হৃদরোগে আক্রান্ত সঞ্জয় লীলা বনশালি ! বিবৃতি প্রকাশ পরিবারের
বনশালির অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ পরিবারের তরফে জানাল হল, ভালো আছেন পরিচালক ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 25, 2026 at 1:51 PM IST
|Updated : February 25, 2026 at 2:02 PM IST
হায়দরবাদ, 25 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত পরিচালক সঞ্জয় লীলা বনশালি ! একদিন আগেই জীবনের 63তম জন্মদিন উদযাপন করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ বুধবার আচমকাই পরিচালকের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সত্যিই কি 'গুজারিশ' পরিচালক হাসপাতালে ভর্তি ? সোশাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ পরিবারের ৷
24 ফেব্রুয়ারি ছিল বলিউডের অন্যতম সফল পরিচালক বনশালির জন্মদিন ৷ একাধিক তারকা এদিন শুভেচ্ছা জানান তাঁদের প্রিয় পরিচালককে ৷ আচমকাই বেশ কিছু সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জন্মদিন উদযাপনের পর হঠাৎ-ই অসুস্থতাবোধ করেন পরিচালক ৷ এরপরেই তাঁকে নাকি তড়ঘড়ি কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরিচালকের অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা ৷
ভাইরাল হওয়া এই খবর কি সত্যি ? ইটিভি ভারত পরিচালকের টিমের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি অস্বীকার করেন ৷ দলের পক্ষ থেকে বার্তায় বলা হয়েছে, "বনসালির হাসপাতালে ভর্তি হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের খবর ছড়ানোর আগে চেক করে নেওয়া উচিত ৷ এই ধরনের খবরের কোনও সত্যতা নেই ৷" পাশাপাশি পরিবারের তরফেও সোশাল মিডিয়ায় পরিচালকের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে পোস্ট করা হয় ৷

কী বলা হয়েছে পরিবারের তরফে ?
বনশালি প্রযোজনা সংস্থার ইন্সটাগ্রাম স্টোরিতে বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়, "সঞ্জয় লীলা বনশালি একদম সুস্থ আছেন ৷ তিনি হাসপাতালে রুটিন মেডিক্যাল চেকআপ করতে গিয়েছিলেন ৷ চিন্তা করার মতো কোনও বিষয় হয়নি ৷ আমরা শুভাকাঙ্খীদের ভালোবাসা, চিন্তার অর্থ বুঝি ৷ আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য ৷" অর্থাৎ সোশাল মিডিয়ায় পরিচালকের স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়িয়ে পড়েছিল ৷ বনশালি ভালো আছেন, এমন খবরে আশ্বস্তবোধ করছেন তাঁর শুভাকাঙ্খীরাও ৷
বনসালি তার ক্লাসিক এবং পিরিয়ড ড্রামার জন্য ব্যাপকভাবে পরিচিত। সঞ্জয় লীলা বনসালি 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'বাজিরাও মস্তানি' এবং 'হীরামণ্ডি' এর মতো সিনেমা উপহার দিয়েছেন ৷ 1996 সালে সলমন খান ও মণীষা কৈরালা অভিনীত খামোশি: দ্য মিউজিক্যাল দিয়ে পরিচালক হিসাবে জার্নি শুরু করেন সঞ্জয় লীলা বনশালি ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমা নিয়ে ৷
শোনা গিয়েছে, এই সিনেমার বাজেট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ একাধিক রিপোর্ট অনুসারে, সিনেমার বাজেট প্রায় 425 কোটি টাকা হতে চলেছে ৷ প্রথমে সিনেমার শুটিং 120 দিনের মধ্যে শেষ করার কথা ছিল ৷ তবে, পরিচালক সঞ্জয় লীলা বনশালির নিখুঁত কাজের জন্য শুটিংয়ের দিন ক্রমশ বেড়েছে ৷ জানা গিয়েছে, 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমার শুটিং 175 দিনে গড়িয়েছে ৷ কিন্তু এখনও সিনেমার একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য শুট হওয়া বাকি আছে ৷

