ETV Bharat / entertainment

মেসি দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা 'মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল'-এ ! বিরক্ত স্বরূপ-দেব

কী বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ ও অভিনেতা দেব ?

swarup-biswas-dev-react-on-chaos-at-lionel-messis-kolkata-event
কী বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ ও অভিনেতা দেব ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 15, 2025 at 5:23 PM IST

|

Updated : December 15, 2025 at 6:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 ডিসেম্বর: 'মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল' যুবভারতী ক্রীড়াঙ্গণে ফুটবলের রাজপুত্র মেসিকে দেখাকে কেন্দ্র করে যে ঝড় বয়ে গেল শহর কলকাতায় তা এই মুহূর্তে আলোচনার শীর্ষে। পাড়ার মোড়ে, চায়ের দোকানে, কলেজে, অফিসে, বাড়ির বৈঠকে সর্বোপরি সামাজিক মাধ্যমে শুধু মেসি-অরূপ বিশ্বাস-শুভশ্রী চর্চা। মেসিকে কেন দেখা গেল না ঠিক যতটা চাওয়া হয়েছিল? বিরক্ত প্রকাশ করেছেন টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও অভিনেতা-সাংসদ দেব ৷

আসলে, মেসিকে একঝলক দেখার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনুরাগীদের ৷ বছর বছর টাকা জমিয়ে কেউ এসেছিলেন ফুটবলের রাজপুত্রকে দেখতে। কেউ বা অফিসে ওভারটাইম করে জমিয়েছিলেন টাকা। কেউ বা এসেছিলেন গয়না বন্ধক দিয়ে। এই পরিমাণ উন্মাদনায় যখন ব্যাঘাত ঘটে তখন যা হওয়ার তাই হয়েছে 13 ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে। উল্লেখ্য, মেসির সঙ্গে নিজের পরিবার এবং কাছের মানুষদের ছবি তুলিয়ে দেওয়ার কটাক্ষের শিকার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি মেসির সঙ্গে ছবি তোলায় কটাক্ষের বন্যা বইছে শুভশ্রীকে ঘিরে। নানাজনে নানা কথা বলছে। তবে, বলতে দ্বিধা নেই সেদিন মাঠে মেসিকে দেখতে আরও অনেক মানুষ তাঁর পাশে পাশে হাঁটছিলেন। তাঁরা কোথা থেকে এলেন? এই ঘটনার তীব্র নিন্দা করছে সাধারণ থেকে সেলেব সবাই।

ফেডারেশন সভাপতি স্বরূপের বক্তব্য (ইটিভি ভারত)

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, "সেদিনের ঘটনা অনভিপ্রেত। আয়োজককে আরও বেশি যত্নশীল হতে হত। তিনি প্রোগ্রামটা সরকার কিংবা পুলিশের হাতে অর্গানাইজ করার জন্য ছেড়ে দিতেন ভালো হত।" তিনি আরও বলেন, "আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি সবটা নিজের হাতে রেখেছিলেন। কীভাবে কী করবেন সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন ভালো হত।।এর আগে এই মাঠেই আমরা ডার্বি ম্যাচ করিয়েছি। আমার মনে হয় বাংলায় সবথেকে উত্তেজনার ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানে ডার্বি ম্যাচ। আমরা যদি ওটা ভালোভাবে করতে পারি তা হলে এটাও হত। যেটা গতকাল ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কারা সেলফি তুলেছে কী করেছে তা নিয়ে আমি কোনও কথা বলতে পারব না।।আমি ছিলাম না। কেন অনুমতি দেওয়া হল আমজনতার ওখানে গিয়ে ছবি তোলার?"

এই প্রসঙ্গে অরূপ বিশ্বাসের ছবি তোলার কথা বললে তিনি বলেন, "উনি তো ক্রীড়ামন্ত্রী। ওনার ওখানে থাকারই কথা একইভাবে মুখ্যমন্ত্রীরও থাকার কথা ওখানে। ওনারা মাঠে সেদিন না থাকলে আপনারাই বলতেন কেন ওনারা নেই?" এই ঘটনায় যথেষ্ট মর্মাহত দেব। বলেন, "অনভিপ্রেত ঘটনা। এ তো শুধু কলকাতার অপমান না এটা দেশের অপমান। এখানে কত ভালো ভালো অনুষ্ঠান হয়, কত খেলা হয় এবং কত সুন্দর করে তার আয়োজন হয়। সেখানে সেদিন এই ঘটনা লজ্জার। এখন চেষ্টা করতে হবে কীভাবে আমাদের হৃত সম্মান ফিরিয়ে আনা যায়।"

তিনি আরও বলে, "বাংলার মানুষের জন্য একটা দাগ হয়ে রইল ৷ আমরা আর্টপ্রেমী মানুষ ৷ এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয় ৷ বড় বড় গায়করা আসেন ৷ অরিজিৎ সিং-ও এখানে এসে অনুষ্ঠান করে গিয়েছেন ৷ হাজার হাজার মানুষ আসেন সেই শো দেখতে ৷ মেসির কলকাতা সফরে অনভিপ্রেত ঘটনা বাংলার ইমেজ নষ্ট করেছে ৷ আমার যা দেখে কষ্ট হয়েছে ৷ বাংলা যেটা করতে পারেনি, সেটা অন্য রাজ্য করে দেখালো ৷ সেটা অবশ্যই কষ্ট দিচ্ছে ৷ উই উইল কাম ব্যাক ৷"

Last Updated : December 15, 2025 at 6:57 PM IST