উত্তম কুমারের নায়িকা পেয়েছেন প্রেমে ধাক্কা ! জানেন কার জন্য আজীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন প্রয়াত সুলক্ষণা পণ্ডিত ?
বিনোদন ইন্ডাস্ট্রিতে সিনেমা ও গান দুটো ক্ষেত্রেই হয়েছেন সমানভাবে সফল ৷ কিন্তু প্রেমজীবনে পেয়েছেন ধাক্কা ৷ প্রখ্য়াত অভিনেতা প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রীর বিয়ের প্রস্তাব ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 7, 2025 at 11:02 AM IST
|Updated : November 7, 2025 at 11:07 AM IST
হায়দরাবাদ, 7 নভেম্বর: 1971 সালে প্রথম গানের সুযোগ পেয়েছেন কিশোর কুমারের বিপরীতে আবার 1975 সালে বড়পর্দায় প্রথম ব্রেক পেয়েছেন সঞ্জীব কাপুরের বিপরীতে ৷ সিনেমা জগতে দুজনেই বড় মহারথী ৷ এছাড়া ঋষি কাপুর, বিনোদ খান্না থেকে শুরু করে রাজেশ খান্না, জীতেন্দ্র, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা বিটাউনের বড় বড় তারকাদের অভিনেত্রী হয়েছেন সুন্দরী সুলক্ষণা পণ্ডিত (Sulakshana Pandit) ৷ বিনোদন ইন্ডাস্ট্রিতে সিনেমা ও গান দুটো ক্ষেত্রেই হয়েছেন সমানভাবে সফল ৷ বৃহস্পতিবার থেমেছে জীবনের গাড়ি ৷ 71 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলক্ষণা পণ্ডিত ৷ তিনি অভিনেত্রী বিজয়তা পণ্ডিত এবং সঙ্গীত রচয়িতা যতীন ললিতের বোন।
একনজরে ফিরে দেখা সুলক্ষণা পণ্ডিতের ফিল্মি জার্নি
শিল্পীর জন্ম 1954 সালে হরিয়ানার হিসার (বর্তমানে ফতেহাবাদ) জেলার পিলিমান্দোরি গ্রামে ৷ এক সঙ্গীত পরিবারে তিনি বড় হয়েছেন ৷ বিখ্যাত ধ্রুপদী কণ্ঠশিল্পী এবং কিংবদন্তি পণ্ডিত জসরাজ ছিলেন তাঁর কাকা। রাজগড়ের প্রাক্তন সাংসদ এবং জনসংঘ নেতা বসন্ত কুমার পণ্ডিতও ছিলেন তাঁর কাকা। তিনি নয় বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন। তাঁর তিন ভাই (মন্ধীর, যতীন এবং ললিত পণ্ডিত) এবং তিন বোন (মায়া অ্যান্ডারসন, সন্ধ্যা সিং এবং বিজয়তা পণ্ডিত) ছিল। তার বাবা প্রতাপ নারায়ণ পণ্ডিত ছিলেন একজন দক্ষ ধ্রুপদী কণ্ঠশিল্পী।
1971 সালে দূর কা রাহি সিনেমায় কিশোর কুমারের সঙ্গে তিনি গলা মেলান প্রথমবার ৷ গানের নাম বেকারার এ দিল তু গায়ে যা ৷ এরপর 1975 সালে 'চলতে চলতে', 'উলঝন', 'সংকল্প', 'শঙ্কর বাবু'-র মতো সিনেমায় বাপ্পি লাহিড়ী, শৈলেন্দ্র সিংয়ের মতো শিল্পীদের সঙ্গে গান করে খ্যাতি পেতে থাকেন ৷
অন্যদিকে সেই বছরই তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে ৷ সুলক্ষণা 1975 সালে সঞ্জীব কুমারের সঙ্গে 'উলঝান' সিনেমায় অভিনয় করেন ৷ সেই বছরই ঋষি কাপুরের বিপরীতে তাঁকে দেখা যায় রাজা সিনেমায় ৷ একে একে গানের পাশাপাশি বাড়তে থাকে সিনেমার তালিকাও ৷ 'সঙ্কোচ', 'হেরা ফেরি', 'খান্দান' এবং 'ধর্ম কান্ত', 'রাজ', 'অমর শক্তি', 'দো ওয়াক্ত কি রোটি'-র মতো সিনেমায় কাজ করেন।
উত্তম কুমারের সঙ্গে অভিনয়
মহানায়ক উত্তম কুমার হিন্দি সিনেমায় কাজ করেছেন সকলের জানা ৷ আবার বেশ কিছু সিনেমা রয়েছে যেখানে উত্তম কুমারের সিনেমা বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে হিন্দি ভাষাতেও ৷ অমানুষ, আনন্দ আশ্রম ছাড়াও ছিল আলো সরকার পরিচালিত সিনেমা বন্দী ৷ এই সিনেমায় উত্তমকে দ্বৈত চরিত্রে দেখা যায় ৷ মহানায়কের বিপরীতে দেখা যায় সুলক্ষণা পণ্ডিতকে ৷ এই সিনেমা বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই মুক্তি পেয়েছিল 1978 সালে ৷ 10 মার্চ হিন্দি ভার্সন মুক্তি পায় আর 14 এপ্রিল মুক্তি পায় বাংলা ভার্সন ৷ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন শ্যামল মিত্র ৷
শিল্পীর পূর্ণতা পায়নি ভালোবাসা
শোনা যায়, তিনি ভালোবেসে অভিনেতা সঞ্জীব কাপুরকে (Sanjeev Kumar) বিয়ের প্রস্তার দিয়েছিলেন ৷ কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি অভিনেতা ৷ যে কারণেই নাকি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুলক্ষণা পণ্ডিত ৷ বিনোদন ইন্ডাস্ট্রিতে নাম-যশ-খ্যাতি পেলেও অভিনেত্রীর ভালোবাসা রয়ে গিয়েছিল অধরা ৷ আজ স্বনামধন্য শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত ও সিনেমা জগতে ৷

