ETV Bharat / entertainment

সুমন ঘোষের 'ফ্যামিলিওয়ালা'য় ইমন, কোন অবতারে দেখা যাবে গায়িকাকে ?

এবার বড় পর্দায় নৃত্য পরিবেশন করবেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ৷

iman-chakraborty-will-perform-dance-in-suman-ghoshs-familywala-bengali-movie
সুমন ঘোষের 'ফ্যামিলিওয়ালা'য় ইমন (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 25, 2026 at 10:15 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 25 ফেব্রুয়ারি: এবার একেবারে অন্য ভূমিকায় পাওয়া যাবে ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty)। সুমন ঘোষের 'ফ্যামিলিওয়ালা' ছবিতে শুধু গান নয়, নৃত্য পরিবেশন করতেও দেখা যাবে ইমনকে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে 'ঠাকুর জামাই' শীর্ষক একটি গান গেয়েছেন তিনি। সেই গানের সঙ্গে এবার নাচবেনও গায়িকা। উল্লেখ্য, এর আগেও মিউজিক ভিডিয়োতে নৃত্য পরিবেশন কর‍তে দেখা গিয়েছে ইমনকে। আর এবার বড় পর্দায়। কোরিয়োগ্রাফার মঙ্গেশ খেড়েকরের তত্বাবধানে নাচের তালিম নিয়েছেন ইমন।

ইমনকে দিয়ে এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করানোর কথা মাথায় আসে পরিচালক সুমন ঘোষের। সেই মতো তাঁকে প্রস্তাব দেওয়া মাত্র রাজিও হয়ে যান ইমন। সম্প্রতি রাজ্য সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' পেয়েছেন ইমন। জাতীয় পুরস্কার আগেই পাওয়া হয়ে গিয়েছে তাঁর ৷ ইমন ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি ছোটবেলা থেকে কখনও সেভাবে নিয়ম করে নাচ শিখিনি। তবে, বছর খানেকের জন্য ওড়িশির তালিম নিয়েছিলাম।"

স্টেজে গাওয়ার সময় ইমনের এনার্জি ভরা পারফরম্যান্স সকলের নজর কাড়ে। আর এবার একেবারে অন্যরকম সাজে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে গায়িকাকে। এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে স্বল্প সময়ের জন্য অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। উইন্ডোজ প্রযোজিত 'প্রাক্তন' ছবিতে গান গেয়েই জাতীয় পুরস্কারপ্রাপ্তি ঘটে তাঁর। উইন্ডোজের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক। 'তুমি যাকে ভালোবাসো' থেকে 'টাপা টিনি', 'রঙ্গবতী' তাঁর কণ্ঠেই পেয়েছে দর্শক।

উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ থেকে সুমন ঘোষের পরিচালনায় আসছে এই ছবি৷ এই ছবিতে অভিনেতা হিসেবে ভিন্ন রূপে ধরা দেবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় তিনিই। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনসূয়া মজুমদার-সহ আরও অনেকে। মূলত ফ্যামিলি ড্রামা জঁরের এই ছবি। একটি পরিবারকে কেন্দ্র করেই বোনা হয়েছে চিত্রনাট্য। ছবিটির প্রযোজনায় রয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ, নিবেদনে উইন্ডোজ ও মায়া লীলা ফিল্মস। উল্লেখ্য, উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে ইমন কাজ করেছেন, যেমন 'পোস্ত' ও 'মুখার্জী দার বউ', 'রক্তবীজ 2'-র মতো সিনেমায় ৷