কলকাতায় কালকি ! শীতের শহরে অভিনেত্রীর সঙ্গী পরমব্রত
কখনও বাগবাজার তো কখনও কলেজস্ট্রিটের এদিক-সেদিক দেখা মিলেছে কালকি কোচলিন ও পরমব্রতর।

By ETV Bharat Entertainment Team
Published : January 6, 2026 at 12:10 PM IST
কলকাতা, 6 জানুয়ারি: এবারের শীতটা জাঁকিয়েই পড়েছে। কলকাতা এবার অনেকটা বেশিই কাবু ঠান্ডায়। তবে, অন্য রাজ্য থেকে নায়িকার আগমন ঘটেছে এই শহরে। উত্তর কলকাতার এখানে সেখানে শুটিং করছেন কালকি কোচলিন (Kalki Koechlin)। কখনও বাগবাজার তো কখনও কলেজস্ট্রিটের এদিক সেদিক দেখা মিলেছে তাঁর। খবর, প্রযোজক নিখিল আডবাণীর আগামী সিরিজ 'কহর'-এর (প্রাথমিক নাম) শুটিংয়ে আনন্দের শহরে অভিনেত্রী। কালকির বিপরীতে থাকছেন বাংলার শক্তিশালী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। জানা গিয়েছে, সিরিজটি বানানো হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিয়োর জন্য।
বাগবাজারের এক গলিতে রবিবার থেকেই চলছে পুরোদমে শুটিং। বাগবাজারের এক সরু গলিতে সকাল থেকেই চলছিল শুটিং। সকাল থেকেই সেখানে পুলিশ ভ্যান ছিল মজুত। চলছিল পুলিশের বিচরণ। কালকির শুটিং দেখতে বাড়ির ছাদে ভিড় জমিয়েছিল পাড়ার মানুষেরা। শুটিংয়ে কালকির পরনে সাদার উপরে লাল আর কালো সুতোর কাজ করা নরম শাল। খুব সাধারণ পোশাক। যেন পাশের বাড়ির মেয়ে! অ্যাকশন বলতেই গলির ভিতর থেকে হেঁটে বেরিয়ে এসেই রিয়া নাম ধরে একটি বাড়ির দিকে তাকিয়ে ডাকাডাকি করতে থাকেন কালকি। সংলাপ বলে দাঁড়াতেই 'কাট'। অভিনেত্রী ফের ক্যামেরা থেকে দূরে। এটা রবিবারের চিত্র।
শুটিং বহাল ছিল সোমবারেও। এদিন শুটের ফাঁকে কলেজ স্ট্রিটে ফুটপাথের উপরেও বসে থাকতে দেখা গিয়েছে নতুন জুটিকে। এই প্রথম পর্দায় এক ফ্রেমে আসতে চলেছেন পরম-কালকি। এই সিরিজের পরিচালনায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, গৌরব চাওলা। অহনা নামের একটি চরিত্রে আছেন কালকি। সূত্রের খবর, ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজ বানাতে চলেছেন পরিচালকদ্বয়। প্রযোজনায় এমি এন্টারটেনমেন্ট। সূত্রের খবর, কলকাতায় শুটিংয়ে এসে বাংলার খাবার বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর ৷ এদিন, শুটিংয়ের ফাঁকে ব্রেকফাস্টে লুচি-তরকারি খেয়েছেন কালকি ৷
কালকি-কে সম্প্রতি অ্যামাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং হওয়া 'ভয়: দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি'তে দেখা গিয়েছে। পরমব্রতর হাতে রয়েছে আসন্ন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য প্যাক্ট’।

