ETV Bharat / entertainment

'ও হাসিমুখটা যে ফরম্যাটে দেখাতে চায়...'- ইন্দিরাকে বিয়ের পর ছেলে কবীরকে নিয়ে কী বললেন সায়ন ?

পরিচালক ইন্দিরা ধর ও সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়ের জীবনের মিষ্টিমধুর দ্বিতীয় ইনিংসে বড় ভূমিকা রেখেছে ছেলে কবীর ৷

indira-dhar-and-sayan-gangulys-son-kabir-played-a-significant-role-in-the-marriage
ইন্দিরা-সায়নের একমাত্র প্রায়োরিটি ছেলে কবীর (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 1, 2026 at 4:52 PM IST

5 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 1 জুন: আমেরিকান লেখক নিকোলাস স্পার্কসের কথায়, "Don't think there are no second chances. Life always offers you a second chance... It's called tomorrow." ছেলে কবীরের জীবনে আগামীর সেই ভোর যাতে সুন্দর হয়, শান্ত-সিগ্ধ হয়, ভালোবাসাময় হয়, সেই কারণে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পরিচালক ইন্দিরা ধর ৷ দ্বিতীয়বার বিয়ে করেছেন ইন্দিরা ৷ সোশাল মিডিয়ায় সেই খবর তিনি আগেই শেয়ার করেছেন ৷ কিন্তু যাঁকে বিয়ে করেছেন সেই সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কবীরের 'বন্ধন' কীভাবে জুড়ল, ছেলে কবীরের সঙ্গে কীরকম বন্ধুত্ব গড়ে উঠল, তা জানিয়েছেন 'পুতুল'-এর জন্য অস্কার নমিনেশন পাওয়া সঙ্গীত পরিচালক সায়ন ৷

সম্মানীয় মিউজিশিয়ান বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের ছেলে সায়ন ৷ বুদ্ধদেব বাবু সঙ্গীত জগতে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, সলীল চৌধুরীদের মতো ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন ৷ গিটারের জন্য বুদ্ধদেব বাবুর নাম রয়েছে হলিউড ওয়াক অফ ফেম-এও ৷ বাবার চলা পথেই যেন জীবনের মানে খুঁজে পান সায়ন ৷ তিনিও মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন ৷ লন্ডন স্কুল অফ মিউজিক থেকে পাস করেছেন ৷ দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তবলা বাদক বিক্রম ঘোষের সঙ্গেও ৷

indira-dhar-and-sayan-gangulys-son-kabir-played-a-significant-role-in-the-marriage
ছেলে কবীরের সঙ্গে ইন্দিরা-সায়ন (সংগৃহীত)

পরিচালক ইন্দিরা ধরের সঙ্গে প্রথম পরিচয় প্রসঙ্গে সায়ন বলেন, "আমি ওকে চিনি 2021 থেকে যখন ও গ্রীন উইন্ডো বানিয়েছিল ৷ তখন ও বিক্রম ঘোষের কাছে এসেছিল মিউজিক করানোর জন্য ৷ সেখানেই প্রথম আলাপ ৷ তারপর 2023-2024, যখন ও পুতুল বানাচ্ছিল, তখন বিক্রমদার কাছে থেকে নম্বর নিয়ে আমাকে ফোন করেছিল, সিনেমার মিউজিকের দায়িত্ব নেওয়ার জন্য ৷ এরপর যখন পুতুল নিয়ে দৌড়াদৌড়ি চলছে, কান-এ যাওয়া হল, অস্কার নমিনেশন পেল এই পুরো জার্নিতে ইন্দিরার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল ৷"

সায়ন এরপর বলেন, "কাজের সূত্র ধরেই ইন্দিরার ছেলে কবীরের সঙ্গে পরিচয় ৷ অদ্ভুতভাবে প্রথমদিন থেকেই কবীরের সঙ্গে আমার ভালো ভাব হয়ে গিয়েছিল ৷ সারাক্ষণ ও ওর মায়ের কাছে আমার কথা জিজ্ঞাসা করত ৷ এরপর একদিন আমরা তিনজন মিট করি ৷ সেই শুরু ৷ তারপর ধীরে ধীরে ভালোবাসা-স্নেহের বন্ধন তৈরি হয় কবীরের সঙ্গে ৷" বিয়ে প্রসঙ্গে সায়ন জানান, এই নিয়ে তাঁদের কোনও পরিকল্পনা ছিল না ৷ সায়নের কথায় বিয়েটা 'দুম করে' করে ফেলা ৷ পাশাপাশি, প্রফেশনাল জায়গা থেকে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল ইন্দিরার সঙ্গে তা আজও একই রকম রয়েছে ৷ সঙ্গী বলতে যা বোঝায় মানে একে অপরকে চেনা-জানা-বোঝা সেই বিষয়টা বিয়ের পরেও আছে বলে জানান সায়ন ৷

অন্যদিকে, ইন্দিরা বলেন, "আমি জীবনটাকে ওপেন বুক হিসাবে ডিল করেছি ৷ সায়ন আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট ৷ ও পাশে না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না ৷ আর ও ওইরকম মানুষই নয়, নিজেকে গুরুত্ব দেওয়া বা নিজেকে নিয়েই শুধু ভাবা, ও ওরকম নয় ৷ সায়ন আমার পাশে সব সময় দাঁড়িয়েছে ৷"

indira-dhar-and-sayan-gangulys-son-kabir-played-a-significant-role-in-the-marriage
জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা পরিচালক ইন্দিরার (সংগৃহীত)

সায়নের সঙ্গে আগামীর কথা বলতে গিয়ে ইন্দিরা বলেন, "আমাদের ফোকাস কবীর ৷ আমরা কবীরের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ ওকে আমরা একটা হ্যাপি হোম দিতে চাই ৷ আমার শ্বশুর-শাশুড়ি দুজনেই কবীরকে নিয়ে খুব কনসার্ন ৷ আমরা কবীরকে প্রায়োরিটি দিয়েই সবকিছু করি ৷ আসলে, জীবন আমরা একবারই পাই ৷ আমরা বিশ্বাস করি, জীবনটা যাতে সকলের ভালো হয় ৷ আমাদের কারোর প্রতি কোনও ক্ষোভ-অসন্তোষ নেই ৷ আমার সঙ্গে যা হয়েছে, যাঁরা করেছেন, আমি সকলকে ক্ষমা করে দিয়েছি ৷ ব্যস চাই, জীবনটা যাতে ভালোভাবে কাটাতে পারি ৷ জীবন সুন্দর ৷ আর এই সুন্দর জীবনে সকলেই ভালো ভাবে থাকুক এইটাই চাই ৷"

ইন্দিরা-সায়নের বিয়ে নিয়ে ভীষণ খুশি ছেলে কবীর ৷ সায়নের কথায়, "আমাদের বিয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক বা উদ্যোক্তা, ওইটুকু বয়সে কবীর ওর পছন্দটা ওর ভাষায় বুঝিয়ে দিয়েছে ৷ আমাদের কিন্তু এটা ভাব-ভালোবাসার বিয়ে নয় ৷ এই পুরো বিষয়টাই শুরু হয়েছে কবীরের দিক থেকে ৷"

indira-dhar-and-sayan-gangulys-son-kabir-played-a-significant-role-in-the-marriage
বিয়ের পর পরিবারের সঙ্গে (সংগৃহীত)

বাবা না বন্ধু- কবীরের সঙ্গে কোন সম্পর্কে বেশি জোর দিতে চান সায়ন ? প্রশ্নের উত্তরে সায়ন বলেন, "আমার মতে, বাবা যদি ছেলের বন্ধু না হয়, তাহলে আর কী হল ! বাবা হিসাবে শুধু টাকা রোজগার করাই জীবনের লক্ষ্য হওয়া ঠিক নয় ৷ আমি খুব গো-ইজি, রসিক একটা লোক ৷ একটা ওপেননেস থাকা দরকার ৷ আমি মনে করি, আমাকে আগে ওর বন্ধু হতে হবে ৷ কারণ ওর মনে কোনও কষ্ট হলে সেটা বাবাকে না বলতে পারলেও বন্ধুকে বলতে পারবে ৷ এই বয়সে ও যা ত্যাগ করে এসেছে… ৷ ছোটবেলা থেকে তো ও আমাকে দেখেনি ৷ বাবা হিসাবে হোক বা বন্ধু, আমার প্রায়োরিটি হল, কবীরের সবচেয়ে কাছের মানুষ হওয়া ৷ ও যদি বাবা হিসাবে আমাকে সব বলতে চায় বলুক, আবার যদি ব্রেস্ট ফ্রেন্ড ভেবে বলতে চায়, বলুক ৷ উদাহরণ হিসাবে, ওর একদিন স্কুলে পড়ে গিয়ে পায়ে লেগেছে, কবীর ওর মাকে বলেইনি ৷ আমি ঘরে ফিরতেই আমাকে বলছে ৷ ও সবকিছু শেয়ার করে আমার সঙ্গে ৷ এই যে কবীর আমার কাছে এতটা কমফোর্টেবল, এটাই আমার তথা আমাদের কাছে টপ মোস্ট প্রায়োরিটি ৷ ওর হাসিমুখটা ও যে ফরম্যাটে দেখাতে চায়, সেইভাবেই আমি দেখতে রাজি আছি ৷"

পয়লা মে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে ইন্দিরা-সায়নের ৷ এরপর পরিবারের কাছের মানুষ-বন্ধুদেরও নিয়ে কিছু নিয়ম আচারও পালন হয়েছে ৷ বর্তমানে 'ইকোস অফ ভ্যালোর' ও 'আ টেল অফ টু উইমেন' নিয়ে ব্যস্ত আছে পরিচালক ইন্দিরা ও সঙ্গীত পরিচালক সায়ন ৷ পাশাপাশি, স্বপ্ন দেখছেন একসঙ্গে মিলে ছেলে কবীরের আগামীকে আরও সুন্দর রামধনুময় করে তোলার ৷

আরও পড়ুন