দোলের মরশুমে মেগা সিরিয়ালের গল্পে নতুন মোচড় ! কী রয়েছে বিনু-সোহাগের কপালে?
জানতে হলে দেখতে হবে দোলের বিশেষ পর্ব ৷ 'বৃন্দাবন বিলাসিনী' ও 'সোহাগে আদরে' ধারাবাহিক দুটিতে থাকছে চমক ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 1, 2026 at 12:23 PM IST
কলকাতা, 1 মার্চ: সোমবার ন্যাড়াপোড়া, মঙ্গলবার দোল উৎসব । দর্শকের মনোরঞ্জনের কথা মাথায় রেখে কোনও উৎসবেই বিশেষ পর্ব দেখাতে ভোলে না কোনও টেলিভিশন চ্যানেল । এবারেও তার অন্যথা হবে না । ইতিমধ্যেই দোলযাত্রার জন্য বিশেষ সব পর্বের শুট হয়ে গিয়েছে । শুধু রং খেলা নয়, এর সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পেও রাখা হয়েছে দারুণ চমক ।
'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকের দিকে তাকালে দেখা যাবে রুক্মিণী দোলের আগের দিন পালিয়ে যায়; বিনু-কৃষ বুঝতে পারে সে-ই আসল দোষী, সব নাটক ছিল । পরদিন দোলে মোহিনী অতিথিদের জন্য দোল নিষিদ্ধ করলেও কৃষের অনুরোধে বাড়ির পেছনে হারবাল আবির খেলার অনুমতি দেয় । বিনু রাধা-কৃষ্ণের পুজো করে দোল শুরু করে, বিধবা কনককে খেলায় যোগ দিতে নিয়ে মোহিনীর সঙ্গে তর্কে জড়ায় এবং কাশীর বৃন্দাবন ভবনের নিয়ম পরিবর্তনের যুক্তি দিয়ে জিতে যায় ।

মোহিনী গোপনে বিনুর ঠান্ডাইয়ে মাদক মিশিয়ে দেয়; নেশায় বিনু হ্যালুসিনেশনে কীর্তন গেয়ে পাগলের মতো আবির ছুড়তে থাকে, অতিথিরা মুগ্ধ হয়ে বাহবা দেয় । কৃষ বিনুকে সুস্থ করে । এরপর তারা বৃষ্টিতে নাচে । সন্ধ্যায় কর্ণ নাচতে নাচতে ঢোকে, গোবিন্দ জানায় সে তার ছেলে; বিনু একাই বোঝে কর্ণর চক্রান্ত । হঠাৎ বিয়ের সাজে রুক্মিণী ফিরে এসে দাবি করে সে এখন বাড়ির বউ । গল্পের নায়িকা বিনুর সঙ্গে শুরু হয় তার নতুন লড়াই । তারপর? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় । দেখতে হবে 'বৃন্দাবন বিলাসিনী' ৷

ওদিকে 'সোহাগে আদরে' ধারাবাহিকেও রঙের উৎসব ঘিরে ষড়যন্ত্রের আবহ । গল্পের অ্যান্টাগনিস্ট ময়ূরাক্ষী সোহাগের বিরুদ্ধে চক্রান্ত করে । ময়ূরাক্ষী একটা পার্টির আয়োজন করে যেখানে আসতে পারবে শুধু এলিট ক্লাসের মানুষজন । মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিবদের কোনও জায়গা নেই সেখানে । ওদিকে সূর্যরও অন্য প্ল্যান আছে এই দিনটিকে ঘিরে । আকাশ রঙে ঢেকে গেলে সোহাগের জন্য এক বিপদ সাজিয়ে রেখেছে ময়ূরাক্ষী তার পরিকল্পনা সার্থক হবে নাকি সূর্যর পরিকল্পনা সফল হবে? জানতে হলে চোখ রাখতে হবে 'সোহাগে আদরে' ধারাবাহিকে দোলের বিশেষ পর্বে ।

