কবিতা বিমুখদের জন্য শহরে বাচিক সন্ধ্যা, রাজা শোনাবেন নব্বইয়ের কথা
উত্তম মঞ্চে বাচিকশিল্পী রাজার কবিতার অনুষ্ঠান হতে চলেছে আগামী 10 ডিসেম্বর, সন্ধে ছ'টায় ৷

By ETV Bharat Entertainment Team
Published : December 7, 2025 at 12:01 PM IST
কলকাতা, 7 ডিসেম্বর: এক মনোজ্ঞ বাচিক শিল্প সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শহরবাসী । পরিবেশনায় বিশিষ্ট্য বাচিকশিল্পী রাজা । তাঁর কবিতায় উঠে আসে সময়ের কথা । অতীত আর বর্তমানকে কেন্দ্রে রেখে এক অন্য ধরনের প্রযোজনা মঞ্চস্থ হতে চলেছে 10 ডিসেম্বর, উত্তম মঞ্চে, সন্ধ্যা 6টায় । থার্ড আইয়ের আয়োজনে 'রুমাল, ধুলো, কবিতাগুলো...' শীর্ষক এই অনুষ্ঠানে নব্বইয়ের দশককে ফিরে পাবে দর্শক । গল্প-কবিতা-গান-এসব নিয়ে এক অন্য রকমের প্রযোজনা মঞ্চস্থ হবে সেদিন, এমনই আশ্বাস উদ্যোক্তাদের ।
দীর্ঘ কুড়ি বছর ধরে রাজা কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন । নিজেকেই ভাঙছেন-গড়ছেন, আবার নতুন কিছুর খোঁজ করছেন । এই সময়ে কবিতার উচ্চারণ কেমন হবে, কীভাবে আবৃত্তি শিল্পকে নিয়ে পৌঁছনো যাবে আমজনতার কাছে, তা প্রতিনিয়ত ভেবে চলেছেন রাজা । বিশেষত যাঁরা কবিতা শুনতে ভালবাসেন না, তাঁদের জন্যই এই ভাবনা রাজার ।

এবার লাইভ ইন্সট্রুমেন্টের সঙ্গে রাজা থাকছেন তাঁর কবিতার উচ্চারণ নিয়ে । তথাগত মিশ্র'র এসরাজে কবিতায় এক অন্যরকম মুহূর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে । আর থাকবে সাগ্নিক সমাদ্দারের পিয়ানো বাদন । বিশেষ একটি ভূমিকায় থাকছেন দেবলীনা দোয়েল ভট্টাচার্য । লিখেছেন জয়াশিস ঘোষ, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সায়ম বন্দ্যোপাধ্যায়, সরোজ দরবার ও আরও অনেকে । নতুন এবং চিরকালীন কিছু কবিতার কোলাজ নিয়ে শহরে অন্য এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে ।
রাজার কবিতার ক্লাস দেখতে দেখতে পনেরোয় পৌঁছল । এবারে এক অন্য ধরনের প্রযোজনা 'ফিরিয়ে দাও আমাদের রঙগুলো'। সমস্ত ব্যাচের ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 40 জনের দলগত প্রচেষ্টায় এক মিথ্যে রূপকথার ছবি ফুটে উঠবে মঞ্চে । লোপামুদ্রা রায়চৌধুরী করেছেন স্ক্রিপ্ট আর আবহ তৈরি করেছেন অনির্বাণ চৌধুরী । আবহ প্রক্ষেপণ করবেন আশিস ঘোষ । পরিচালনায় রাজা ।
রাজার কথায়, "এই শহরের গানের, কবিতার এবং অন্য শিল্প জগতের সবার থেকে শিখি । ছোট্ট প্রচেষ্টা, তাই সবাইকে আমার শ্রদ্ধা জানানো নতুন কাজ করে ।"

