বিয়ের সেলিব্রেশন ! দেশজুড়ে ট্রাক ভর্তি মিষ্টি পাঠাচ্ছেন রশ্মিকা-বিজয়, তালিকায় কোন জায়গাগুলি
তোমরা সবসময় আমাদের এই সফরের অংশ ছিলে ৷ এমন বার্তা দিয়েই অনুরাগীদের জন্য বিয়ের পর দেশজুড়ে মিষ্টি পাঠাচ্ছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরকোন্ডা ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 1, 2026 at 1:52 PM IST
হায়দরাবাদ, 1 মার্চ: বিয়ের তিনদিন কেটে গেলেও এখন আলোচনায় 'বিরোশ' জুটি ৷ নববিবাহিত সেলিব্রিটি দম্পতি রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা ফের অনুরাগীদের মন জয় করে নিলেন ৷ তাঁরা নিজের বিয়ের সেলিব্রেশনে এবার অংশীদার করলেন অনুরাগীদেরও ৷ তাই এই জুটি দেশজুড়ে মিষ্টি বিতরণ করছেন ৷ একেবারে ট্রাক ভর্তি করে পাঠাচ্ছেন সেই মিষ্টি ৷
গত 26 ফেব্রুয়ারি উদয়পুরে খুব গোপনীয়তার মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় জুটি । বিয়েতে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং কেবল বন্ধুরাই উপস্থিত ছিলেন । এর পরপরই তাঁরা বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন । ভিজ্যুয়ালগুলি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় এবং ইনস্টাগ্রামে সর্বাধিক পছন্দ করা ভারতীয় সেলিব্রিটিদের বিয়ের ছবি হয়ে ওঠে ।

তবে এখন রশ্মিকা এবং বিজয় তাঁদের বিয়ের উদযাপনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন । 1 মার্চ থেকে মিষ্টি ভর্তি ট্রাক দেশের বিভিন্ন শহরে পাঠাতে শুরু করেছেন । কৃতজ্ঞতা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এই মিষ্টি বিতরণ করা হবে তাঁদের তরফে ।

ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা ৷ বিজয়-রশ্মিকা একটি যৌথ নোট পোস্ট করেছেন । তাতে লেখা, "এই দেশের সুন্দর মানুষদের উদ্দেশে । আপনারা সবসময় আমাদের সফর এবং আমাদের ভালোবাসার অংশ ছিলেন এবং আপনাদের সকলের সঙ্গে আমাদের বিবাহ উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত হব । ভারতে কীভাবে সবকিছু উদযাপন হয় ? মিষ্টি এবং খাবারের সঙ্গে ৷ তাই 1 মার্চ আমরা আপনাদের সকলের সঙ্গে আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য দেশজুড়ে ভালোবাসা এবং মিষ্টি ভর্তি ট্রাক পাঠাচ্ছি । আমরা দেশের বিভিন্ন মন্দিরে অন্নদানম করব । আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি ।"

জুটির ঘোষণা অনুযায়ী, মিষ্টি ভর্তি ট্রাকগুলি বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদ-সহ প্রধান শহরগুলিতে পৌঁছবে । এই শহরগুলির অনুরাগীরা 'বিরোশ' জুটির বিয়ে উদযাপনের অংশ হিসাবে মিষ্টি পাওয়ার আশা করতেই পারেন ।
— Rashmika Mandanna (@iamRashmika) February 28, 2026
মিষ্টি বিতরণের পাশাপাশি এই দম্পতি কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং অসম-সহ বিভিন্ন রাজ্যের 16টি মন্দিরে অন্নদানম (খাদ্য দান) করার পরিকল্পনা করেছেন । মন্দিরগুলির মধ্যে রয়েছে শিবোহম মন্দির এবং শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির । আর তাঁদের এই পদক্ষেপকে সোশাল মিডিয়ায় ব্যাপক প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা ।

