ETV Bharat / entertainment

Interview: ম্যাজিস্ট্রেট বউকে ভয় পান 'শ্রী দুর্গা'র অ্যান্টাগনিস্ট জয়

আড্ডায় উঠে আসে অভিনেতার জীবনের বিতর্ক প্রসঙ্গ ৷ জয় মুখোপাধ্যায় জানান, "প্রযোজক হলে আমিও ভাবতাম বিতর্কিত অভিনেতাকে নিয়ে কাজ করব কি না" ৷

sctor-joy-kumar-mukherjee-shares-work-experience-with-aparajita-adhya-in-shree-durga-film
আসছে জয় অভিনীত 'শ্রী দুর্গা' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : October 18, 2025 at 1:34 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 18 অক্টোবর: বিনোদন দুনিয়ায় অভিনেতা জয় মুখোপাধ্যায়ের জার্নি শুরু 2009 সালে রাজা মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'লক্ষ্যভেদ' দিয়ে। এই ছবিতে তাঁর চরিত্রের নামও ছিল জয়। এরপর একে একে 'টার্গেট', 'তিন মূর্তি', 'হ্যাং ওভার', 'লজ্জা', 'শুটার', 'আমি যে কে তোমার'-সহ একাধিক সিনেমাতে অভিনয় করেন তিনি। মোদ্দা কথা, বড় পর্দা দিয়েই জার্নি শুরু তাঁর। এরপর টেলিভিশনেও মুখ্য পুরুষ চরিত্রে দেখা যায় জয় মুখোপাধ্যায়কে। 'চোখের তারা তুই', 'জিয়ন কাঠি', 'বিক্রম বেতাল' ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

এক অপ্রীতিকর কাণ্ডের ফলে 2020 সালে 'জিয়ন কাঠি' ধারাবাহিক থেকে বাদ পড়তে হয় জয়কে। এর পর টানা দু' বছর আর অভিনয়ে পাওয়া যায়নি তাঁকে। এরপর 'বিক্রম বেতাল' ধারাবাহিকে অভিনয় করেন 2022 সালে। এরপরও আবার লম্বা ব্রেক। এবার 2025-এর জগদ্ধাত্রী পুজোতে আসছে জয় অভিনীত বাংলা ছবি 'শ্রী দুর্গা'। এখানে একেবারে অন্য ইমেজে ধরা দেবেন জয়। ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে জয় নিজেই বলেন, "এই চরিত্রটা একেবারে নেগেটিভ। অপা দি প্রোটাগনিস্ট, আর আমি অ্যান্টাগনিস্ট।"

জয় বলেন, "অনেকদিন পর আমি বাংলা ছবিতে ফিরলাম। অপা দি'র সঙ্গে আমি 'চোখের তারা তুই' সিরিয়ালে অভিনয় করেছি। এখানে আবার একসঙ্গে কাজ করতে পেরে পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। অপা দি'র জন্য আমার পারফর্ম করতে সুবিধা হয়েছে। এরকম একজন অভিনেত্রী পাশে থাকলে অন্যদেরও কাজটা করতে অসুবিধা হয় না।" প্রসঙ্গত, একটা সময় জয় মুখোপাধ্যায়কে নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়। প্রথমে প্রাক্তন প্রেমিকা সায়ন্তিকার সঙ্গে বিচ্ছেদ। এরপরে 'জিয়ন কাঠি' ধারাবাহিক চলাকালীন সহ অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের কারণে ধারাবাহিক থেকে বাদ পড়তে হয় তাঁকে।

মুখোমুখি জয় মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে জয় আজ একেবারে অন্য ধরনের মানুষ। এ বছর জানুয়ারি মাসেই জেলা আদালতের বিচারক অলিভিয়া ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। জয় ফিরলেন অভিনয়েও। জয় বলেন, "অনেক সময়েই আমরা কোনও ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি ভুল করে। তা বলে এটা নয় যে সেটাই জীবনের শেষ। ভগবান সবসময় সবাইকে সেকেন্ড চান্স দেয়। যে বিতর্ক আমাকে নিয়ে তৈরি হয়েছিল তা তো আমার কেরিয়ারগ্রাফে একটা ছাপ ফেলেছিলই, এটা বলতে আমার কোনও দ্বিধা নেই। । কাজটা করা ঠিক হবে কি না। আমি ধন্যবাদ জানাই সন্দীপকে। আমাকে ভরসা করে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি আবার বাংলা ছবিতে ব্যাক করতে চাই। খুব ভালো ভালো চরিত্রের খিদে আছে আমার।"

'শ্রী দুর্গা' ছবিতে নিজের চরিত্র নিয়ে খুব বেশি মুখ খুলতে না চাইলেও বলেন, "এরকম চরিত্রে আমাকে এর আগে কেউ কখনও দেখেনি ৷ আমি কখনও নেগেটিভ রোল করিনি। এই প্রথম। এই গল্প একজন নারীর। জীবনে নানা ঝড় ঝাপটা পোহাতে পোহাতে তাঁর যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তাঁর ভিতরে যে দুর্গা আছেন তিনি বেরিয়ে আসেন। সেই গল্পই আছে এই ছবিতে ৷ অপা দি এখানে একেবারে অন্য রকম। আমারও নতুন অভিজ্ঞতা হল এই ছবির মাধ্যমে। এই ছবিতে পরিচালকের ট্রিটমেন্ট অসাধারণ। "

কেন এতদিনের ব্রেক? জয় বলেন, "আমার মনে হয় কোনও অভিনেতা একবার টেলিভিশনে কাজ শুরু করলে সে ছবির পরিচালক, প্রযোজকদের মাথা থেকে এক প্রকার বেরিয়েই যায়। আমার ক্ষেত্রেও বোধহয় সেটাই হয়েছে। আর যদিও বা কোনও কাজ এসেছে সেটা আমার পছন্দ হয়নি। আসলে আমি যেরকম কাজ করতে চাইছিলাম সেরকম কোনও কাজও আসেনি এর মধ্যে। তবে, সন্দীপ আমাকে সেই চান্সটা দিলেন। এমন একটা চরিত্র দিলেন যেটা আমি কখনও করিনি। তাই কিছুটা ভয়েই ছিলাম ৷ তবে, কাজটা করে ভালো লাগল। এভাবে আমি নিজেকে কখনও দেখিনি। আমি কানেক্ট করতে পারছিলাম নিজের সঙ্গে৷ তাই ভাবলাম দর্শকও হয়ত কানেক্ট করতে পারবেন।"

এতদিন পর ফিরে কী পরিবর্তন দেখতে পাচ্ছেন জয়? উত্তরে অভিনেতা বলেন, "2010- এ আমি 'টার্গেট' করি। আজ 2025 । এই 15 বছরে বাংলা ছবির অনেক পরিবর্তন হয়েছে। দর্শকের টেস্ট বদলেছে। ছবি রিলিজ হওয়ার মিডিয়াম বদলেছে। অনেককিছুই বদলে গেছে।" একটা সময়ে বিজেপিতে যোগ দিলেও আজ আর কোনও দলে নেইও বলেও জানান তিনি।

ব্যক্তিগত জীবন এখন কেমন কাটছে জয়ের? অভিনেতা বলেন, "জানুয়ারিতে বিয়ে হয়েছে আমার ৷ গিন্নি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিষ্ণুপুরে পোস্টিং এখন। হ্যাপি হোম ইজ হ্যাপি লাইফ এটা আমি বিশ্বাস করি। সেভাবেই থাকার চেষ্টা করি আমরা। 20 অক্টোবর একটু বাইরে যাচ্ছি বউকে নিয়ে। ছবি মুক্তির আগে ঘুরে আসি। এসে অনেকগুলো কাজ আছে। প্রোমোশন আছে অনেক।" জয় কি ম্যাজিস্ট্রেট বউকে ভয় পান? অভিনেতার সহাস্য উত্তর, "একদম। আমি বউকে ভয় পাই।"