'বিশ্বের কাছে বাংলা হাসির পাত্র' ! মেসিকে ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, ক্ষোভ প্রকাশ তারকাদের
কী বলছেন তারকারা ?

By ETV Bharat Entertainment Team
Published : December 13, 2025 at 3:23 PM IST
|Updated : December 13, 2025 at 3:42 PM IST
হায়দরাবাদ, 13 ডিসেম্বর: হাজার হাজার টাকা খরচ করেও দেখা মিলল না, প্রিয় ফুটবল তারকার ৷ সকালের আনন্দ উদযাপন বেলা গড়াতেই নিয়ে এল বিষাদের ছায়া ৷ যুবভারতী ক্রিড়াঙ্গনে দেখা মিলল না লিওনেল মেসির ৷ ক্ষোভে পেটে পড়লেন উপস্থিত দর্শকরা ৷ চলল ভাঙুচুর ৷ ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় চরম অব্যবস্থাপনা তথা শহর কলকাতার অপমান নিয়ে ক্ষোভ উগরে দিলেন তারকারা ৷
অভিনেতা ঋদ্ধি সেন বলেন, "যেটা ঘটলো সেটা মিসম্যানেজমেন্ট নয়, এটা স্রেফ লোভের আরেকটা নিদর্শন মাত্র ৷ এই পরিস্থিতি চাইলেই আটকানো যেত,চাইলেই আজকের দিনটা হাজার হাজার মানুষের মনে যত্ন করে রেখে দেওয়া এক স্মৃতিতে পরিণত হতে পারতো,কিন্তু হলো না,কারণ? যাদের হাতে ক্ষমতা আর পকেটে টাকা আছে তারা কখনোই মানুষের জন্য কিছু 'চায়' না, চায় শুধু নিজের জন্য ৷"
#WATCH | Kolkata, West Bengal: Angry fans vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event #GOATIndiaTour2025 #LionelMessi pic.twitter.com/Z4KuLfbHDK
— ANI (@ANI) December 13, 2025
তিনি আরও লেখেন, "মন্ত্রী,মন্ত্রীর পরিবার,মন্ত্রীর আপনজন, মন্ত্রীর গোপনজন বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে দেখলেন,আর হাজার হাজার প্রকৃত ফুটবলপ্রেমী মানুষ তাদের রক্তজল করে উপার্জন করা অর্থ দিয়ে টিকিট কেটে মন্ত্রী, মন্ত্রীর পরিবার, মন্ত্রীর আপনজন, মন্ত্রীর গোপনজনকে দেখলেন, দেখলেন লাভের গুড়ের ওপর ভন ভন করে ঘুরতে থাকা স্পনসরার আর ব্যবসায়ীদের ৷ দেখলেন TRP, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অসুখে পচে যাওয়া মিডিয়াকে ৷ আর দেখলেন যে কলকাতা ফিল্ম ফেস্টিভাল হোক বা পিঠে উৎসব,গান মেলা হোক বা ঢপ মেলা,মেসির আগমনী হোক বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজোর আগমনী, এই রাজ্যে সবটাই হয় আচমকা হাতে ক্ষমতা পাওয়া কিছু নেতা, মন্ত্রী রূপে অভিনয় করে চলা কিছু হুঁকো মুখো হ্যাংলাদের জন্য আর ক্ষমতার এই সিনেমায় সেলিব্রিটি রূপে অভিনয় করে চলা কিছু স্বঘোষিত তারকাদের জন্য ৷ লম্বা পোস্টে ঋদ্ধি লেখেন, "ভোটার হোক বা ফ্যান,ক্ষমতা নিজেকে ছাড়া কারুর কথা ভাবেনা , দুঃখিত লিওনেল মেসি ৷"
ঋদ্ধি লেখেন, "সারা বিশ্বের কাছে বাংলা হাসির পাত্র হল ৷ মুখ্যমন্ত্রী টুইটারে ক্ষমা চাইলেন,কিন্তু যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কি হবে? তাদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে ? মেসির কাছে ক্ষমা চাওয়ার থেকে আজকে মানুষের কাছে ক্ষমা চাওয়া জরুরি, সেটা ঠিক কি ভাবে হবে ?" ঋদ্ধির এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন, অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "যেখানে প্রশাসন আসল দোষী, সেখানে জনগণের ওপরে দোষারোপ করা হচ্ছে ৷"
অভিনেতা অরিত্র দত্ত বণিক সোশাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি লেখেন, "মুখ্যমন্ত্রীকে মেসির কাছে ক্ষমা চাইতে হলো, অভ্যন্তরীণ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে কিন্তু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ক্ষমা চাইলেন মানে আমাদের সমগ্র বাঙালির মাথা হেট হয়ে গেল।" তিনি এরপর অনুরাগীদের কন্সিউমার কোর্টে আয়োজকদের বিরুদ্ধে মামলা করা, টিকিটের দাম ফেরত চাওয়ার কথা বলেছেন ৷
#WATCH | Kolkata, West Bengal: Angry fans vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event#GOATIndiaTour2025 #LionelMessi https://t.co/I0iqMUJsiQ pic.twitter.com/tG8GHIqubs
— ANI (@ANI) December 13, 2025
ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, "সম্ভবত আমিই কলকাতার সবচেয়ে দুঃখী মানুষ ছিলাম ৷ কারণ আমি একটি রেকির জন্য মধ্যপ্রদেশে সফরে ছিলাম ৷ এলএম 10 আমার শহরে আসছিলেন, তাই আমার মতো কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করা সেই মানুষটিকে দেখার সুযোগ আমি হারাচ্ছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি শহরের বাইরে ছিলাম। সব ফুটবলপ্রেমীদের জন্য এটা কী লজ্জার বিষয়, যারা তাকে দেখার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল, তারা খালি হাতে ও দুঃখ নিয়ে ফিরেছে। যে অল্প কয়েকজন ঈশ্বরকে দেখতে পেলেন, তারা হলেন আমার কয়েকজন সেলিব্রিটি বন্ধু, কয়েকজন গুরুত্বপূর্ণ ভিভিআইপি (যারা গত দুই দশকে মেসির জাদু খুব কমই দেখেছেন) এবং অবশ্যই শ্রী শতদ্রু দত্ত, যিনি আজ তার প্রতারণার দক্ষতা দিয়ে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন। হ্যাঁ, অনেকের মতোই আমিও হতাশ এবং ক্ষুব্ধ। আজ আমরা কলকাতাকে হতাশ করেছি !"
অভিনেত্রী রাজন্যা হালদারও সোশাল মিডিয়ায় লাইভে এসে চরম অব্যাবস্থা নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, "আজকের এই দায় কোথাও না কোথায়ও ক্রীড়ামন্ত্রীকে নিতেই হবে ৷ এটা প্রশাসনের দায় ৷ পুলিশের দায় ৷ তিনি সেই দায় এড়িয়ে গেলে চূড়ান্ত অপদার্থতা হবে ৷ "

