'কান্তারা মিমিক্রি' বিতর্কে স্বস্তি রণবীরের, কী নির্দেশ বিচারপতির ?
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল রণবীরের বিরুদ্ধে ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 24, 2026 at 4:20 PM IST
বেঙ্গালুরু (কর্ণাটক): 'কান্তারা মিমিক্রি' বিতর্কে স্বস্তি পেলেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের তরফে জানানো হয়েছে, অভিনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল রণবীরের বিরুদ্ধে ৷ সেই মামলায় অভিনেতা পেলেন স্বস্তি ৷
কী বলেছে আদালত ?
গোয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'কান্তারা: চ্যাপ্টার 1' (Kantara: A Legend Chapter-1)- সিনেমায় দক্ষিণী তারকা ঋষভ শেঠ্ঠীর (Rishab Shetty) অভিনয়ের প্রশংসা করতে গিয়ে অদ্ভুত মুখ ভঙ্গি করে ফেলেন রণবীর ৷ পরবর্তী সময়ে, এই ঘটনায় বিতর্ক শুরু হয় ৷ সিনেমায় প্রতিফলিত দেবতাকে বিদ্রুপ তথা মিমিক্রি করা নিয়ে অভিনেতার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর ৷
Ranveer's reaction to the Kantara scene really felt unnecessary and disrespectful pic.twitter.com/yQeffCofZk
— BlindGuy (@the_blind_thing) November 29, 2025
বিচারপতি এম. নাগপ্রসন্নের একক সদস্যের বেঞ্চে হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনে দায়ের করা এফআইআর বাতিলের জন্য রণবীরের আবেদনের শুনানি ছিল এদিন। শুনানির সময়, রণবীরের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সজ্জন পুভায়া আদালতে জানান, অভিনেতা তাঁর 'অনুপযুক্ত বক্তব্য'-এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।
রণবীরের আইনজীবী আরও জানান, ঋষভ শেঠির অভিনয়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করে ফেলেছেন ৷ কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না অভিনেতার ৷ সিনেমায় দেবী চামুন্ডির চরিত্রে শেঠির ভূমিকার কথা উল্লেখ করে আদালত মন্তব্য করেছে যে রণবীর প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হন বা না হন, তাঁর অসংবেদনশীল আচরণ করা উচিত ছিল না।
বিচারপতি বলেন, "আপনি রণবীর সিং বা অন্য কেউ হতে পারেন। কিন্তু এতটা অসংবেদনশীল আচরণ করা উচিত হয়নি। রণবীর একজন সুপারস্টার হতে পারেন। মানুষকে প্রভাবিত করার ক্ষমতা যার আছে, তার কাছ থেকে এটা আশা করা যায়না ৷ শিল্পীদের কথা বলার আগে তাদের কথার তাৎপর্য বুঝতে হবে। জনসাধারণের বক্তব্যের স্থায়ী প্রভাবের উপর জোর দিয়ে আদালত আরও উল্লেখ করে যে মানুষ ভুলে যেতে পারে, 'ইন্টারনেট' ভুলবে না ৷" তবে মামলা এখনও তদন্তাধীন এবং এই সময়ে রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য রণবীরের এমন আচরণের পর বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথালের দায়ের করা ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ধারা 196, 299 এবং 302 এর অধীনে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে রণবীর সিং এফআইআর বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদানের সময়, হাইকোর্ট রাজ্য এবং অন্যান্য বিবাদীদের তাদের আপত্তি দায়ের করার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি 2 মার্চ।

