ফাঙ্কি আইটেম গানে 'ইন্ডিয়ান আইডল 15' জয়ী মানসী, কেমন ছিল অভিজ্ঞতা ?
'ইন্ডিয়ান আইডল' জয়ী মানসীর কণ্ঠে এই আইটেম গান শোনার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

By ETV Bharat Entertainment Team
Published : July 4, 2026 at 2:44 PM IST
হায়দরাবাদ, 4 জুলাই: বাংলা চলচ্চিত্রের ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে তৈরি হতে চলা পরিচালক দুর্জয় মণ্ডলের আগামী ছবি 'দখল' (Dokhol) ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। সমাজের নির্মম বাস্তবতা, ক্ষমতার ঔদ্ধত্য, বিশ্বাসের ভাঙন এবং মানুষের অস্তিত্বের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে এবার যুক্ত হল আরও একটি বড় আকর্ষণ। ছবির আইটেম সং ‘মাঝ রাতে বিছানাতে’-তে কণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ান আইডল সিজন 15-এর বিজয়ী মানসী ঘোষ (Manasi Ghosh)।
ছবির নির্মাতাদের দাবি, 'দখল' শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং সময়ের এক সাহসী দলিল। আর সেই আবহের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন মেজাজে তৈরি হয়েছে এই আইটেম গান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নীলাকাশ রায়। নির্মাতাদের মতে, ছবির গল্পের গাম্ভীর্যের পাশাপাশি দর্শকদের জন্য এই গানটি হতে চলেছে একেবারে আলাদা স্বাদের বিনোদন।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মানষী ঘোষ বলেন, "এই গানটা গাইতে আমি ভীষণ উপভোগ করেছি। গানটা খুবই ফাঙ্কি, প্রাণবন্ত এবং আমি নিশ্চিত দর্শক-শ্রোতারা এটা খুব উপভোগ করবেন। পরিচালক দুর্জয় মণ্ডল একজন অসাধারণ মানুষ। ছবির জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।"
পরিচালক দুর্জয় মন্ডল জানান, "'দখল'-এর প্রতিটি উপাদান গল্পের প্রয়োজনে সাজানো হয়েছে। ‘মাঝ রাতে বিছানাতে’ শুধুমাত্র একটি আইটেম সং নয়, এটি ছবির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলবে। মানষী ঘোষের প্রাণবন্ত কণ্ঠ গানটিকে অন্য মাত্রা দিয়েছে এবং আমি বিশ্বাস করি, গানটি মুক্তির পর দর্শকদের প্লেলিস্টে বিশেষ জায়গা করে নেবে।"
উল্লেখ্য, 'দখল'-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন দুর্জয় মন্ডল নিজেই। ছবির কাস্টিং এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নির্মাতাদের বক্তব্য, গল্পের আগে মুখ নয়, বরং গল্পই দর্শকের প্রথম পরিচয় হওয়া উচিত। তবে তাঁরা আশ্বাস দিয়েছেন, ছবির কাস্টিং বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য এক স্মরণীয় চমক হয়ে থাকবে।
নতুন ভাষা, নতুন সাহস এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি হতে চলা 'দখল' ইতিমধ্যেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ছবির ফাঙ্কি আইটেম সং 'মাঝ রাতে বিছানাতে'-এ মানসী ঘোষের কণ্ঠ এবং নীলাকাশ রায়ের সুর সেই আগ্রহকে আরও একধাপ বাড়িয়ে দিল। এখন দর্শকদের অপেক্ষা কবে মুক্তি পাবে 'দখল' ৷

