শহরে চলছে অষ্টম বার্ষিক জাতীয় নাট্য উৎসব, কোথায় বসেছে এই আসর ?
কী কী নাটক রয়েছে এই তালিকায় ?

By ETV Bharat Entertainment Team
Published : January 8, 2026 at 2:22 PM IST
কলকাতা, 8 জানুয়ারি: শহরের বুকে শুরু হয়েছে 'মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র' আয়োজিত অষ্টম জাতীয় নাট্যোৎসব। চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। চলতি বছর এই নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র'র সভাপতি ব্রাত্য বসু এবং সহ সভাপতি অর্পিতা ঘোষ।
গিরিশ মঞ্চ এবং মধুসূদন মঞ্চে চলছে এই উৎসব। দুটি জায়গাতেই সন্ধে সাড়ে 6টা থেকে মঞ্চস্থ হচ্ছে একটি করে নাটক। এ বছর জমা পড়েছে মোট 101টি আবেদন। যার থেকে বিচারকেরা বেছে নিয়েছেন সেরা 16টি নাটক। প্রসঙ্গত, 2015 সাল থেকে শুরু হয়েছে এই নাট্য উৎসব। আর এখন সারা ভারত জুড়ে নাটকের সঙ্গে যুক্ত মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই নাট্য উৎসব।
শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্যের বহু নাট্যদল এই উৎসবে নিজেদের নাট্যশৈলী তুলে ধরার সুযোগ পায়। চলতি বছর সারা দেশের দশটি এবং রাজ্যের ছয়টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হচ্ছে। মহারাষ্টের 6টি, অসমের 2টি, ত্রিপুরা ও মণিপুরের 1টি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। উৎসবের উদ্বোধনে ছিল ব্রাত্য বসুর লেখা ও অর্পিতা ঘোষের নির্দেশনায় 'মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র' প্রযোজিত নাটক 'মাৎস্যন্যায়'। এই নাট্যোৎসবে কোনও প্রবেশমূল্য নেই। সকলের উপস্থিতি অবাধ এই নাট্যোৎসবে।
নাটকের তালিকায় আছে- রঙিন রুমাল (বাংলা), ভুতো (বাংলা), কারাগার (বাংলা), কালগিতুরা (মারাঠি), কাদম্বরী (বাংলা/হিন্দি), আ স্টুপিড কমন ম্যান (মাল্টিলিঙ্গুয়াল), যাহা বলিব সত্য বলিব (বাংলা), চাক (হিন্দি), তাকিশি সম্বাদ (মারাঠি), নিতান্ত ব্যক্তিগত (বাংলা), ওইয়া (অসমিয়া), ভিয়া সাভারগাঁও খুর্দ (মারাঠি), 1984 আপলোডিং (হিন্দি), দ্য প্রিস্টেস (মণিপুরী), অভিযান (বাংলা), সামথিং লাইক ট্রুথ (হিন্দি)।

