ETV Bharat / entertainment

'আত্মহত্যা' নাকি পরিকল্পিত খুন ! গীতার সূত্রে রহস্যের কোন জট খুলবেন মৈনাক-তন্বী ?

বহু বছরের পুরনো অপরাধের ছায়া, রহস্যময় মৃত্যু এবং এক গোয়েন্দার তদন্ত 'সবসময়' ওটিটি-তে আসছে অরিন্দম চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ 'রুদ্র'।

mainak-banerjee-tonni-laha-roy-come-together-in-new-bengali-web-series-rudra
আসছে নতুন ওয়েব সিরিজ 'রুদ্র' (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : September 2, 2026 at 1:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 সেপ্টেম্বর: একের পর এক রহস্যময় মৃত্যু। ঘটনাগুলিকে আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে একের পর এক অস্বস্তিকর যোগসূত্র। সেই সূত্র ধরেই তদন্ত পৌঁছে যায় কয়েক দশক আগের এক অপরাধের কাছে। আর এই রহস্যের কেন্দ্রে রয়েছে ভগবদ্গীতা। এমনই এক অন্য ধরনের গোয়েন্দা গল্প নিয়ে আসছে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ 'রুদ্র'।

সিরিজটির পরিচালনায় রয়েছেন অরিন্দম চক্রবর্তী। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং তন্বী লাহা রায়। গল্পে রহস্য, অপরাধ, প্রতিশোধ, অনুশোচনা এবং ন্যায়বিচারের পাশাপাশি রয়েছে অতীত ও বর্তমানের এক অদ্ভুত যোগসূত্র।

রহস্যের কেন্দ্রে রুদ্র

মৈনাক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে রুদ্র সেনের চরিত্রে। পেশায় সে একজন মেধাবী প্রাইভেট ইনভেস্টিগেটর। ব্যক্তিগত জীবনের এক ট্র্যাজেডির পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে রুদ্র। কিন্তু একটি রহস্যময় কেস তার সেই নিঃসঙ্গ জীবনকে বদলে দেয়। প্রথমে সহজ মনে হলেও কেসটি যত এগোয়, ততই জটিল হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে, তন্বী লাহা রায় অভিনয় করেছেন পরমিতা চরিত্রে। বাবার মৃত্যুকে কোনওভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারে না সে। বাবার মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে রুদ্রের সাহায্য নেয় পরমিতা। এরপর দু’জনের তদন্ত ধীরে ধীরে পৌঁছে যায় এমন এক অতীতের কাছে, যার প্রভাব এখনও বর্তমানের উপর রয়েছে।

"পরমিতা আমার খুব কাছের", বলছেন তন্বী। তিনি নিজের চরিত্র প্রসঙ্গে জানিয়েছেন, পরমিতা তাঁর অভিনীত অন্যান্য চরিত্রের থেকে একেবারেই আলাদা। সাধারণত নেতিবাচক বা ধূসর চরিত্রে তাঁকে দেখা গেলেও এই চরিত্রটি ইতিবাচক, সহজ-সরল এবং বাস্তবের কাছাকাছি। বিশেষ করে বাবার সঙ্গে পরমিতার সম্পর্ক তাঁকে আবেগতাড়িত করেছে। চরিত্রটি তাঁর কাছে একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।

ওদিকে "এমন চরিত্র আগে কখনও করিনি"- বলছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। রুদ্র চরিত্রটি নিয়ে মৈনাক বন্দ্যোপাধ্যায়েরও যথেষ্ট উৎসাহ রয়েছে। অভিনেতার কথায়, এর আগে এমন চরিত্রে তাঁকে দেখা যায়নি। পরিচালক অরিন্দম চক্রবর্তী গল্প ও চরিত্রটি শোনানোর পরেই কাজটি করার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন তিনি। দীর্ঘদিনের পরিচিত পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে আনন্দের ছিল। রুদ্রের লুক নিয়েও বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও ফটোশুটের পর সেই লুক তাঁর বেশ পছন্দ হয় বলে জানিয়েছেন অভিনেতা।

পরিচালক অরিন্দম চক্রবর্তী জানিয়েছেন, 'রুদ্র'-কে ইচ্ছাকৃতভাবেই গতানুগতিক গোয়েন্দা গল্পের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। তাঁর কথায়, শহরজুড়ে একের পর এক আপাত আত্মহত্যার ঘটনা রহস্যজনকভাবে ভগবদ্গীতার সঙ্গে যুক্ত হতে থাকে। সেই যোগসূত্রের রহস্য অনুসন্ধান করতেই এগিয়ে যায় গল্প। সিরিজের চরিত্র ও আবহ তৈরির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণাকে। মৈনাক-সহ অন্যান্য অভিনেতার লুকেও রাখা হয়েছে পরিবর্তন। ফলে গল্পের পাশাপাশি চরিত্রের উপস্থাপনাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। সৌরদীপ রায়কে দেখা যাবে অব্র চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অর্ণা ধর ও প্রিয়া মণ্ডল।

অতীতের এক অপরাধ কীভাবে বর্তমানকে প্রভাবিত করতে পারে? একের পর এক মৃত্যুর পিছনে কি সত্যিই রয়েছে আত্মহত্যার কারণ, নাকি অন্য কোনও গভীর ষড়যন্ত্র? আর ভগবদ্গীতার সঙ্গেই বা এই ঘটনাগুলির যোগসূত্র কোথায়? সেই উত্তরই মিলবে সবসময় ওটিটির 'রুদ্র'-তে।

আরও পড়ুন