ETV Bharat / entertainment

'ফেডারেশন উৎকর্ষ সম্মান' অনুষ্ঠানে ব্রাত্য শ্রীলেখা ! কী বললেন অভিনেত্রী ?

টেকনিশিয়ানদের জন্য বিশেষ এই উদ্যোগে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত থাকলেও দেখা মেলেনি শ্রীলেখা মিত্রর ৷

sreelekha-mitra-reacts-on-federation-of-cine-technicians-and-workers-of-eastern-indias-utkarsh-samman
কী বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ? (ইটিভি ভারত/স্পেশাল অ্যারেঞ্জমেন্ট)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 15, 2025 at 1:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 ডিসেম্বর: ফেডারেশনের উদ্যোগ 'ফেডারেশন উৎকর্ষ সম্মান' অনুষ্ঠানে রবি সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, টোটা রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়-সহ বাংলা বিনোদন দুনিয়ার বহু তাবড় মানুষ হাজির ছিলেন এই দিন। বিশেষ দিনে সম্মানিত করা হল সেই সব মানুষদের, যাঁরা দীর্ঘ সময় ধরে পর্দায় আড়ালে থেকে নীরবে কাজ করে গিয়েছেন বিনোদন ইন্ডাস্ট্রিতে ৷ টেকনিশিয়ানদের জন্য বিশেষ এই উদ্যোগে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত থাকলেও দেখা মেলেনি শ্রীলেখা মিত্রর ৷

বিগত কয়েকমাস ধরে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব আজ মিটেছে ৷ ফের একবার এক ছাদের তলায় ইন্ডাস্ট্রির সকলে পরিবারের মতো একে অপরের পাশে থাকার বার্তা দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে শ্রীলেখা কেন ব্রাত্য হলেন তা জানতে ইটিভি ভারত যোগাযোগ করে অভিনেত্রীর সঙ্গে ৷ তিনি বলেন, "আমাকে এর কোনওকিছু জানানোই হয় না। এমন মনে হয় আমার যেন কোনও অস্তিত্বই নেই। মনে হয় যেন শ্রীলেখা মিত্র বলে কেউ ছিলই না। কোনও কিছুতে আমাকে ডাকা হয় না, কোনও নিমন্ত্রণ আমি পাই না।"

তাঁর কথায়, "এই সরকার তো 'তৃণমূলের সরকার', রাজ্যের সরকার কোথায়? যারা এই তৃণমূল সরকারের চাটুকারিতা না করে তাঁদের কোনও কিছুতেই ডাকা হয় না। তাঁরা নেই। তাঁরা ভ্যানিস। তাঁরা সিনিয়র নাকি জুনিয়র, ক'বছর কাজ করেছে কিছুই দেখা হয় না। তবে, এখানেও প্রশ্ন, তাঁরা বলতে ক'জন? অনেকেই দু'দিকে পা দিয়ে চলেন। আমি তো তাঁদের দলে নই। আমি এক রকম কথাই বলি। তাই আমি ব্রাত্য।"

এই প্রসঙ্গেই উঠে আসে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ ৷ যেখানে আন্তার্জাতিক মানের ফুটবল তারকা মেসিকে কেন্দ্র করে যে পরিস্থতি নজর কাড়ল, তাতে সম্মান নষ্ট হল বাংলার ৷ শ্রীলেখা বলেন, "এই সরকার যে শুধুমাত্র তৃণমূলেরই সরকার তা আরও একবার প্রমাণিত হল মেসিকে ঘিরে সাম্প্রতিক ঘটনায়। ফেডারেশনের উদ্যোগে যে টেকনিশিয়ানদের সম্মান জানানো হল তাতে আমি খুশি। তাঁদের সামনে থেকে শুভেচ্ছা জানাতে পারলে ভালো লাগত। কিন্তু ইনভাইট না করলে যাব কীভাবে?"