Grammy Award নমিনেশনে অনুষ্কা শঙ্কর-শঙ্কর মহাদেবন, কবে হবে অনুষ্ঠান ?
গ্র্যামি নমিনেশনে জায়গা করে নিয়েছেন সেতার বাদক অনুষ্কা শঙ্কর ও শঙ্কর মহাদেবন ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 8, 2025 at 2:51 PM IST
হায়দরাবাদ, 8 নভেম্বর: প্রকাশ্যে এসেছে 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছেন কারা ৷ সেই তালিকায় কেন্ড্রিক লামার এবং লেডি গাগার মতো বিশ্বসেরা তারকারা যথাক্রমে নয়টি এবং সাতটি মনোনয়ন পেয়েছেন ৷ আন্তর্জাতিক সঙ্গীত জগতের সবচেয়ে বড় পুরস্কারের জন্য অপেক্ষায় থাকেন সঙ্গীতপ্রেমীরা ৷ সেই কাউন্টডাউন অবশেষে শুরু হয়ে গেল ৷ গায়ক-গীতিকার জ্যাক অ্যান্টোনফ এবং কানাডিয়ান প্রযোজক এবং গীতিকার সার্কুটও সাতটি মনোনয়ন পেয়েছেন।
ভারত থেকেও এবার গ্র্যামির মনোনয়নে রয়েছেন দুই শঙ্কর ৷ অনুষ্কা শঙ্কর ও শঙ্কর মহাদেবন ৷ অনুষ্কা এই বছর দুটি মনোনয়ন পেয়েছেন। ‘চ্যাপ্টার 3: উই রিটার্ন টু লাইট’ অ্যালবামের জন্য তিনি ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। এই অ্যালবামে তাঁর পাশাপাশি মনোনীত হয়েছেন আলম খান এবং সারাথি কোরওয়ার। এছাড়াও, অনুষ্কা ‘ডে-ব্রেক’ পারফরম্যান্সের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
অন্যদিকে, শঙ্কর মহাদেবনও এই বছর দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার ফিউশন গ্রুপ ‘শক্তি’ ‘মাইন্ড এক্সপ্লোশন (৫০তম বার্ষিকী ট্যুর লাইভ)’ অ্যালবামের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ এবং ‘শেরনি’স ড্রিম (লাইভ)’ পারফরম্যান্সের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’-এ মনোনীত হয়েছে।
1984 সালে আনুষকা শঙ্করের বাবা পণ্ডিত রবি শংকর এবং তাঁর তৎকালীন শ্যালক এবং বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আলি আকবর খানের গ্র্যামি মনোনয়ন পেয়েছিলেন ৷ পাশাপাশি, অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত শিল্পীরা যারা 2026-এর গ্র্যামিতে মনোনীত হয়েছেন তাঁদের মধ্যে আছেন সিদ্ধান্ত ভাটিয়া ৷ তাঁর অ্যালবাম সাউন্ডস অফ কুম্ভ (বেদম রেকর্ডস) উত্তর প্রদেশ সরকারের সাংস্কৃতিক উদ্যোগ হিসাবে সামনে আসে ৷
2026 সালের গ্র্যামি তালিকায় আকর্ষণীয় নামগুলির মধ্যে রয়েছে মাদুরাইতে জন্মগ্রহণকারী, নিউ ইয়র্ক-ভিত্তিক জ্যাজ পিয়ানোবাদক চারু সুরি ৷ যিনি ভারতীয় ধ্রুপদী রাগের সঙ্গে জ্যাজ ইম্প্রোভাইজেশন মিশ্রিত করেন। তিনি তার অ্যালবাম 'শায়ান' (ঘুম)- এর জন্য মনোনীত হয়েছেন ৷ গ্র্যামি পুরস্কার 2026 সালের 1 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের Crypto.com এরিনায় অনুষ্ঠিত হবে। এর আগে, গত শুক্রবার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে ।

