মধ্যপ্রাচ্যে অশান্তির আবহে ইউভানকে নিয়ে দুবাইতে আটকে শুভশ্রী ! কেমন আছেন, জানালেন রাজ
ইউভানের স্কুলে ছুটি রয়েছে ৷ তাই তাঁকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

By ETV Bharat Entertainment Team
Published : March 1, 2026 at 2:12 PM IST
কলকাতা, 1 মার্চ: ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা এবং ইজরায়েল । মার্কিন-ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ৷ ওদিকে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত । একইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান । সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি । সংঘাতের ফলে একাধিক দেশ নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে বিঘ্নিত বিমান পরিষেবা । এহেন পরিস্থিতিতেই দুবাইতে বেড়াতে গিয়ে পুত্র ইউভানকে নিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।
কেমন আছেন তাঁরা, চিন্তায় অনুরাগীরা ৷ স্ত্রী-পুত্রের খবর জানালেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "ওরা নিরাপদেই আছে । কোনও অসুবিধা নেই । ওখানকার সরকারের নির্দেশমতো ওরা হোটেলের মধ্যেই আছে । আশা করছি, সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ।"
রাজ-শুভশ্রীর বড় সন্তান ইউভান ৷ পাঁচ বছরের ইউভানের স্কুলে এখন ছুটি চলছে । তাই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে দুবাইতে বেড়াতে গিয়েছেন শুভশ্রী । সেদিন বিমানবন্দরে পা রাখার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় উড়ান পরিষেবা । তবে, ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে । সেখানেই এখন ছেলেকে নিয়ে রয়েছেন তিনি ।
উল্লেখ্য, দুবাইতে রাজ এবং শুভশ্রীর কিছু বন্ধুবান্ধব রয়েছেন । তাঁরা ইউভান, শুভশ্রীর খেয়াল রাখছেন । এছাড়া রাজও এখান থেকে নিয়মিত যোগাযোগ রাখছেন স্ত্রী ও পুত্রের সঙ্গে । কন্যা ইয়ালিনি রাজের সঙ্গেই রয়েছেন কলকাতায় । স্ত্রী-পুত্রকে ভিন দেশ থেকে ফেরানোর জন্য এখনও কোনও সরকারি সহায়তার কথা ভাবেননি পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী । তিনি আশাবাদী ইউভান এবং শুভশ্রী নিরাপদেই থাকবেন এবং তাঁরা নিরাপদেই বাড়ি ফিরে আসবেন । তিনি এও আশাবাদী যে, পৃথিবী শান্ত হবে খুব তাড়াতাড়ি ।
প্রসঙ্গত, যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রথম প্রযোজনায় আসছে বাংলা ছবি 'অভিমান' । ত্রিকোণ প্রেমের গল্পে শুভশ্রী রয়েছেন নায়িকার ভূমিকায় । ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে । 5 মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা । এর মাঝেই শুভশ্রী আটকে পড়লেন বিদেশ বিভুঁইয়ে । অভিনেত্রীর ফিরতে বিলম্ব হলে কি তাঁকে ছাড়াই প্রাথমিকভাবে শুটিং শুরু হবে নাকি অপেক্ষা করা হবে, জানতে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া মেলেনি । এই ব্যাপারে পরবর্তীতে তিনি কিছু জানালে সেই খবর জানাবে ইটিভি ভারত ।

