'ও আমার বন্ধু ছিল'- বনির কথার পাল্টা জবাবে কী বললেন শতদীপ?
পিয়া সেনগুপ্তর পুত্র তথা অভিনেতা বনি সেনগুপ্তর অভিযোগ, পরিবেশক শতদীপ সাহা তাঁর মাকে মারতে আসেন।

By ETV Bharat Entertainment Team
Published : May 7, 2026 at 12:29 PM IST
কলকাতা, 7 মে: খেলার মাঠের সতীর্থ তাঁরা একে অপরের। কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন 'সিসিএল' (সেলেব্রিটি ক্রিকেট লিগ)। খেলার মাঠের বাইরেও বন্ধুত্ব কম নয়। কিন্তু হঠাতই সম্পর্কের ভিত নড়ে উঠল। অনুঘটক হিসেবে কাজ করল নতুন সরকারের আগমন। কথা হচ্ছে বনি সেনগুপ্ত এবং শতদীপ সাহাকে নিয়ে।
ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগ, নতুন কমিটি গঠন এবং ইম্পা থেকে রাজনীতির রং মুছে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন প্রযোজক-পরিবেশকদের একাংশ। ইম্পা অফিসে নিজেদের দাবি নিয়ে হাজির হন তাঁরা। স্বভাবতই দুই পক্ষের মধ্যে মতানৈক্য এবং বিরোধ তৈরি হয়। এরই মাঝে পিয়া সেনগুপ্তর পুত্র তথা অভিনেতা বনি সেনগুপ্তর অভিযোগ, পরিবেশক শতদীপ সাহা তাঁর মাকে মারতে আসেন।
তিনি বলেন, "ইম্পা একটা অরাজনৈতিক কমিটি। সেখানে যে কেউ পরিবর্তন চাইতেই পারেন। তার জন্য আবার নির্বাচন হতে হবে। এভাবে অফিসে ঢুকে আবির ছড়িয়ে উচ্ছাস করার ব্যাপারটা অদ্ভুত। শতদীপ সাহাকে দেখলাম, আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে। ও আমার মাকে মারতেও এসেছিল। শতদীপ আমার বন্ধু ছিল। আমার একসঙ্গে ক্রিকেট খেলি। আমার মায়ের সঙ্গে তো ওর কথাও হত ভালোভাবে। আমার একটাই কথা, সব কিছুর মধ্যে সৌজন্য থাকা দরকার।"
বনির কথায়, "শতদীপ আমার 'বন্ধু ছিল' বললাম তার কারণ এখন আমার নামে অনেককিছু বলছে শুনছি, দেখছি। আমি অন্য কারুর কথায় বিশ্বাস করার প্রশ্নই আসছে না। আমি তো নিজেই দেখছি, শুনছি ও কী বলছে আমার নামে। আমাকে ছবিতে না নিলে নাকি সিনেমা হলে টাইমিং পাওয়া যায় না, প্রযোজকদের নাকি এখানে আসলেই বলা হয় আমাকে কাজে নিতে হবে। তা হলে তো আমার খুবই ব্যস্ত থাকার কথা। কোথায়? আমি তো বাড়িতেই বসে আছি। আমার মায়ের বিরুদ্ধে যা যা বলছে প্রমাণ দিক আমি মেনে নেবো। শতদীপ যেভাবে আমার মায়ের বিরুদ্ধে কথা বলছে, কই আমি তো কখনও ওর বাবা রতন আঙ্কলের সঙ্গে এভাবে কথা বলিনি গলা উঁচু করে।..."
ওদিকে শতদীপ বলেন, "বনির মা যদি ওকে ভুল বোঝায় আমার কিছু করার নেই। ও তো সেদিন এখানে ছিল না। ওকে যেটা বলা হয়েছে ও সেটাই বিশ্বাস করেছে। এটা ওর সমস্যা, আমার নয়। আমি ওর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। ও যদি না রাখে এটা ওর প্রবলেম।" শতদীপ আরও বলেন, "আমি যে ওর মাকে মারতে গিয়েছি তার প্রমাণ দিক। সবাই ছিল সেদিন এখানে। ও তো ছিল না। এখানে সিসিটিভি চলে। আমাকে দেখাক যে আমি ওর মাকে মেরেছি।"

