26 বছর পর রণবীরের 'ধুরন্ধর 2' ভাঙবে রেকর্ড ? হবে কি দ্বিতীয় দীর্ঘতম সিনেমা ?
রিপোর্ট অনুসারে, আদিত্য ধরের এই সিনেমার রানটাইম জেপি দত্ত পরিচালিত 'এলওসি কার্গিল'-এর কাছাকাছি যেতে পারে ৷ যা প্রথম দীর্ঘতম সিনেমা হিসাবে প্রথম সারিতে রয়েছে ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 3, 2026 at 10:29 AM IST
হায়দরাবাদ, 3 মার্চ: 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ', মুক্তির সময় যত এগিয়ে আসছে, তত এই সিনেমাকে ঘিরে তৈরি বাড়ছে উত্তেজনা ৷ বিটাউনের অন্দরমহলের খবর, 'ধুরন্ধর'- প্রথম পার্টের থেকেও বড় হতে পারে পার্ট 2 ৷ অর্থাৎ সিনেমার রান টাইম পার্ট 2-এর ক্ষেত্রে হতে পারে আরও বেশি ৷ আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' 19 মার্চ, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একাধিক রিপোর্ট অনুসারে, সিক্যুয়েলটির দৈর্ঘ্য 3 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টা 55 মিনিটের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।
জানা গিয়েছে, সিনেমাটি 235 মিনিট দীর্ঘ, অর্থাৎ 3 ঘন্টা 55 মিনিট হবে বলে আশা করা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে শোনা গিয়েছে, সিনেমার সিক্যুয়েলের দৈর্ঘ্য 3 ঘন্টা 40 মিনিট। যদিওও, সিক্যুয়েলের রানটাইম 'ধুরন্ধর' পার্ট ওয়ানের চেয়ে বড় ৷ কারণ প্রথম পার্টের সময়সীমা ছিল 214.01 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 34 মিনিট 1 সেকেন্ড। এমন তথ্য সামনে আসার পর স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কারণ ধুরন্ধর যেভাবে পর্দায় ঝড় তুলেছে, তার সিক্যুয়েল আরও বেশি জমাটি হবে বলে আশাবাদী সকলকেই ৷
যদিও, সিনেমার চূড়ান্ত রানটাইম সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ৷ প্রয়োজনীয় সম্পাদনাগুলির পরে কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে সার্টিফিকেশন পাওয়ার পরেই ছবিটির সঠিক দৈর্ঘ্য বা রানটাইম জানা যাবে। গুঞ্জন অনুযায়ী যদি সত্যিই সিনেমার রান টাইম 3 ঘন্টা 55 মিনিট হয়ে থাকে, তাহলে তা সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমার মধ্যে একটি হয়ে উঠবে। জেপি দত্ত পরিচালিত 'এলওসি কার্গিল'-এর পর 'ধুরন্ধর পার্ট-2' হবে গত 26 বছরের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম চলচ্চিত্র ৷ 'এলওসি কার্গিল' সিনেমার রানটাইম ছিল 4 ঘন্টা 7 মিনিট।
'ধুরন্ধর 2'-তে রণবীর সিং-এর সঙ্গে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুনের মতো তারকারা অভিনয় করবেন। রেহমান ডাকাইত চরিত্রের জন্য প্রশংসা কুড়িয়েছেন অক্ষয় খান্না ৷ দ্বিতীয় পার্টে কেবল ফ্ল্যাশব্যাক দৃশ্যে খান্নাকে দেখা যাবে বলে জানা গিয়েছে ৷ শোনা গিয়েছে, সিনেমায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে ৷ সম্ভবত 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে ফিরতে পারেন ভিকি কৌশল ৷

