জট খুলবে মণীষা অন্তর্ধান রহস্যের ? টানটান 'কর্পূর’ টিজারে আগ্রহ তুঙ্গে
মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের এবার মিলবে উত্তর ?

By ETV Bharat Entertainment Team
Published : February 24, 2026 at 10:16 AM IST
হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: চেনা গতের বাইরে ছবি বানানোর জন্য পরিচিত ফ্রেন্ডস কমিউনিকেশন। ২০২৬ এ তাঁদের প্রথম নিবেদন 'কর্পূর'। অরিন্দম শীল পরিচালিত 'কর্পূর’ ছবি ঘোষণার পর থেকেই মানুষের মনে আগ্রহ তৈরী করেছিল। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামকের আকস্মিক অন্তর্ধান নিয়ে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা 'অন্তর্ধানের নেপথ্যে' অবলম্বনে তৈরী 'কর্পূর'।
ছবির পোস্টার লঞ্চ হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এলো ছবির টিজার। তারকাবহুল এই ছবি তে যিনি নজর কেড়েছেন তিনি হলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা ভট্টাচাৰ্য , অর্পণ ঘোষাল, রুমকি চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।
কর্পূর প্রসঙ্গে ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফে প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, " 'কর্পূর' শুধুমাত্র একটু থ্রিলার ছবি না, 1997 সালে রাজ্যে ঘটে যাওয়া শিক্ষা ব্যবস্থার একটি অধ্যায়কে ধরা হয়েছে এই ছবিতে। অরিন্দম শীলের পরিচালনায় এবং একঝাঁক ব্যতিক্রমী অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরী এই সিনেমা ৷ আশা করব দর্শকের পছন্দ হবে।"
নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য আজও মীমাংসিত হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক 1997 সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি না ফেরার হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সিনেমার টিজারে টান টান সেই উত্তেজনা ধরে রেখেছেন পরিচালক অরিন্দম ৷ সেই বাস্তব ঘটনার অনুপ্রেরণাতেই নির্মিত এই রাজনৈতিক থ্রিলার ৷
'কর্পূর'-এর প্রথম ঝলকে যা উঠে এল, তা কিছুটা এই রকম - 1997সাল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মৌসুমী সেন হঠাৎই উধাও হয়ে যান বহুল আলোচিত 50 কোটি টাকার দুর্নীতিকাণ্ডের মধ্যে। ছড়িয়ে পড়ে খবর ৷ মৌসুমী নাকি পালিয়ে গেছে লন্ডনে। তদন্তে যুক্ত হয় এক পুলিশ আধিকারিক, যাঁর কণ্ঠ পরে স্তব্ধ করে দেওয়া হয় ৷ সময়ের স্রোতে কেটে যায় প্রায় তিন দশক। ঘটনাটি ধীরে ধীরে চাপা পড়ে যায়। ঠিক তখনই পুরনো সেই কেসের ধুলো ঝাড়তে নামে এক তরুণ সাংবাদিক - অনুপম। উঠে আসে, কেবল ব্যক্তিগত দুর্নীতি নয়, প্রাতিষ্ঠানিক পচন, ক্ষমতার অপব্যবহারে ইতিহাস।
সেই ঘটনা ঘিরে নির্মিত এই ছবি অজানা অনেক প্রশ্নের উত্তর দেবে বলে মনে করা হচ্ছে । পলিটিকাল থ্রিলারধর্মী ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্যে ছবির প্রথম ঝলক। বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে এই ছবিতে দেখা যাবে কুণাল ঘোষ-কে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। 'কর্পূর'-এ মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে খোদ অরিন্দম শীল-কে। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওজ প্রযোজিত ‘কর্পূর’ বড়পর্দায় মুক্তি পাবে আগামী 19 মার্চ।

