আশাজি'র কাল্ট গানই অনুপ্রেরণা ! 200 কেজি ওজনের 14 ফুটের 'ঝুমকা' বানায় প্রশাসন
1966 সালে আশা ভোঁসলের 'ঝুমকা গিরা রে...' গান এতটাই জনপ্রিয় হয় যে, সেখানকর প্রশাসন অসাধারণ উদ্যোগ নেয় ৷

By ETV Bharat Entertainment Team
Published : May 1, 2026 at 12:32 PM IST
হায়দরাবাদ, 1 মে: 'ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে...' ৷ উত্তরপ্রদেশের এই এলাকার বাসিন্দারা যেতে আসতে দেখতে পান 14 ফুটের বড় ঝুমকা ৷ আর রাস্তার নাম রাখা হচ্ছে 'ঝুমকা চক' ৷ কিন্তু জানেন, কীভাবে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের এই গানের ঝুমকা থেকে এলাকার নাম রাখে তখনকার প্রশাসন ? সম্প্রতি, এক সঙ্গীত প্রতিযোগিতার আসরে গীতিকার-কবি মনোজ মুন্তাশির এই বিষয়ে খোলাসা করেছেন ৷
মাত্র 20 দিন আগেই ইহলোক ছেড়ে চলে গিয়েছেন আশাজি ৷ জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এর আসন্ন পর্বে প্রয়াত কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলেকে বিশেষ শ্রদ্ধা জানাতে দেখা যাবে। এই বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতিকার ও কবি মনোজ মুন্তাশির ৷ মঞ্চের কেন্দ্রবিন্দুতে এসে তিনি আশা ভোসলের কণ্ঠে গাওয়া সেই কালজয়ী গান-'ঝুমকা গিরা রে'-এর সৃষ্টির নেপথ্য কাহিনী তুলে ধরেন।
মনোজ জানান, "এক দিন মহান সঙ্গীত পরিচালক মদন মোহন জি আশা জি-কে ফোন করে বললেন, ‘আশা, তোমার জন্য আমার কাছে একটি গান আছে। গানটির কথা হলো-ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে’।" তিনি আরও যোগ করেন, "আশা জি গানটিকে এতটাই জনপ্রিয় করে তুলেছিলেন যে, সরকার বরেলি শহরের উপকণ্ঠে 14 ফুট উঁচু একটি 'ঝুমকা' (কানের দুল)-এর প্রতিকৃতি স্থাপন করে সেই এলাকার নামকরণ করে 'ঝুমকা চক'।" এর মাধ্যমেই প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর সাফল্যের মুকুটে যুক্ত হয় এক নতুন পালক। আশা ভোসলের কণ্ঠে গাওয়া 'ঝুমকা গিরা রে' রাজ খোসলা পরিচালিত কালজয়ী হিট ছবি 'মেরা সায়া'-র গান।
'ঝুমকা গিরা রে' গানটি মূলত সাধনা শিবদাসানির ওপর ফুটিয়ে তোলা হয়েছিল ৷ যেখানে তাঁকে এক প্রাণবন্ত ও চঞ্চল রূপে দেখা গিয়েছিল। এই সিনেমায় সুনীল দত্ত, সাধনা শিবদাসানি, প্রেম চোপড়া, কেএন. সিং-সহ আরও অনেকে অভিনয় করেছেন। শিল্পী আশা ভোঁসলে 11 তারিখ বুকে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ 12 এপ্রিল 82 বছর বয়সে আশাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বরেলিতে অবস্থিত বিখ্যাত 'ঝুমকা চক' (ঝুমকা তিহারা) 2020 সালে নির্মিত ও উদ্বোধন করা হয়। সেই বছর 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় সাংসদ সন্তোষ গাঙ্গোয়ার এটির উন্মোচন করেন। জাতীয় মহাসড়ক 24 (দিল্লি-লখনউ মহাসড়ক)-এর পারসাখেরা এলাকায় অবস্থিত এটি। এখানে বরেলি উন্নয়ন কর্তৃপক্ষ (BDA)-এর তত্ত্বাবধানে 14 ফুট উঁচু এবং 200 কেজি ওজনের একটি বিশাল ঝুমকা (কানের দুল) স্থাপন করা হয়েছে। 1966 সালের জনপ্রিয় বলিউড গান-"ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে"- গান থেকে অনুপ্রাণিত ও বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে এই ঝুমকা তৈরি করা হয়েছিল ।

