পর্দায় শিবানী শিবাজি রায় চরিত্রে ফিরছেন রানি ! কবে মুক্তি পাচ্ছে মর্দানি 3 ?
মর্দানি 3-র অপেক্ষায় অনুরাগীরা ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 10, 2026 at 7:03 PM IST
হায়দরাবাদ, 10 জানুয়ারি: মেয়েদের বিরুদ্ধে অপরাধ রুখতে ফের ময়দানে শিবানী শিবাজি রায় (Shivani Shivaji Roy) ৷ অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা 'মর্দানি 3' (Mardaani 3) ৷ ফের একবার পুলিশের পোশাকে শত্রুদের দমন করতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji) ৷ শনিবার ছবির নির্মাতারা সিনেমার তৃতীয় কিস্তির মুক্তির দিন ঘোষণা করেছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কবে ?
যশরাজ ফিল্মস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ প্রকাশ করেছে ৷ ক্যাপশনে লিখেছে, "সব মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত সে থামবে না। ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় হিসাবে ফিরছেন রানি মুখোপাধ্যায়। উদ্ধার অভিযান শুরু হবে 30 জানুয়ারি।" ছবির পোস্টারে রানিকে দেখা গিয়েছে এক হাতে বন্দুক নিয়ে বসে থাকতে ৷ চোখে দৃঢ়তা। তাঁর পিছনে দেখা গিয়েছে একদল কিশোরী মেয়েকে ৷ যাদের মুখের উপর লেখা 'মিসিং'। বোঝাই যাচ্ছে, ফের একবার শিবানীর লড়াই শুরু নারী পাচার চক্রের সঙ্গে ৷ যেখানে নিখোঁজ মেয়েদের উদ্ধারের জন্য জান প্রাণ লড়িয়ে দিতে প্রস্তুত এই মহিলা পুলিশ অফিসার ৷
প্রথমদিকে, সিনেমার মুক্তির কথা ছিল ফেব্রুয়ারির শেষ দিকে। পরে নির্মাতারা তা এগিয়ে আনেন ৷ এরপরেই শনিবার সন্ধ্যায় সামনে আসে সিনেমা মুক্তির নতুন তারিখ ৷ পোস্টার প্রকাশের পরই উচ্ছ্বসিত অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সোশাল মিডিয়া। কেউ লেখেন, "অপেক্ষায় রয়েছি ৷" আবার কারোর প্রশ্ন, "ট্রেলার কবে মুক্তি পাবে ?" তবে সকলেই যে এই সিনেমার অপেক্ষায় ছিলেন, তা অনুরাগীদের মন্তব্য দেখে স্পষ্ট ৷ মর্দানি 3 পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা ৷ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এর আগে রানি জানিয়েছেন, 'মর্দানি 3' আগের দুই পর্বের তুলনায় আরও বেশি ডার্ক, ভয়াবহ ও অ্যাকশন নির্ভর হতে চলেছে। তবে সিনেমার খুঁটিনাটি এখনও গোপন রাখা হয়েছে।
এই কপ-ড্রামা ইতিমধ্যেই হিন্দি সিনেমার সবচেয়ে সফল নারী-প্রধান ফ্র্যাঞ্চাইজি হিসাবে জায়গা করে নিয়েছে দর্শক মনে। বক্সঅফিসেও ভালো সাড়া ফেলেছে এই ফ্রাঞ্চাইজির সিনেমা ৷ প্রথম 'মর্দানি' মুক্তি পায় 2014 সালে ৷ এরপর 2019 সালে আসে সিনেমার সিক্যুয়েল 'মর্দানি 2'। প্রসঙ্গত, রানিকে শেষ দেখা গিয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমায় ৷ এই ছবির হাত ধরেই রানি মুখোপাধ্যায় তাঁর অভিনয় কেরিয়ারে পেয়েছেন প্রথম জাতীয় পুরস্কার।

