INTERVIEW: মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করায় বাবা দারুণ এক্সাইটেড - জ্যোতির্ময়ী
ছবিতে শেফের ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু । সেই কারণে বেশ কিছু রান্না শিখতে হয়েছে তাঁকে ।

By ETV Bharat Entertainment Team
Published : December 7, 2025 at 5:33 PM IST
কলকাতা, 7 ডিসেম্বর: 'বঁধূয়া' ধারাবাহিক দিয়ে পর্দায় জার্নি শুরু জ্যোতির্ময়ী কুণ্ডুর । দর্শকের কাছে শুরুর দিন থেকেই কদর পেয়েছিল সাংবাদিক পেখম । পর্দায় পা রাখার অনেক আগে থেকেই নাচ করেন জ্যোতির্ময়ী । আর এবার বড় পর্দায় পা রাখলেন তিনি । বিপরীতে পেলেন দেবকে ।
কতটা আপ্লুত দেবের নতুন নায়িকা ? জানতে চেয়েছিল ইটিভি ভারত। তিনি বলেন, "বঁধূয়া শেষ হওয়ার পর একদিন একটা অচেনা নম্বর থেকে ফোন আসে । ভেবেছিলাম কাজেরই ফোন । কিন্তু সেটা যে সিনেমার ফোন হবে ভাবিনি, সত্যিই । আমাকে এরপর ডাকা হয়, লুক সেট হয়, কাজ হয়-দেখতে দেখতে ছ'টা মাস চোখের নিমেষে কেটে গেল । বাবাকে বলেছিলাম, বাবা আমি কী করছি, কেমন করছি, কীভাবে সব হয়ে যাচ্ছে । বুঝতে পারছি না । বাবা বলেছিল, ভয় পাবি না । ভয় পেলে চোখে মুখে ধরা পড়বে । তবে, যে মানুষগুলোর সঙ্গে কাজ করেছি, তাঁরা এতটুকুও স্ট্রেস ফিল হতে দেননি ।"
জ্যোতির্ময়ী আরও বলেন, "মেয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করছে জেনে বাবা দারুণ এক্সাইটেড ছিল । আর আমি তো...। স্ক্রিপ্ট রিডিং-এর দিন প্রথম দেখি ওঁকে । আমার দিকে তাকিয়ে ছিলেন । বুঝতে পারছিলাম না উনি রেগে তাকাচ্ছেন নাকি ভালোবেসে । পরে বুঝেছিলাম রেগে তাকাননি । খুব মোটিভেট করতে পারেন মিঠুনদা । সবসময় বলতেন হবে হবে ।"

আর দেবদা'র 'পাগলু', 'পরাণ যায় জ্বলিয়া'রে দেখে বড় হওয়া । স্কুলে যাওয়ার সময় ওই সিনেমার গানগুলো শুনে যেতাম । আবার এসেও শুনতাম । সেই সুপারস্টার দেবকে প্রথম দেখি 'রঘু ডাকাত'-এর লুকে । আমি সবসময়ই আমার সেরাটা দিতে চেয়েছি । দেবদাও খুব উৎসাহ দিয়েছেন । ক্যামেরার সামনে দেবদা'র সঙ্গে প্রথমবার একটু নার্ভাস তো ছিলামই । বাবা নার্ভাস হতে বারণ করত সবসময় । কথাটা মাথায় রাখতাম ।"

জীবনের প্রত্যেকটা সুযোগকে শেষ সুযোগ ভাবেন দেবের এই নতুন নায়িকা । বললেন, "আজ যে সুযোগটা পাচ্ছি সেরকম পরে নাও পেতে পারি । তাই আজকেরটাই সেরা করতে হবে । আমি প্রত্যেকটা সুযোগকে জীবনের শেষ সুযোগ বলে মনে করি । সকলেরই তাই করা উচিত বলে মনে হয় আমার ।"

এই ছবিতে শেফের ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতির্ময়ী । তাই বেশ কিছু রান্না শিখতে হয়েছে তাঁকে । ইদানিং চিকেনের প্রিপারেশন ভালোই রাঁধছেন বলে জানালেন ইটিভি ভারতকে । বলেন, "আমার রান্না করা চিকেনটাই মানুষ খেতে পারবেন ।" জ্যোতির্ময়ী বলেন, "আমি শুধু কাজ করতে চাই, তা সে যে প্ল্যাটফর্মেই হোক না কেন । আর ছোটপর্দা আমাকে সব দিয়েছে । পেখম আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে শিখিয়েছে । কেউ যদি জিজ্ঞেস করে জীবনের সেরা কাজ কোনটা ? আমি বলব 'বঁধূয়া'।"

