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, "এই গানটা 'টাইমলেস রোমান্স'কে ট্রিবিউট দেয়। অর্ণবের কম্পোজিশনে শুরু থেকেই একটা ওল্ড-স্কুলের আকর্ষণ ছিল এবং কণ্ঠগুলি ছিল ভীষণ আকর্ষণীয়। বনি এবং স্বস্তিকা আবেগ এবং রসায়নকে সুন্দরভাবে জীবন্ত করে তুলেছেন এই গানে।" প্রেক্ষাগৃহে এই সিনেমা মুক্তি পাবে 23 জানুয়ারি ৷

