বিবাহিত জাভেদ আখতারের কোনও গুণে মুগ্ধ শাবানা প্রেমে পড়েছিলেন ? অকপট অভিনেত্রী
শাবানা আজমি এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁদের এই দীর্ঘ সম্পর্কের মূল ভিত্তি হল গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একই ধরনের সামাজিক ও রাজনৈতিকাদর্শ।

By ETV Bharat Entertainment Team
Published : August 29, 2026 at 12:48 PM IST
হায়দরাবাদ, 29 অগস্ট: বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi) ও জাভেদ আখতারের (Javed Akhtar) দাম্পত্য জীবনের বয়স এখন চার দশকেরও বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাবানা, প্রখ্যাত লেখক ও গীতিকারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, কোন বিষয়টা দেখে তিনি জাভেদ আখতারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাঁকে ভালোবেসেছিলেন ৷ পাশাপাশি, জাভেদের প্রাক্তন স্ত্রী হানি ইরানির সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়েও খোলামেলা কথা বলেন শাবানা ৷
স্বামী জাভেদ আখতারের সঙ্গে শাবানা আজমির ভালোবাসা
শাবানা জানান যে, জাভেদের রসবোধ ও বুদ্ধিমত্তার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। জাভেদকে তাঁর দেখা অন্যতম মেধাবী মানুষ হিসেবে অভিহিত করে শাবানা বলেন, লেখক এবং তাঁর বাবার মধ্যে অনেক মিল ছিল ৷ জাভেদকে জানার মধ্য দিয়ে তিনি যেন নিজের বাবাকেই নতুন করে খুঁজে পেয়েছিলেন ৷ তিনি জানান, তাঁদের পারিবারিক পটভূমি ছিল এক। তাঁদের বাবা-মা ছিলেন প্রগতিশীল লেখক এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। তাঁরা উর্দু কবিতা ভালোবাসতেন। অনেকেই মনে করতেন যে তাঁদের বিয়েটা হয়তো পারিবারিকভাবে ঠিক করা।
শাবানা আজমির কথায়, "জাভেদ আর আমার মধ্যে তুমুল ঝগড়া হয়। আমাদের সম্পর্কটা যে সবসময় খুব মসৃণ বা ঝামেলামুক্ত, তা কিন্তু নয়। তবে আমাদের বন্ধুত্ব অত্যন্ত গভীর এবং জগৎ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিও এক। আমাদের আদর্শগত চিন্তাধারাও অভিন্ন। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া, তিনি এমন একজন মানুষ যিনি যেকোনও পরিবেশে বা যেকোনও মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মিশতে পারেন। মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁর দারুণ দক্ষতা রয়েছে। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন মানুষ, আর তাঁর এই গুণটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি।"
বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং কিংবদন্তি গীতিকার ও লেখক জাভেদ আখতারের বিয়ে হয় 1984 সালের 9 ডিসেম্বর। শাবানা ও জাভেদ যখন একে অপরকে বিয়ে করেন, তখন তাঁদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷ কারণ প্রবীণ এই লেখক ততদিনে লেখিকা হানি ইরানির সঙ্গে বিবাহিত ছিলেন। পরিস্থিতি মোটেও সহজ না হওয়া সত্ত্বেও হানি যেভাবে তা অত্যন্ত পরিপক্বতার সঙ্গে সামলে নিয়েছিলেন, শাবানা তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি হানির সঙ্গে নিজের সম্পর্ককে এমন এক উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন যা দেখায় যে, মানুষ কীভাবে ব্যক্তিগত ক্ষোভ বা আঘাতের ঊর্ধ্বে উঠতে পারে।
শাবানা আজমি এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁদের এই দীর্ঘ সম্পর্কের মূল ভিত্তি হল গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একই ধরনের সামাজিক ও রাজনৈতিকাদর্শ। পরবর্তী সময়ে, জীবনের সব তিক্ততা ভুলে শাবানা আজমি এবং জাভেদের প্রথম স্ত্রী হানি ইরানির মধ্যে অত্যন্ত চমৎকার ও স্বাস্থ্যকর পারিবারিক সম্পর্ক তৈরি হয়।

