ETV Bharat / entertainment

KIFF 2025: 'চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে আসাটা...'- কী প্রতিক্রিয়া সিনেপ্রেমীদের ?

সকাল 9টা থেকেই নন্দন চত্বরে ভিড় সিনেমা প্রেমীদের ৷ পছন্দের সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা ৷

kiff-2025-cinema-lovers-react-on-31st-kolkata-international-film-festival
নন্দন চত্বরে ভিড় সিনেমা প্রেমীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 8, 2025 at 11:39 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: বাতাসে হালকা শীতের পরশ ৷ রোদ ঝলমলে দিন হোক কিংবা আলোকজ্জ্বল সন্ধ্যা এই একটা সপ্তাহ সিনেমার ওমে নিজেরে সেঁকে নেন সিনেপ্রেমীরা ৷ বাংলা-হিন্দি ছাড়াও দেশ-বিদেশের নানা ভাষার ছবি এক ছাদের তলায় দেখার সুযোগ কে ছাড়তে চায় ! যে কারণে বারবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অপেক্ষায় থাকেন কলকাতাবাসী । দেখতে দেখতে সেই উৎসব পা দিয়েছে 31 বছরে ৷ সকাল 9টা থেকে ছবির প্রদর্শন শুরু । তখন থেকেই আনাগোনা নন্দন চত্বরে সিনেপ্রেমীদের। ছবি দেখানো হচ্ছে অন্যান্য ডেস্টিনেশনেও। কিন্তু উৎসবের আমেজ পেতে নন্দনে ভিড় বরাবরই বেশি। এবারও তার অন্যথা হচ্ছে না ৷ সকাল থেকে ছবি দেখার জন্য লম্বা লাইন নন্দনে।

জনৈক দর্শক বলেন, "কিউবা ছবির জন্য এসেছি ৷ দুটো সিনেমা পরপর বড় ছিল। তাই সময়টা পিছিয়ে গিয়েছে। তাই অপেক্ষা করতে হচ্ছে অনেক্ষণ। তবে, ছবি না দেখে ফিরব না।" আরেকজন সিনেপ্রেমী বলেন, "প্রত্যেক বছরই আসা হয়। বেঙ্গলি প্যানোরমার ছবিগুলো দেখার ইচ্ছা আছে।" আরেক ব্যক্তি বলেন, "এই দিনগুলোর জন্য একটু এক্সাইটেড তো থাকিই। বছরে একবার সারা পৃথিবীর ছবি এক জায়গায় বসে দেখতে পাই। এই সুযোগ তো আমাদের সবসময় আসে না। আমরা বিভিন্ন ক্লাবের মেম্বার। সেই ক্লাবের দৌলতেই টিকিট পাই ৷ তাই দেখতে আসি। প্রত্যেকবারই আসি, তাই অভ্যাস হয়ে গিয়েছে।"

নন্দনে সিনেমা দেখতে ভিড় দর্শকদের (ইটিভি ভারত)

আরেকজন সিনেপ্রেমীর কথায়, "অনেক প্রদর্শনী চলছে। তবে, সিনেমা দেখার ব্যস্ততা আছে। এর নেশা আলাদা। তাই প্রদর্শনী দেখার সময় পাওয়া যায় না ৷ এই নেশা যাদের নেই তারা বুঝতে পারবে না। ঋত্বিক ঘটককে নিয়ে বহু প্রদর্শনী আমার দেখা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক আমাদের মুখস্থ হয়ে গেছে কত আর দেখব? বিদেশি সিনেমাগুলো দেখতে অসুবিধা হয়, সাব টাইটেল ছাড়া। তাই চোখ সবসময় স্ক্রিনেই রাখতে হয়। একটা দৃশ্য মিস করলেই আর পরেরটা বুঝতে পারব না। তাও দেখি বিদেশি ছবি, বিদেশি কালচারকে জানতে।"

তবে তরুণ সিনেপ্রেমীর কণ্ঠে খানিকটা ক্ষোভের সুর। তিনি বলেন, "কিউবা দেখতে এসেছি। দুপুর 2টোয় শো। প্রায় সাড়ে তিন ঘণ্টা হয়ে গিয়েছে। তাও দাঁড়িয়ে আছি ৷ কখন শুরু হবে বুঝতে পারছি না। জানি না কীরকম ম্যানেজমেন্ট। এরা মনে হয় শো টাইমগুলো দেখে না। কারণ 11টার শো এখনও শো শেষ হয়নি।" বড় কোনও উৎসবের আয়োজনে মাঝে মাঝে একটু খামতি বা টুকটাক ভুল নজরে আসেই ৷ তবে সেই সবকিছুকে তোয়াক্কা না করেই মানুষের রক্তে সিনেমার যে আবেগ তা এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বারবার ধরা পড়ে ৷