আশার আলো দেখছেন প্রযোজকরা, কী বললেন পাপিয়া অধিকারী?
টালমাটাল অবস্থা টলিপাড়ার ৷ পুরো বিষয়টাকে সুষ্ঠভাবে সামাল দিতে আসরে নেমেছেন বিধায়ক-অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷ এদিন বিশেষ বৈঠক সারলেন প্রযোজকদের সঙ্গে ৷

By ETV Bharat Entertainment Team
Published : June 4, 2026 at 5:00 PM IST
কলকাতা, 4 জুন: এই মুহূর্তে টালমাটাল অবস্থা টলিপাড়ার ৷ রাজ্যে পালা বদলের পর সিনে ইন্ডাস্ট্রিতেও পালা বদলের রব উঠেছে ৷ যে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে ৷ পুরো বিষয়টাকে সুষ্ঠভাবে সামাল দিতে আসরে নেমেছেন বিধায়ক-অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷ কখনও তিনি বৈঠক করছেন শিল্পী-কলাকুশলীদের সঙ্গে আবার কখনও বৈঠক করছেন প্রযোজকদের সঙ্গে ৷
এদিন, প্রযোজকদের সঙ্গে বৈঠকে রাধা স্টুডিয়োতে পাপিয়া অধিকারী ছাড়াও হাজির ছিলেন প্রযোজক সুশান্ত দাস, সুব্রত রায়, সৃজিত রায়, অনিমেষ গঙ্গোপাধ্যায়, সুচন্দ্রা ভানিয়া, কিংশুক দে-সহ আরও অনেকে। পাপিয়া অধিকারী বলেন, "প্রযোজকদের এতদিন নানা ধরনের সমস্যা ছিল। নানা রকমভাবে তাঁদের আটকানো হয়েছে ৷ এখন তো আর রাহু নেই, কাটমানি নেই ৷ সবাই এখন স্বাধীনভাবে কাজ করবে ৷ আনন্দ করে কাজ করবে ৷ প্রচুর কাজ হবে ৷ ভালো কাজ হবে ৷"
এদিন, টেকনিশিয়ান্সে ঝামেলা প্রসঙ্গে পাপিয়া জানান, বিষয়টা বুঝতে তাঁদের সমস্যা হয়েছে ৷ একটা ছাতার তলায় সকলেই থাকবেন ৷ সকলেই কাজ পাবেন ৷ আগে এখানে পাড়ায় পাড়ায় সিন্ডেকট তৈরি হয়েছে ৷ একেবারে হাঁউমাঁউখাঁউ অবস্থা ৷ ডিসিপ্লিন মেনে চলতে হবে ৷
প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায় বলেন, " অনেকদিন পর একটা সুস্থ মিটিং হল। নিজেদের কথা বলতে পারলাম। পাপিয়া দি বললেন কাজ করে যাও। সঙ্গে আছি। উনি যার যা সমস্যা তা ওনাকে জানাতে বললেন। শিফট 12 ঘণ্টা করা হচ্ছে লোকেশনে পৌঁছনোর পর থেকে, যেটা প্রযোজকদের জন্য খুব ভালো খবর। আরও সিনেমা হল চালু করার কথা বললেন তিনি। যেটা খুব ইতিবাচক। আমরা তো সিনেমা হল কমে যাওয়ার কারণে ছবি বানানোর প্রতি আগ্রহই হারিয়ে ফেলছিলাম।"
পরিচালক-প্রযোজক কিংশুক দে বলেন, "খুব ভালো লাগছে যে ব্যান কালচার উঠে যাচ্ছে। আশা করছি এরপর থেকে ভালো কাজ হবে।"

