জুবিন গর্গের পর সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত বিশিষ্ট বাঁশি বাদক
বিখ্যাত বাঁশি বাদক দীপক শর্মার প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত জগতে ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 3, 2025 at 12:19 PM IST
হায়দরাবাদ, 3 নভেম্বর: শিল্পী জুবিন গর্গের প্রয়াণের আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী তথা অসমবাসী ৷ ফের একবার শোকের ছায়া সঙ্গীত মহলে ৷ 57 বছর বয়সে সোমবার বিশিষ্ট বাঁশি বাদক দীপক শর্মার (flutist Dipak Sarma) আচমকা মৃত্যুতে ধাক্কা সঙ্গীত জগতে ৷
দীর্ঘ অসুস্থতার পর এদিন সকাল 6.15 মিনিট নাগাদ চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রশংসিত সঙ্গীতশিল্পী। তাঁর বাঁশির সুরে মোহিত হতেন সকলে ৷ নাড়িয়ে যেতেন হৃদয়কে ৷ সুরের সেই জাদুকর গত কয়েক মাস ধরে গুরুতর স্বাস্থ্যগত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন। তাঁকে প্রথমে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে শিল্পীর অবস্থার অবনতি হলে উন্নতমানের চিকিৎসার জন্য তাঁকে বিমানে চেন্নাই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালান শিল্পীকে সুস্থ করে তোলার ৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় ৷
নলবাড়ি জেলার পানিগাঁও গ্রামে জন্মগ্রহণ করা দীপক ছোট শহরের শিল্পী থেকে অসমের সবচেয়ে জনপ্রিয় বাঁশি বাদকদের একজন হয়ে উঠেছিলেন ৷ তাঁর কঠিন অধ্যবসায় এবং অতুলনীয় সঙ্গীত প্রতিভার কারণে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন ৷ বাদ্যযন্ত্রের উপর তাঁর দক্ষতা দেশের বাইরেও খ্যাতি এনে দিয়েছে ৷ ধ্রুপদী সংবেদনশীলতা এবং অসমিয়া লোকসংগীতের মিশ্রণ ধরা পড়ত তাঁর সৃষ্ট সুরে ৷
জানা গিয়েছে, জনপ্রিয়তা অর্জন কারী এই শিল্পী তাঁর শেষ জীবনে আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছিলেন ৷ চিকিৎসাধীন অবস্থায় এই শ্রদ্ধেয় শিল্পী গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন হন বলে জানা গিয়েছে। অক্টোবরে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) তাঁর চিকিৎসা ব্যয় বহনের জন্য 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। জুবীন গর্গের মৃত্যুর পর দীপক শর্মার মৃত্যু অসমের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সঙ্গীত জগতের শিল্পীরা ৷

