শীতের সন্ধ্যায় ধুন্ধুমার নাচে ভালোবাসার ওম ছড়ালেন সোহম-বনি-স্বস্তিকা
আগামী বছর 23 জানুয়ারি মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।

By ETV Bharat Entertainment Team
Published : December 12, 2025 at 5:06 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: সম্প্রতি মুক্তি পেয়েছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির প্রথম গান 'তুমি কে'। আগামী বছর 23 জানুয়ারি মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। বৃহস্পতিবারের সন্ধ্যায় লেডি ব্রেবোর্ন কলেজে হাজির ছিলেন এই ছবির কুশীলবেরা। মঞ্চ মাতান বনি সেনগুপ্ত, সোহম মজুমদার এবং স্বস্তিকা দত্ত। 'তুমি কে' গানের সঙ্গে ধুন্ধুমার নাচে দর্শকের মন জয় করে নেন তাঁরা।
সোহম ইটিভি ভারতকে জানিয়েছেন, "উইন্ডোজ এবং অরিত্রর সঙ্গে আবার কাজ করার পর আবার পরিবারে ফিরেছি মনে হয়েছিল। মিমির অভিনয় দেখে বড় হওয়া, এবার তাঁর সঙ্গে কাজও করতে পারলাম সব নিয়েই বেশ খুশি থাকার মতো একটা ব্যাপার। এ ছাড়াও বনি, স্বস্তিকা সবাই দারুণ। যেদিন এই গানের শুটটা হয় সেদিন আমার গায়ে জ্বর ছিল। কিন্তু কাজটা ভালো হয়েছে, এতে এমন কিছু স্পেশাল এলিমেন্ট আছে যা দর্শকের মন ভরাবে।"
বনি সেনগুপ্ত বলেন, "উইন্ডোজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি শুরু থেকেই জানতাম এই গানটাও ভালো হবে। মানুষের মন জয় করবে। অরিত্রর দৃষ্টিভঙ্গি এবং ম্যাগির কোরিওগ্রাফি আমাকে আমার সেরাটা দিতে প্রেরণা জুগিয়েছিল।"
এদিনের অনুষ্ঠানে সোহমের পরনে কালো সিল্কের শার্ট এবং ট্রাউজার। স্বস্তিকাও এদিন কালো পোশাকে মোহময়ী। বনির পরনে বেগুনি শার্ট এবং ট্রাউজার। প্রত্যেকেই এদিন চোখ ঢেকেছিলেন কালো চশমায়। উইন্ডোজ প্রোডাকশন এই প্রথম নিয়ে আসছে হরর-কমেডি। ছবিটি তৈরি হয়েছে জিনিয়া সেনের গল্প এবং জিনিয়া সেন এবং গোধুলি শর্মার চিত্রনাট্য এবং সংলাপ সম্বল করে। অনুপম রায়ের সুর এবং লেখায় সৃজিতা মিত্রের সঙ্গে অনুপম রায় গেয়েছেন গানটি ।

