ETV Bharat / entertainment

তীব্র দুর্গন্ধ, চলন্ত ক্যাবে ঘুমন্ত চালক ! ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন

প্রিয়াঙ্কা, পরিণীতি ও মান্নারা চোপড়ার তুতো বোন কাজ করেছেন তেলুগু, তামিল, হিন্দি সিনেমাতে ৷

priyanka-chopras-cousin-meerra-chopraa-shares-scary-cab-experience-in-social-media
ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন (এএনআই/আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 24, 2026 at 1:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: কাজের সূত্রে বেরোনোর ছিল সাত সকালে ৷ সেই মতো বুক করেছিলেন ক্যাবও ৷ কিন্তু তখনও জানতেন না, তাঁকে এমন ঘটনার সম্মুখীন হতে হবে ৷ অভিনেত্রী মীরা চোপড়ার (Meera Chopra) সঙ্গে যা হয়েছে, তাতে তিনি নিরাপত্তা নিয়ে বড় সওয়াল করেছেন ৷ বেসরকারি ক্যাব সংস্থাকে উদ্দেশ্যকে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন মীরা ৷ তেলুগু, তামিল, হিন্দিতে অভিনয় করা মীরা সম্পর্কে আবার প্রিয়াঙ্কা, পরিণীতি ও মান্নারা চোপড়ার তুতো বোন হন ৷

কী হয়েছে মীরার সঙ্গে ?

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মীরা ভোর বেলা 6 ঘণ্টার জন্য অ্যাপ বেস ক্যাব সার্ভিস নিয়ে ভয়ঙ্কর, দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়েছেন ৷ যাতে তিনি ভয়ও পেয়েছেন ৷ তিনি লেখেন, "একটা ভীষণ ভীতিকর, দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হতে হয়েছে ৷ আমি 6 ঘণ্টার জন্য বেসরকারি অ্যাপ থেকে গাড়ি বুক করেছিলাম ৷ কিন্তু যখন গাড়ি নিয়ে চালক এলেন, তখন দেখলাম গাড়িটা প্রচন্ড নোংরা এবং সেখান থেকে দুর্গন্ধ আসছিল ৷"

এরপরের ঘটনা ব্যাখ্যা করে মীরা লেখেন, "আমি যখন চালককে প্রশ্ন করলাম, কেন গাড়ির ভিতর থেকে এমন নোংরা গন্ধ আসছে, তখন চালক যখন মুখ খুললেন, বুঝলাম, তিনি কথা বলার মতো অবস্থাতে নেই ৷ এমনকী, তিনি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পর্যন্ত পড়ছিলেন ৷ এরপরেই আমি বাধ্য হয়ে 20 মিনিট পরেই ক্যাব থেকে নেমে পড়ি ৷ এবং পুনরায় নতুন আরও একটি ক্যাব বুক করি ৷"

এমন ঘটনার সম্মুখীন হওয়ার পর মীরা অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অনলাইনে অভিযোগও করেন ৷ কিন্তু সেখানেও তিনি হতাশ হন ৷ জানান, সংস্থা এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, বরং অভিনেত্রীর কাছ থেকে পুরো টাকা নেয় ৷ 1920 লন্ডন: ফিয়ার স্ট্রাইকস এগেইন খ্যাত অভিনেত্রী লেখেন, "ক্যাব সংস্থা, তাদের দায় না নিয়ে আমার কাছ থেকে 6 ঘণ্টার টাকাই কেটে নেয় ৷ আমাদের দেশে গণ পরিবহনে নিরাপত্তার মান অত্যন্ত আপোষযোগ্য ৷ এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের কোম্পানিগুলি অর্থ উপার্জনের চেষ্টা করছে। জঘন্য!"

নেটপাড়ায় প্রতিক্রিয়া

এমন ঘটনার কথা প্রকাশ্যে আনতেই সরব নেটপাড়া ৷ সেখানে মীরা গণ পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি দাবি করেন, এমন ঘটনা আগেও ঘটেছে তার সঙ্গে ৷ এই ধরনের অ্যাপ ক্যাব যে ভাবে সাধারণ মানুষকে হয়রানি করে, তার জন্য তাদের লাইসেন্স কিছু সময়ের জন্য বাতিল করা উচিত বলে মনে করেন অভিনেত্রী ৷

সিনেমা জগতে মীরা

2005 সালে মীরা সিনেমা জগতে পা রাখেন তামিল সিনেমা 'আনবে আরুনিরে' দিয়ে ৷ যেখানে তিনি অভিনয় করে এস জে সূর্যর বিপরীতে ৷ তাঁর দ্বিতীয় সিনেমা ছিল তেলুগু ৷ নাম 'বাঙ্গুরাম' ৷ এই সিনেমায় তিনি অভিনয় করেন পবন কল্যাণের বিপরীতে ৷ এরপর বলিউডে ডেবিউ বিক্রম ভাটের হাত ধরে ৷ '1920 লন্ডন' সিনেমায় শরমন জোশির বিপরীতে দেখা যায় মীরাকে ৷ পাশাপাশি তিনি অভিনয় করেছেন সতীশ কৌশিক পরিচালিত 'গ্যাং অফ ঘোস্টস' সিনেমায় ৷ কাজ করেছেন 2019 সালে মুক্তি পাওয়া 'সেকশন 375' সিনেমাতেও ৷ এরপর তিনি প্রযোজনার কাজে হাত দেন ৷ তাঁর প্রযোজিত প্রথম সিনেমা 'গান্ধী টকস' ৷