ETV Bharat / entertainment

এত মানুষ মেসিকে ঘিরে না থাকলেও পারতেন... - মাঠ থেকে প্রতিক্রিয়া অভিনেতাদের

অভিনেত্রী পূর্বাশার কথায়, "অধিকাংশ মানুষকে দেখলাম মেসিকে ঘিরে রাখতে। কেউ কেউ সেলফি তুলছেন। আমরা কী দোষ করলাম এত টাকা দিয়ে টিকিট কেটে?"

lionel-messi-india-goat-tour-2025-upset-fans-tollywood-celebs-talks-on-vandalise-salt-lake-stadium
যুবভারতী ঘুরে এসে প্রতিক্রিয়া তারকাদের (এএনআই/আইএএনএস/ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 13, 2025 at 4:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 ডিসেম্বর: আজ কলঙ্কিত কলকাতা। বিশ্বের কাছে ধুলোয় মিশে গেল 'মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল' যুবভারতী ক্রীড়াঙ্গন। মেসিকে সাদরে বরণ করতে চেয়েছিল এই বাংলা। চেয়েছিল একটিবার তাঁকে চোখের সামনে থেকে দেখতে। কেউ পুজোয় আনন্দ না করে জমিয়েছিলেন টাকা, বাবাকে দেখাবেন ফুটবলের রাজপুত্রকে সামনে থেকে। কেউ অফিসে ওভারটাইম করে জমিয়েছিলেন টাকা, ফুটবলের রাজপুত্রকে দেখবেন বলে। কিন্তু কোথায় কী! এক লহমায় সব আশায় জল ঢেলে দিল মাঠের চরম অব্যবস্থা।

মাঠে এদিন মেসিকে দেখতে হাজির ছিলেন বিনোদন দুনিয়ার মানুষেরাও। বঞ্চিত হয়ে ক্ষোভের আগুনে জ্বলছেন অনেকে। রাগ উগড়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমে। তবে, এই ডামাডোলের মধ্যেও মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন অভিনেতা জন ভট্টাচার্য। তিনি ছবিও তুলেছেন মেসির সঙ্গে। ইটিভি ভারত তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অভিনেতা জন ভট্টাচার্য বলেন, "অগণিত মানুষ আজ দেখতে পেলেন না মেসিকে। তাঁদের জন্য খুব খারাপ লাগছে আমার। অনেক দাম ছিল টিকিটের। অনেক কষ্ট করে টাকা জমিয়ে অনেক দূর দূর থেকে মানুষ এসেছিলেন তাঁকে দেখতে। কিন্তু না দেখে বাড়ি চলে গেলেন। অত্যন্ত দুঃখজনক। তবে, আমার আজ তাঁকে দেখা সম্ভব হয়েছে। এর জন্য আমি ধন্য তো বটেই।"

জন আরও বলেন, "আমার আর মেসির জন্ম তারিখ এক, 24 জুন। ওঁর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু মিল আমি পাই। আমি অন্ধভক্ত ফুটবলের রাজপুত্রর। হি ইজ 'মেসি'। নামটাই যথেষ্ট।" জনের কথায়, "মাঠে মেসিকে ঘিরে এত লোক না থাকলেই ভালো হত। কিংবা একটা স্টেজও যদি করা যেত ভালো হত। সেখানে এত ভিড় না হতে দিয়ে জনা কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষরাই না হয় থাকতেন। একটা উঁচু স্টেজ করলে সবাই দেখতে পেতো মেসিকে। তাতে আজকের এই ঘটনাটা ঘটত না। দর্শকাসনের কেউই প্রায় দেখতে পায়নি মেসিকে। তাই আমার নিজের তাঁকে সামনে থেকে দেখার আনন্দটা ভাগ করেও ভাগ করতে কুণ্ঠা বোধ হচ্ছে।"

জন এই প্রসঙ্গে আরও বলেন, "লোক আজ মেসিকে দেখতে এসেছেন। কিন্তু মাঠে আমাকে দেখেও আজ কয়েকজন এগিয়ে এসে ছবি তুলছে। আমি বললাম আরে, আমি কে? আজ মেসির দিন। তবে, কোথাও গিয়ে একটু তো ভালো লাগছিলই যে লোকজন চিনতে পারছে আজকাল। মেসির খেলা আমি সেই ক্লাস সিক্স-সেভেন থেকে দেখি। আজ সামনে থেকে দেখলাম। একটা আশা পূর্ণ হল বৈকি। তবে, আবারও বলব সবাই দেখতে পেলে আনন্দটা আরও হত।"

খেলা দেখতে গিয়েছিলেন অভিনেত্রী পূর্বাশা দেবনাথ। ইটিভি ভারত জানতে চায় তাঁর বক্তব্য। তিনি বলেন, "এক পলকে একটু দেখলাম মেসিকে। দশ মিনিটের জন্য এসেছিলেন। কিং খান তো এলেনই না। মেসিকে কিছু কালো কোট পরা লোক, কিছু ক্যামেরা পার্সন ঘিরে রাখল। কালো কোট পরা লোকগুলো কার বাউন্সার, কোথা থেকে এসেছে কেউ জানে না। মাঠে অনেকেই দেখলাম মেসিকে ঘিরে রয়েছেন। কেউ কেউ সেলফি তুলছেন। আমরা কী দোষ করলাম এত টাকা দিয়ে টিকিট কেটে ? হুড খোলা জিপে মেসিকে ঘোরানোর কথা ছিল। সেটাও হল না।"