ETV Bharat / entertainment

'বিগ বস বাংলা'য় দাদার সঞ্চালনা কেমন লাগল ? কী বলছে নেটপাড়া

রবিবার থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা' । সঞ্চালনার দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Bigg Boss Bangla
শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় 'বিগ বস বাংলা' (ছবি সূত্র-সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 31, 2026 at 3:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অগস্ট: 'বিগ বস বাংলা সিজন 3'-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা কেমন হল? কতটা নজর কাড়ল 'মহারাজ'-এর নতুন অবতার? একদিন কাটতে না-কাটতে শুরু হয়ে গিয়েছে আলোচনা-সমালোচনার ঝড় ।

10 বছর প্রতীক্ষার পর বাংলা টেলিভিশনে ফিরেছে 'বিগ বস' । আর শোয়ের প্রত্যাবর্তনের সঙ্গে শুরু থেকেই দর্শকদের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় । ক্রিকেটের মাঠে যাঁকে এতদিন নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, এবার তাঁকেই দেখা গেল রিয়্যালিটি শোয়ের মঞ্চে প্রতিযোগীদের সামলাতে ।

Bigg Boss Bangla
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি সূত্র-সোশাল মিডিয়া)

যদিও সঞ্চালনায় অনেকদিন আগেই অভিষেক হয়েছে তাঁর । 'দাদাগিরি'তে ছিল প্রশ্নোত্তরের খেলা । আর এবারের খেলাটা একেবারে অন্যরকম । প্রশ্ন থেকে বিতর্ক, ঝগড়া, কন্ট্রোভার্সি সবই থাকবে সেখানে । সবার সবকিছু এক প্রকার সামলাতে হবে বাংলার মহারাজকে । ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে প্রথম পর্বে কেমন হল 'মহারাজ'-এর সঞ্চালনা?

সমাজ মাধ্যমে হানা দিয়ে দেখা গেল সেখানে কেউ তাঁকে প্রশংসায় ভরিয়ে লিখছেন 'দাদা ইজ দ্য বেস্ট', কেউ আবার তাঁকে কটাক্ষ করে লিখছেন 'শান্তিগোপাল' । কেউ বা লিখেছেন 'বিশ্বের সবথেকে বড় জোকার' । জনৈক ব্যক্তি আবার জানতে চেয়েছেন, ইস্পাত কারখানাটা কবে তৈরি হবে? আরেকজন আবার লিখেছেন, 'হোস্টকে ভালো লাগছে না । উনি দাদাগিরিতে ভালো ছিলেন । সিজন 2-তে জিত ছিল ওকে বেস্ট হোস্ট লাগত ।" অনেকে তাঁকে পারিশ্রমিক নিয়েও কটাক্ষ করেছেন ।

Bigg Boss Bangla
'বিগ বস বাংলা সিজন 3' দেখা যাবে রোজ রাত সাড়ে ন'টায় (ছবি সূত্র-সোশাল মিডিয়া)

বলতে দ্বিধা নেই, ইতিবাচকের থেকে নেতিবাচক মন্তব্যেই বেশি ভরেছে কমেন্ট বক্স । সময় যত এগোবে আলোচনা-সমালোচনা আরও বাড়বে । যদিও সেসবে পাত্তা দেন না প্রিন্স অফ ক্যালকাটা । চলেন নিজের মতো নিয়মে, নিজের ছন্দে । খেলার মাঠেও কঠিন পরীক্ষা সামলেছেন ঠান্ডা মাথায় । 'দাদাগিরি'কে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন তিনিই । সবে তো শুরু হল বিগ বস বাংলার তৃতীয় মরশুম । টানা তিন মাস ধরে চলবে খেলা । সুতরাং নতুন শো'তে নিজেকে প্রমাণ করার সময় আছে আরও অনেক ।

উল্লেখ্য, স্বল্পভাষী সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সময় বেশ বন্ধুত্বপূর্ণভাবেই কথা বলেছেন, কম কথা বলার মধ্যেও যেটা তাঁর সহজাত । ভালো কাজে সমালোচনা বিতর্ক হবেই । আর তার কেন্দ্রের নামটা যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন তো আর কথাই নেই । আবার এ কথাও ঠিক, ক্রিকেটের মাঠে সৌরভকে যে ভূমিকায় দর্শক দেখতে অভ্যস্ত, 'বিগ বস'-এর মঞ্চ তার থেকে সম্পূর্ণ আলাদা ।

এখানে ম্যাচের মতো নির্দিষ্ট নিয়মে পরিস্থিতি চলে না ৷ বরং প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে সমীকরণ । ফলে আগামী দিনগুলিতে প্রতিযোগীদের ঝামেলা, অভিযোগ কিংবা টানাপোড়েনের মধ্যে সৌরভ কীভাবে ভারসাম্য বজায় রাখেন, সেটিই হতে চলেছে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা । 'বিগ বস বাংলা সিজন 3' দেখা যাবে প্রতিদিন রাত সাড়ে ন'টায় টেলিভিশনের পর্দায় ৷