ETV Bharat / entertainment

নেতাজি জয়ন্তী 2026: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বর্ণময় অনুষ্ঠানে ডোনা-ইমন, রয়েছেন আর কারা ?

নাচে গানে মনোজ্ঞ হয়ে উঠতে চলেছে 'জয় হিন্দ - দ্য কল অফ এ রিভলিউশনারি' অনুষ্ঠান।

netaji-jayanti-2026-a-colourful-event-titled-jai-hind-the-call-of-a-revolutionary-will-be-held-at-victoria-memorial
'জয় হিন্দ - দ্য কল অফ এ রিভলিউশনারি' অনুষ্ঠান (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 22, 2026 at 3:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 22 জানুয়ারি: নেতাজিকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে 'জয় হিন্দ - দ্য কল অফ এ রিভলিউশনারি' শীর্ষক একটি বর্ণময় অনুষ্ঠান। যেখানে অনুষ্ঠান পরিবেশন করবেন সাংস্কৃতিক জগতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। নাচে গানে মনোজ্ঞ হয়ে উঠতে চলেছে অনুষ্ঠানটি।

নেতাজি জয়ন্তী আর সরস্বতী পুজো এবার একইদিনে। ফলে, ছুটির মেজাজের জোড়া ধামাকা বলাই বাহুল্য। এই দিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি বাংলা ছবি- 'বিজয়নগরের হীরে', 'ভানুপ্রিয়া ভূতের হোটেল', 'হোক কলরব'। আবার এই একই দিনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়ায়, বিকেল 4টে থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। 'জয় হিন্দ - দ্য কল অফ এ রিভলিউশনারি' শীর্ষক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতার এই বীর সন্তানকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা হবে।

নৃত্য পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে থাকছেন রঘুনাথ দাস ও 'দীক্ষা মঞ্জরী'র ছাত্র- ছাত্রীরা। গানে থাকবেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও তাঁর মিউজিক আকাদেমির ছাত্র-ছাত্রীরা, আরশাদ আলি খান, দুর্নিবার সাহা, আরফিন রানা, আরাত্রিকা সিনহা, সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ। এই আয়োজনে অংশগ্রহণ করতে পারার আনন্দ ভাগ করে নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী জানান, "এ নিবেদন আমাদের গর্বের। মাতৃভূমির বন্দনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হতে পেরে ভালো লাগছে।"বীর নেতাজিকে শ্রদ্ধা জানাতে জোরকদমে চলছে মহড়া।

এদিনই সরস্বতী পুজো থাকায় সকাল থেকেই পুজোর ব্যস্ততা রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের। নাচের প্রতিষ্ঠানে পুজো সেরে বিকেল 4টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনায় মেতে উঠেবেন তিনি ও তাঁর নাচের দল। এই মনোজ্ঞ অনুষ্ঠানে হাজির থাকবেন উপরাষ্ট্রপতি সি.পি রাধাকৃষ্ণান, রাজ্যপাল ড. সি. ভি আনন্দ বোস সহ নানা ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।