ETV Bharat / entertainment

'সবকিছুর একটা শেষ আছে'- সোশাল মিডিয়ায় বডি শেমিং ! পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ শ্রাবন্তী

ইটিভি ভারতকে অভিনেত্রী জানান, "বাক স্বাধীনতা আছে বলে তো উশৃংখলতা মেনে নেওয়া যায় না। তাই আমি প্রতিবাদ করেছি।"

srabanti-chatterjee-complaint-to-kolkata-police-cyber-department-after-body-shaming-trolls
সোশাল মিডিয়ায় বডি শেমিং ! পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ শ্রাবন্তী (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 27, 2026 at 3:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: সমাজমাধ্যমে লাগাতার কুমন্তব্য ও কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে এবার সরব টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিযোগ, চেহারা নিয়ে অশালীন মন্তব্য ও ট্রোলিংয়ের ফলে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী নিজেই। জানা গিয়েছে, শুক্রবার সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত লিখিত অভিযোগ জানান অভিনেত্রী।
এই বিষয়ে কলকাতা পুলিশের সাইবার সেলের দায়িত্বে থাকা এক পদস্থ আধিকারিক বলেন, "আমরা ইমেল থেকে একটা অভিযোগ পেয়েছি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছি"। সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজ়ের শুটিং শেষ করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে ঠাকুরমার চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে প্রায় 10 কেজি ওজন বাড়াতে হয়েছিল শ্রাবন্তীকে। তারমধ্যেই একটি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই নেটপাড়ায় শুরু হয় সমালোচনা ৷

ইটিভি ভারতকে শ্রাবন্তী বলেন, "কিছুদিন আগে একটা চ্যানেলে আমি একটা পারফর্ম করেছিলাম। তারপর থেকেই সোশাল মিডিয়ায় আমাকে নানা ভাবে ট্রল, মিম করা শুরু হয়। চুপ ছিলাম অনেকদিন। পাত্তা দিচ্ছিলাম না। তবে, সবকিছুর একটা শেষ আছে। বাক স্বাধীনতা আছে বলে তো উশৃংখলতাটা মেনে নেওয়া যায় না। তাই আমি প্রতিবাদ করেছি। এটা দরকার ছিল। আর মেনে নেওয়া যায় না।"

তিনি আরও বলেন, "শুধু আমি তো নয়, আমার পেশার মানুষ থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটরদেরও নানাভাবে বডিশেমিং করা হচ্ছে। এর প্রতিবাদ দরকার। আমি আমার আসন্ন ওয়েব সিরিজ 'ঠাকুরমার ঝুলি'র জন্য 10 কেজি ওজন পুট অন করেছিলাম। সেই সময়েই একটা চ্যানেলের শো'তে আমি পারফর্ম করি। আর তার পর থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয় আমাকে নিয়ে কাঁটাছেড়া। তাই প্রতিবাদ করলাম।"

তাঁর কথায়, দিনের পর দিন সমাজমাধ্যমে নোংরা মন্তব্য কুরুচিকর জায়গায় পৌঁছাচ্ছে ৷ এমন সব মন্তব্য করা হচ্ছে, যা মানসিকভাবে যে কাউকে বিপর্যস্ত করতে পারে ৷ অনেকেই না জেনেই তাঁর চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন বলে আক্ষেপও প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, চরিত্রের বিশ্বাসযোগ্যতার স্বার্থেই এই শারীরিক পরিবর্তন। ঠাকুরমার চরিত্রে অভিনয় করতে গেলে সেই অনুযায়ী প্রস্তুতি নিতেই হয়। শুটিং শেষ হওয়ায় এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী। তবে একই সঙ্গে সমাজমাধ্যমে দায়িত্বশীল আচরণের আবেদনও জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷