যীশু-সৌরভের প্রযোজনায় প্রথম ছবি 'অভিমান', শুভ মহরতে তারকাহাট
ক্যামেরা, স্ক্রিপ্ট পুজোর পর ছবির নাম ঘোষণা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

By ETV Bharat Entertainment Team
Published : February 26, 2026 at 4:19 PM IST
কলকাতা, 26 ফেব্রুয়ারি: নতুন ভূমিকায় যাত্রা শুরু যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের। প্রযোজক হিসেবে তাঁরা নিয়ে আসছেন তাঁদের প্রথম ছবি 'অভিমান'। তারই শুভ মহরৎ অনুষ্ঠিত হল এনটি ওয়ান স্টুডিয়োতে। ক্যামেরা, স্ক্রিপ্ট পুজোর পর ছবির নাম ঘোষণা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
'হোয়াই সো সিরিয়াস ফিল্মস'- এর 'প্রোডাকশন নম্বর ওয়ান'- এর শুভ মহরৎ হয়ে গেল এদিন। ছবির নাম রাখা হয়েছে 'অভিমান'। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থার প্রথম ছবির শুভ মহরতে এদিন ছিল তারকার হাট। যীশু সেনগুপ্ত, সৌরভ দাস ছাড়াও হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, অভিজিৎ সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রিয়া কার্ফা, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
ছবির প্রথম পোস্টারের পর্দা উন্মোচন করেন হরনাথ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য এবং সৃজিত মুখোপাধ্যায়। তাঁরা এসেছিলেন যীশু-সৌরভের নতুন পথচলায় শুভেচ্ছা জানাতে। এদিন স্মৃতিতে ভাসেন সৃজিত থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলেই।
'অভিমান'-এর চিত্রনাট্য ও সংলাপ লিখবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী, যীশু সেনগুপ্তকে। এছাড়াও অভিনয় করবেন প্রিয়া কার্ফা, কাঞ্চন মল্লিক-সহ একঝাঁক তারকা। মূলত ত্রিকোণ প্রেমের গল্প 'অভিমান'। 5 মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।
উল্লেখ্য, এই ছবিতে যেহেতু যীশু অভিনয় করছেন তাই সৌরভ নেই কোনও চরিত্রে। সৌরভ ইটিভি ভারতকে বলেন, "অনেক বড় বড় চেক-এ সই করতে হবে। তাই এই ছবিতে নেই। আবার আমি যে ছবিতে থাকব সেই ছবিতে যীশু দা চেক সই করার দায়িত্বে থাকবে।" তবে, ইন্দ্রদীপ দাশগুপ্ত কথা দিয়েছেন তাঁর পরের ছবিতে সৌরভ থাকবেন। এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গাল হকিকতের প্রশ্ন তুললে যীশু সেনগুপ্ত বলেন, "এবার সব অভিমান সরিয়ে একসঙ্গে একজোট হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করার সময় এসেছে।"
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "অনেকদিন পর কোনও স্টুডিয়োর ফ্লোরে মহরৎ হচ্ছে। এটা দারুণ লাগছে। এমন একটা সময় ছিল যখন আমি আর তাপস (পাল) পয়লা বৈশাখের দিন একবার এনটি ওয়ান তো একবার টেকনিশিয়ান্সে দৌড়ে বেড়াতাম, আমাদের ছবির মহরতের জন্য।"
শুভশ্রীর কথায়, "এনটি ওয়ান ঘিরে আমারও অনেক স্মৃতি। আর অভিমান তার সঙ্গেই করা যায় যে খুব কাছের মানুষ হয়। যারা ভীষণ পার্সোনাল বা গুরুত্বপূর্ণ তাদের সঙ্গেই হয়। আর এনটি ওয়ান আমাদের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে সেখানে অভিমান, রাগ ভালোবাসা সব আছে। এখনও মনে আছে রেজিস্টারে সই করে বসে থাকতাম ছবি নিয়ে হরদা'র সঙ্গে দেখা করব বলে।"
সৌরভ বলেন, "এই ছবিতে আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল।" এদিন এনটি ওয়ান স্টুডিয়োতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা ভাগ করে নেন সৌরভ। বলেন, " মা কাল মনে করালো এই এনটি ওয়ান স্টুডিয়োতে আমার ছবি আর আমাকে সঙ্গে নিয়ে এসেছিল মা। সেদিন আমার ছবিটা ছিঁড়ে ফেলা হয়। আমি সেটা নিজের চোখে দেখেছি। মা ভাবছিল আমি দেখিনি। আমাকে আড়াল করার চেষ্টা করছিল মা। কিন্তু আমি তো দেখেছিলাম। মা তাই মনে করালো সেটাও একটা দিন ছিল, আজও একটা দিন। আজ আমাদের প্রোডাকশন হাউজের প্রথম ছবির মহরৎ করছি আমরা।"
শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজ এখানে বড্ড বেমানান। আমরা ঘরে বসে লেখালিখি করি। ফলে স্টুডিয়োতে আসা পড়ে না। আমি অনেকবার এনটি ওয়ানের লোকেশন জানতে চেয়েছি। এই ছবিতে যে সম্পর্কের কথা বলা হবে এরকম সম্পর্কের কথা আজকাল আর বলা হয় না। দেখলে ভালো লাগবে ছবিটা।" এদিন সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, হরনাথ চক্রবর্তী প্রত্যেকেই অনেক স্মৃতি ভাগ করে নেন এদিন। এদিন যীশুর পাশে ছিলেন তাঁর দিদি রাই সেনগুপ্ত। সৌরভের পাশে ছিলেন তাঁর বাবা, মা, বোন এবং স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিক।

