ETV Bharat / entertainment

স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব ! আছেন কারা ?

কমিটির সমর্থনে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শতদীপ সাহা, ফিরদৌস হাসান, রাজকুমার দামানি, পঙ্কজ লাডিয়া, রানা সরকার, জয়দীপ মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস।

ETV BHARAT
স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব ! (চিত্র: সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 28, 2025 at 2:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ডিসেম্বর: চলতি বছরের স্ক্রিনিং কমিটির শেষ বৈঠক হল শনিবার । কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত ছাড়াও হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা, রানা সরকার-সহ কমিটির অন্যান্য সদস্যরা । বৈঠক শেষে সভাপতি পিয়া সেনগুপ্ত জানালেন, "স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব ।"

শনিবার পিয়া সেনগুপ্ত জানান, বৈঠকে কমিটির অভ্যন্তরীণ নির্বাচন হয় । সেখানেই ভোটাভুটির পর দেব সাফ জানান, কমিটির উপরে সমর্থন নেই তাঁর । এর কারণ অবশ্য দেব নিজেও খোলসা করেননি । শনিবারের বৈঠকেও হাজির ছিলেন না দেব । উল্লেখ্য, 'প্রজাপতি 2' মুক্তির আগে একাধিক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন যে, বছর শেষে 'বন্ধু'দের সঙ্গে লড়তে হচ্ছে তাঁকে, যা তাঁকে খুবই বেদনা দিচ্ছে এবং অবাক করেছে ।

স্ক্রিনিং কমিটির সমর্থনে নেই দেব ! (নিজস্ব ভিডিয়ো)

পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, কমিটির সমর্থনে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শতদীপ সাহা, ফিরদৌস হাসান, রাজকুমার দামানি, পঙ্কজ লাডিয়া, রানা সরকার, জয়দীপ মুখোপাধ্যায় ও স্বরূপ বিশ্বাস । এ দিনের বৈঠকে আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নবীন চৌখানি, সমীরণ দাস, সুভাষ শেঠ, ঋতব্রত ভট্টাচার্য ও সরোজ মুখোপাধ্যায় । এঁরা প্রত্যেকে স্টেক হোল্ডার । একইসঙ্গে কমিটিকে সমর্থন জানিয়েছেন তাঁরা ।

প্রসেনজিৎ চট্টোপাধায়ের কথায়, "কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল । সেই আমন্ত্রণ রক্ষা করতেই এসেছি । আলাদা করে কোনও মতামত জানাইনি।" প্রথম সারির পরিচালক-প্রযোজকদের পাশাপাশি নতুন পরিচালক-প্রযোজকরাও প্রাইম ডেট পেলে তাঁরা কাজে উৎসাহী হবেন বলে মনে করছেন জনৈক সদস্য । এ দিনের আলোচনায় তাঁর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

ওই বৈঠকে উঠে আসে আরও একটি দিক । অভিযোগ, বাংলা বিনোদন দুনিয়াকে ক্রমাগত আঘাত হানছে সমাজমাধ্যম । পরস্পরের প্রতি আক্রমণ, কটাক্ষ, কুমন্তব্য প্রকাশ্যে চলে আসছে, যা টলিউডের সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলছে ।

এদিন পিয়া সেনগুপ্ত বলেন, "গত বছর পুজোয় সমাজমাধ্যমে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছিল কাহিনিকার-চিত্রনাট্যকার জিনিয়া সেনকে । এ বছরেও সেই যুদ্ধ চলছে। অবিলম্বে এই লড়াই বন্ধ হওয়া উচিত । আমরা তীব্র নিন্দা করছি বিষয়টির এবং সমর্থন জানাচ্ছি জিনিয়াকে ।"

রানা সরকার বলেন, "এই বিষয়টি নিয়ে স্ক্রিনিং কমিটি এবং ইম্‌পা সম্মিলিতভাবে প্রশাসনের দ্বারস্থ হবে, যাতে টলিউডের সঙ্গে জড়িত কেউই এ ভাবে হেনস্তার শিকার না-হন । আইন, সাইবার সেল সবই আছে । প্রয়োজনে সেগুলিরও সাহায্য নেওয়া হবে ।"

বড়দিনের ছবিমুক্তির আগের দিন নবীনা সিনেমাহলের টিকিট বিক্রির জায়গা ঘেরাও করে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি । এই ঘটনারও তীব্র নিন্দা করেছে স্ক্রিনিং কমিটি । এ প্রসঙ্গে প্রযোজক শ্রীকান্ত মোহতা বলেন, "টলিউড এই ধরনের ঘটনার সঙ্গে চলতে অভ্যস্ত নয় । এই ধরনের অনভিপ্রেত কাণ্ডকেও তাই আমরা সমর্থন করি না । মন থেকে চাইছি, এই ন্যক্কারজনক কার্যকলাপ বন্ধ হোক । তবেই টলিউডের সার্বিক উন্নতি হবে ।"

শিবপ্রসাদ বলেন, "ছবিমুক্তিকে ঘিরেই যাবতীয় গোলযোগ । প্রাইম ডেটে ছবিমুক্তি ঘটাতে চাইলে বাকিদের সঙ্গে সিনেমাহল, শো - সবই ভাগ করে নিতে হবে । যিনি সেটা মানবেন না তিনি নন-প্রাইম ডেটে ছবি আনতে পারেন । টলিউড তাঁদের পাশে থাকবে ।" তিনি উদাহরণ দেন 'অ্যানিম্যাল’, 'ধুরন্ধর', 'সঁইয়ারা'র মতো ছবির । যাঁরা প্রাইম ডেটে না-এসেও বিশ্বের বাজারে কোটি কোটি ব্যবসা করছে ।

আগামী 19 জানুয়ারি ফের সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে আনা হবে 2026 সালের বাংলা ছবির ক্যালেন্ডার ।