বাংলা ছবির নতুন জুটি রণজয়-অনিন্দিতা, রহস্যের জালে বন্দি দু'জনে
তাঁদের আসন্ন বাংলা ছবির নাম 'ঘুণ গাঁও'। প্রযোজনায় 'সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস'।

By ETV Bharat Entertainment Team
Published : July 5, 2026 at 12:25 PM IST
কলকাতা, 5 জুলাই: টলিউডের নতুন জুটি, রণজয় বিষ্ণু এবং অনিন্দিতা বসু । বাংলা ছবিতে টানটান উত্তেজনাপূর্ণ এক গল্পে ধরা দেবেন দু'জনে ।
গ্রাম্য পরিবেশের আনাচে কানাচে রয়েছে রহস্যের গন্ধ । হঠাৎই সেখানে নেমে আসে বিপদের কালো ছায়া । এরকমই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সৌম্য রায়চৌধুরী । ছবির নাম 'ঘুণ গাঁও'। প্রযোজনায় 'সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস'। অনিন্দিতা বসু, রণজয় বিষ্ণু ছাড়াও অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, রোহিণী চট্টোপাধ্যায়, শুভ বিশ্বাস, সৌম্য মজুমদার প্রমুখ ।

ছবির সঙ্গীত পরিচালনায় টুনাই দেবাশিস গঙ্গোপাধ্যায় । গান গেয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ ও সৃষ্টি রওয়ানি । প্রযোজনা সংস্থা সূত্রে জানা গিয়েছে, 'ঘুণ গাঁও' এক গা ছমছমে ডার্ক থ্রিলার, যা ভয়, প্রতারণা এবং চাপা পড়ে থাকা গোপন রহস্যের পর্দা উন্মোচন করে । বাকিটা জানতে হলে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
ছবি প্রসঙ্গে পরিচালক সৌম্য রায়চৌধুরী বলেন, "ঘুণ গাঁও হল মানুষের ভিতরের অদেখা অন্ধকারের গল্প । ছবিটা রহস্য ও সাসপেন্সের মোড়কে তৈরি । আর এর গভীরে রয়েছে ভয়, টিকে থাকার লড়াই, মানুষের অদম্য মানসিক শক্তি এবং সমাজের অন্ধকার দিক । আমি এমন একটি গভীর ও নিবিড় সিনেম্যাটিক অভিজ্ঞতাই তৈরি করতে চেয়েছি, যা আগে কখনও দেখা যায়নি ।"

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন রণজয় ও অনিন্দিতা । এদিকে রণজয়কে এই মুহূর্তে দর্শক দেখছেন ধারাবাহিক 'প্রতিজ্ঞা'য়, মুখ্য পুরুষ চরিত্রে । তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী অভীকা মালাকার ৷ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত বাংলা ধারাবাহিক 'প্রতিজ্ঞা' ৷ প্রতিদিন রাত সাড়ে 9টায় সম্প্রচারিত হয় বাংলা টেলিভিশনের পর্দায় ৷ আর এই ধারাবাহিকের পাশাপাশি আবার বাংলা ছবিতেও দেখা যাবে রণজয়কে ৷

ওদিকে অনিন্দিতাকে এখন ধারাবাহিক করতে দেখা যাচ্ছে না ৷ তবে বেশকিছু ওয়েব সিরিজে তিনি ইতিমধ্যে কাজ করেছেন ৷ অভিনেত্রীকে এখন তাই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে ওটিটিতেই ।

