ETV Bharat / entertainment

আজ থেকে টিভির পর্দায় 'বিগ বস বাংলা', চ্যালেঞ্জটা ঠিক কোথায়

দীর্ঘ 10 বছর পর বাংলার টেলিভিশনে ফিরছে 'বিগ বস বাংলা'। সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Bigg Boss Bangla Season 3
আজ থেকে টিভির পর্দায় 'বিগ বস বাংলা' (চিত্র: প্রযোজনা সংস্থা)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 30, 2026 at 3:09 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: আজ থেকে টিভির পর্দায় 'বিগ বস বাংলা' সিজন থ্রি । 2013 সালের 17 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ইটিভি বাংলায় প্রথম সম্প্রচার হয় 'বিগ বস সিজন 1'। এরপর অন্য চ্যানেলে বাংলায় দ্বিতীয় সিজন আসে 2016 সালের চার এপ্রিল । চলেছিল সে বছর 15 জুলাই পর্যন্ত । আর এবার একেবারে পৃথক একটি চ্যানেলে আসছে সিজন থ্রি ।

দীর্ঘ 10 বছর পর বাংলার টেলিভিশনে ফিরছে 'বিগ বস বাংলা'। আজ 30 অগস্ট থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো । তার উপর সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায় - ফলে প্রত্যাবর্তনের আগেই দর্শকের কৌতূহল তৈরি হয়েছে যথেষ্ট । কিন্তু প্রশ্ন একটাই - আজকের বাংলা টেলিভিশনের বাজারে 'বিগ বস' কতটা জায়গা তৈরি করতে পারবে ?

কারণ, গত এক দশকে বদলে গিয়েছে দর্শকের রুচি, বদলেছে রিয়্যালিটি শো দেখার ধরনও । 'দাদাগিরি', 'ডান্স বাংলা ডান্স', 'সারেগামাপা'-র মতো শো গুলিও নিজেদের আলাদা দর্শক তৈরি করেছে । বিশেষ করে বাংলা বিনোদন জগতে রিয়্যালিটি শোয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু TRP-র নয়, দর্শকের সময় এবং মনোযোগ ধরে রাখারও । 'ডান্স বাংলা ডান্স'কে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো হিসেবে দীর্ঘদিন ধরেই দেখা হয় । এই জায়গাতেই 'বিগ বস বাংলা'-র সামনে প্রথম বড় চ্যালেঞ্জ - নিজের আলাদা দর্শক তৈরি করা ৷

এ প্রসঙ্গে একটা কথা না-বললেই নয়, 'বিগ বস'-এর সবচেয়ে বড় শক্তি তার ফরম্যাট । প্রতিযোগিতা, সম্পর্ক, বন্ধুত্ব, মতবিরোধ, জোট, ব্যক্তিত্বের সংঘাত - একটি ঘরের মধ্যে প্রতিযোগীদের দৈনন্দিন জীবনই হয়ে ওঠে মূল কনটেন্ট । ফলে দর্শক শুধু প্রতিযোগিতা দেখেন না, প্রতিযোগীদের ব্যক্তিত্ব এবং পারস্পরিক সমীকরণের সঙ্গেও জড়িয়ে পড়েন ।

কিন্তু এই ফরম্যাটই আবার বড় চ্যালেঞ্জ । কারণ বাংলা দর্শক কি প্রতিদিনের বিনোদনে শুধুই ঝামেলা, বিতর্ক এবং সম্পর্কের টানাপোড়েন দেখতে চাইবেন ? নাকি প্রতিযোগিতা, আবেগ, হাসি এবং পারফরম্যান্সের মতো বিষয়গুলিরও সমান গুরুত্ব চাইবেন ? 'বিগ বস বাংলা'-র সাফল্য অনেকটাই নির্ভর করবে এই ভারসাম্যের উপর ।

প্রশ্ন আরও একটা থেকেই যায়, বিতর্কই কি হবে এই শো-এর টিআরপি-র হাতিয়ার ? 'বিগ বস'-এর সঙ্গে 'বিতর্ক' শব্দটি বরাবরই ওতপ্রোতভাবে জড়িত । ঘরের ভিতরের মতবিরোধ, প্রতিযোগীদের মধ্যে সংঘাত, সম্পর্কের পরিবর্তন কিংবা কোনও মন্তব্য ঘিরে আলোচনা - এসবই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে । তবে বাংলার সংস্করণে শুধু বিতর্ক দিয়ে দীর্ঘদিন দর্শক ধরে রাখা কতটা সম্ভব, সেটাই বড় প্রশ্ন । দর্শকের আগ্রহ তৈরি করতে বিতর্ক হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে । কিন্তু তার পাশাপাশি প্রতিযোগীদের ব্যক্তিত্ব, টাস্ক, গল্প এবং বিনোদনের উপাদানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ।

বাংলায় 'বিগ বস'-এর প্রথম সিজন এসেছিল 2013 সালে, সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী । দ্বিতীয় সিজন আসে 2016 সালে, সঞ্চালনায় ছিলেন জিৎ । তার পর দীর্ঘ বিরতি । এবার তৃতীয় সিজনে নতুন চ্যানেল, নতুন প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বড় চমক - সৌরভ গঙ্গোপাধ্যায় । 'দাদাগিরি'-র দীর্ঘদিনের পরিচিত মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের রিয়্যালিটি শোয়ের সঞ্চালক । ফলে তাঁর ব্যক্তিত্বই 'বিগ বস বাংলা'-র অন্যতম বড় ইউএসপি ।

তবে 'দাদাগিরি'-র সঞ্চালক হিসেবে সৌরভের যে ইমেজ, 'বিগ বস'-এর ক্ষেত্রে তিনি তা কতটা এবং কীভাবে ধরে রাখবেন সেদিক মানুষের নজর থাকবে । এখানে তাঁকে শুধু সঞ্চালক নয়, ঘরের বিভিন্ন পরিস্থিতির পর্যবেক্ষক এবং প্রয়োজনে কঠিন প্রশ্নও করতে হতে পারে । 'বিগ বস বাংলা'-র সামনে তাই লড়াইটা শুধু অন্য রিয়্যালিটি শোয়ের সঙ্গে নয় । লড়াইটা দর্শকের অভ্যাসের সঙ্গেও ।

10 বছর পর ফিরে এসে শোটি কি পুরনো দর্শককে ফিরিয়ে আনতে পারবে ? নতুন প্রজন্মের দর্শককে আকৃষ্ট করতে পারবে ? বিতর্কের পাশাপাশি কি তৈরি করতে পারবে পর্যাপ্ত বিনোদন ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ - প্রথম কয়েক সপ্তাহের কৌতূহলকে কি দীর্ঘমেয়াদি দর্শক-আগ্রহে পরিণত করা সম্ভব হবে ? এই প্রশ্নগুলির উত্তরই ঠিক করবে, 'বিগ বস বাংলা'-র প্রত্যাবর্তন শুধুই বহু প্রতীক্ষিত কামব্যাক হয়ে থাকবে, নাকি বাংলা রিয়্যালিটি শোয়ের বাজারে নতুন করে টিআরপি'র সমীকরণ বদলে দেবে ।

প্রসঙ্গত, শুধু বিনোদন জগতের তারকারাই নন, এবারের শোয়ে কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী এবং ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও থাকতে পারেন বলে খবর । উদ্বোধনী পর্ব নিয়েও রয়েছে বিশেষ চমক । ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন আজ । সৌরভকে আলিঙ্গন করেই শুভেচ্ছা জানাবেন তিনি । ফুটবলার দীপেন্দু বিশ্বাসের নামও অতিথি তালিকায় শোনা যাচ্ছে । যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি । তাই ইটিভি ভারত এই ব্যাপারে আগ্রহ দেখায়নি । আজ রাত আটটায় এবং আগামিকাল থেকে রাত সাড়ে ন'টায় চোখ রাখুন টিভির পর্দায় ।