দর্শক দরবারে হাজির দু'টি হাসির ছবি, কোনটা আগে দেখবেন? রইল এক ঝলক গল্প
দর্শকের জন্য আজ একটা হাসিখুশির দিন। মুক্তি পেয়েছে দুটি দমফাটানো হাসির বাংলা ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' এবং 'কীর্তনের পর কীর্তন'।

By ETV Bharat Entertainment Team
Published : January 9, 2026 at 11:39 AM IST
কলকাতা, 9 জানুয়ারি: মন ভালো রাখতে হাসির থেকে কার্যকরী টনিক আর অন্য কিছু নয়। ব্যস্ততা আর নেট বিনোদনের যুগে আমরা অন্যের দিকে তাকিয়ে হাসতেও ভুলে গেছি। হাসির সিনেমা বা সিরিয়াল সেখানে কুলোর বাতাস দেয়। আজ থেকে অর্থাৎ 9 জানুয়ারি দর্শকের দরবারে আসছে দুটি দম ফাটানো হাসির বাংলা ছবি- 'নারী চরিত্র বেজায় জটিল' এবং 'কীর্তনের পর কীর্তন'।
অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত দমফাটানো হাসির ছবি 'কীর্তন' মুক্তি পায় 2023-এর 1 সেপ্টেম্বর। পরাণ বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ, গৌরব চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি ব্যাপক সাড়া ফেলে মানুষের মনে। এবার হাজির সেই ছবির সিক্যুয়েল। ছবির নাম ‘কীর্তনের পর কীর্তন’। আগেরবারের মতো এখানেও স্বামী, শ্বশুর আর বউমার ভূমিকায় যাঁরা ছিলেন তাঁরাই আছেন। তবে এবারে এই দল ভারী হয়েছে।
পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে এসেছেন এক নতুন মানুষ, যার ফলে এই সংসারে আসছে একের পর এক টুইস্ট। তিনি অভিনেত্রী লাবণী সরকার। এ ছবিতেও রয়েছে উত্তর কলকাতার আমেজ, রয়েছে শ্বশুর আর বউমার লাগাতার ঝগড়া। আছে দুই বয়স্ক মানুষের প্রেম (লাবনী, পরাণ), বিবাহোত্তর জীবন দম্পতির প্রেম (গৌরব-অরুণিমা)। চমকের এখানেই শেষ নয়, বয়স্ক দম্পতির নবজাতকের আগমন এই ছবিতে আরও রসদ সরবরাহ করে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় 'কীর্তন'-এ উত্তর কলকাতার এক ছাপোষা, মধ্যবিত্ত পরিবারের গল্প বলেছিলেন।
যেখানে শ্বশুর-বৌমার (পরাণ বন্দ্যোপাধ্যায়-অরুণিমা) সম্পর্ক আদায়-কাঁচকলায়। বাবা আর বউয়ের মাঝখানে পড়ে বরের (গৌরব চট্টোপাধ্যায়) চিড়েচ্যাপ্টা অবস্থা। এবারও এরকমই রসদ থাকছে। তবে, পরিবেশের বদল ঘটেছে বলে জানিয়েছিলেন অরুণিমা। উত্তর কলকাতার বাড়ি ছেড়ে তারা এবার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে উঠে এসেছে। সেখানেও গলা ফাটিয়ে ঝগড়া করছে শ্বশুর আর বউমা। বিপত্তি চরমে। সামাল দিতে নাজেহাল গৌরব।
ওদিকে আরেকটি মজাদার ছবি নিয়ে হাজির হচ্ছেন অঙ্কুশ হাজরা। 'নারী চরিত্র বেজায় জটিল' আজ দর্শকের দরবারে। মুক্তির আগের দিন নবীনা সিনেমা হলের সামনে অঙ্কুশ-ঐন্দ্রিলার 30 ফুট লম্বা কাট আউট ভেঙে ফেলা হল। ইটিভি ভারতকে অঙ্কুশ জানিয়েছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। ছবিটি মজার। কমেডি, রোমান্সে ঠাসা। আছে ভালো ভালো গান। 'কাঁটা ফুটেসে' গানটি ইতিমধ্যেই মানুষের মনে ভালোরকমের জায়গা করে নিয়েছে। টিজারে দেখা গিয়েছে অঙ্কুশ নারীদের চরিত্রকে সরল করার আবেদন জানাচ্ছেন মা গঙ্গাকে। আর তা শুনে অঙ্কুশের বন্ধু বলে, মা গঙ্গা তো নিজেও নারী তাহলে কি করে নারীদের চরিত্র সরল হবে? তবে মা গঙ্গা কিছু না বললেও মা কালী কিন্তু বেশ কয়েকটি চড় মেরে দেয় অঙ্কুশকে।
অঙ্কুশ অভিনীত চরিত্রটি একজন ইভেন্ট ম্যানেজারের। যে বিয়ের সমস্ত দায়িত্ব পালন করে সুষ্ঠুভাবে।
কিন্তু এই বিয়ের দায়িত্ব পালন করতে গিয়েই মেয়েদের মনের সঙ্গে তাল মেলাতে পারে না সে। কেউ বলে গলদা চিংড়ি খাবে না কেউ আবার বলে সাদা শাড়ি পরে বিয়েতে বসবে। সকলের মনের সঙ্গে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় অঙ্কুশকে। অঙ্কুশ এইভাবে সকলের মন রক্ষা করতে করতে একদিন হাঁপিয়ে ওঠে। আর ঠিক তখনই তার সঙ্গে দেখা হয়ে যায় ঐন্দ্রিলার। শুরু হয় প্রেমের গল্প। ঐন্দ্রিলার প্রেমে পড়ে অঙ্কুশ, কিন্তু ঐন্দ্রিলা একেবারেই অঙ্কুশকে পছন্দ করে না। তাহলে কীভাবে হবে জুটিবন্ধন? জানতে হলে দেখতে হবে ছবিটি।

