নেটপাড়ায় আক্রমণ অসুস্থ মাকেও ! অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী বললেন ঋজু ?
লাইভে এসে অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে বিতর্কের অবসান হবে কি এবার ?

By ETV Bharat Entertainment Team
Published : November 3, 2025 at 3:02 PM IST
হায়দরাবাদ, 3 নভেম্বর: নেটপাড়ায় ট্রলিংয়ের শিকার অভিনেতা ঋজু বিশ্বাসের ক্যানসার আক্রান্ত মাও ৷ এতদিন সোশাল মিডিয়ায় ঋজু ছিলেন সকলের টার্গেটে ৷ এবার তাঁর অসুস্থ মাকেও বাজে কথা বলা হচ্ছে বলে সোশাল মিডিয়ায় লাইভে এসে অভিযোগ করেন 'বৌ কথা কও' খ্যাত অভিনেতা ৷ পাশাপাশি, নিজের দোষ স্বীকার করে সকলের কাছে ক্ষমাও চাইলেন ঋজু বিশ্বাস ৷
বিগত কয়েকদিন ধরে নেটপুলিশের জালে জর্জরিত হয়ে পড়েন অভিনেতা ঋজু বিশ্বাস ৷ একাধিক মেয়েদের একই মেসেজ করে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ অভিযোগ ওঠে তিনি মেয়েদের ইন্সটাগ্রাম অথবা ফেসবুক ম্যাসেন্জারে বারবার মেসেজ করে বিরক্ত করেছেন ৷ সোমবার তিনি লাইভে এসে প্রথমবার সোশাল মিডিয়ায় মুখ খোলেন ৷ তিনি জানান, ক্রমাগত এই রকম আক্রমণে তিনি বিধ্বস্ত ৷ তাঁর কথায় "আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে ৷ আমি আমার মাকে ভগবান বলে মানি ৷ তাঁকেও সোশাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে ৷ আমার মা আমাকে সেটা জানান ৷"
ঋজুর কথায়, "আমার ইন্ডাস্ট্রিতে কিছু শুভাকাঙ্খী রয়েছেন ৷ তাঁরাও আমার সঙ্গে যোগাযোগ করেন ৷ কথা বলেন ৷ আমি বারবার বলছি, কাউকে কোনও বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি বা বলতে চাইনি ৷" এই কথা বলার পরেই অভিনেতা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন ৷ তিনি বলেন, "এই কমেন্ট করাতে যারা যারা অসন্তুষ্ট হয়েছেন আমি তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার কোনও রকম খারাপ অভিপ্রায় ছিল না ৷ এর থেকে বেশি কি অনুরোধ করব ৷ বাকিটা আপনাদের ওপরে ৷ মন থেকে বলছি, সত্যি বাজে উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি ৷"
অভিনেতা এরপর লাইভে স্বীকার করে নেন এই ভাবে একাধিক মহিলাদের মেসেজ করা ঠিক হয়নি ৷ ঋজু বলেন, "আমার সবাইকে মেসেজ করাটা ঠিক হয়নি ৷ আমার নম্বরটা পাবলিক করা হয়েছে সেটা নিয়েও সমস্যা চলছে ৷ আমি আবার সরি বলছি ৷ সবাই অন্য ভাবে নিচ্ছেন বিষয়টাকে ৷ কাউকে আঘাত করতে চাইনি মন থেকে বলছি ৷ এটা নিয়ে খারাপ লেগে থাকলে আমি আবারও বলছি দুঃখিত ৷ ভালো থাকবেন ৷ সুস্থ থাকবেন ৷"
পাশে অনুরাগীরা
ঋজুর লাইভ বক্তব্য সামনে আসতেই অনেক অনুরাগী প্রশংসা করেছেন ৷ পাশাপাশি এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ৷ কেউ লিখেছেন, "সেলেব্রিটিদের হাত ধরে ফেমাস হতে কে না চায় ৷ আবার একটা ট্রেন্ড আসবে সবাই ভুলে যাবে ৷ তাই চিল থাকো ৷ নিজের কাজে ফোকাস করো ৷" আর এক নেটিজেন লেখেন, "নিজের কাজে মন দিন.. একদিন সবাই সব কিছু ভুলে যাবে ৷" কারোর মতে, "সঠিক পদক্ষেপ। এবার এসব পিছনে ফেলে এগিয়ে যান। সংযত থাকুন, কাজের প্রতি ফোকাসড থাকুন। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই আপনার পাশে থাকবে।"
আবার কেউ লিখেছেন, "নিজের ব্যক্তিত্ব নিজে কখনো বিসর্জন দিতে নেই দাদা ৷ আপনি সেই ভুলটি করে ফেলেছেন একজন পাবলিক ফিগার হয়ে এখন পাবলিক কি আপনাকে ছাড়বে? এটা আপনার আগে একটু চিন্তা করা উচিত ছিল ৷" আবার কারোর মতে, "নিজে কিছু ভুল করলে সেটা বুঝতে পারলে তার থেকে ভালো কিছু হয় না ৷ আর বর্তমানে চারিদিকে অনেক কিছুই খারাপ হচ্ছে কিন্তু সেদিকে মানুষের প্রতিবাদের সাড়া কম পাওয়া যায় ৷ আসলে আমরা ভুলতে বসেছি কোন বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া উচিত ৷ মানুষ ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ না অপর মানুষটি মানসিক ভাবে ভেঙে পড়ে ৷ যাই হোক মানুষ খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় এটাও যাবে ৷ আপনি নিজের সঠিক লক্ষ্যে এগিয়ে চলুন ।"

