ETV Bharat / entertainment

শোলে'র 50 বছর পূর্তিতে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু'র ভূমিকায় সিধু-পটা

1975 সালের 15 অগস্ট মুক্তি পেয়েছিল 'শোলে' ৷ জয়-বীরু'র ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র ৷

Sholay
জয়-বীরু'র ভূমিকায় সিধু-পটা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 2, 2026 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: গত বছর 50 বছর পূর্ণ করেছে শোলে ৷ দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে সেরাম গ্রুপের নিবেদনে প্রকাশ পেল 'শোলে 50' বিশেষ ক্যালেন্ডার । চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে । শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাসের সিধু-পটা জুটি ।

ক্যাকটাসের পথ চলাও 30 বছর অতিক্রম করেছে । এদিন সাইডকার ওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন সেই আইকনিক গান 'ইয়ে দোস্তি' । পরে এক ঘরোয়া আলোচনায় সিধু-পটা দু'জনেই স্মৃতির পথে হেঁটে শোলে নিয়ে তাঁদের ভালোলাগার কথা জানান । উপস্থিত সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জিব আচার্য্য বলেন, "শোলে নিয়ে আজও আমাদের সকলের মধ্যেই একটা ভালোলাগা কাজ করে । সেরাম গ্রুপ সবসময় সুস্থ রুচি, সংস্কৃতির পৃষ্ঠপোষক । " সিধু-পটা বলেন, "আমাদের এইরকমভাবে জয়-বীরু'র ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠানে যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের, ভালো লাগার ।"

Sholay
শোলে'র 50 বছর পূর্তিতে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ (নিজস্ব ছবি)

সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, "প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে । এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় আছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি । ছবির সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টিকিট, রেকর্ড কভার, মেকিং এর সময়কার নানা মুহূর্ত, ছবি হলে চলার সময়ের লোকারণ্য, হলের সামনের নানা দৃশ্য, পাউডার কেস, দেশলাই বাক্স, ছবির পোস্টার, বুকলেট, লবি কার্ড আরও অনেক কিছু । সব মিলিয়ে সংগ্রহ করার মতো এই ক্যালেন্ডার ।"

উল্লেখ্য, 1975 সালের 15 অগস্ট মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী হিন্দি ছবি 'শোলে' ৷ সেলিম-জাভেদ জুটির এক অনবদ্য চিত্রনাট্য ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক সৃষ্টি করে । ছবির আইকনিক জুটি জয়-বীরু ৷ যেখানে জয়ের ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে এবং বীরুর ভূমিকায় অভিনয় করেন ধর্মেন্দ্র ৷

Sholay
ক্যাকটাসের সিধু-পটার হাতে ক্যালেন্ডার প্রকাশ (নিজস্ব ছবি)

সাতের দশকে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল শোলে, যা 5 বছর অর্থাৎ 2000 দিন ধরে প্রেক্ষাগৃহে চলেছিল । শোলে খুবই কম মাত্র 3 কোটির বাজেটে তৈরি হয় ৷ অথচ মুক্তির পর এই সিনেমার ঝুলিতে আসে বাজেটের 10 গুণেরও বেশি 35 কোটি টাকা ৷ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এই ছবি । এখনও ভারতীয় বিনোদন জগতের বিশেষ সিনেমা 'শোলে' ৷ 2025 সালের স্বাধীনতা দিবসে 50 বছর পূর্ণ করেছে ছবিটি ৷ যার উদযাপন এখনও চলছে ৷