ইক্কিসের স্ক্রিনিংয়ে ধর্মেন্দ্রর পোস্টার দেখে আবেগী সানি-সলমন, অগস্ত্যকে ফ্লাইং কিস রেখার
পরম বীর চক্রের সর্বকনিষ্ঠ প্রাপক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের জীবন নিয়ে নির্মিত একটি ওয়ার বায়োপিক ৷


By ETV Bharat Entertainment Team
Published : December 30, 2025 at 2:29 PM IST
হায়দরাবাদ, 30 ডিসেম্বর: শ্রীরাম রাঘবনের আসন্ন চলচ্চিত্র 'ইক্কিস'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে চাঁদের হাট ৷ হাজির হলেন বলিউডের নামী-দামি তারকারা ৷ পরম বীর চক্রের সর্বকনিষ্ঠ প্রাপক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের জীবন নিয়ে নির্মিত একটি ওয়ার বায়োপিক ৷ গত মাসে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর এটিই শেষ চলচ্চিত্র ৷ এছাড়াও এই ছবিতে দেখা যাবে 'বীরু'র দোস্ত 'জয়' অর্থাৎ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে ৷ এটাই তাঁর প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ৷
স্বাভাবিকভাবেই 'ইক্কিস'-কে নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে ৷ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ধরা দিয়েছে অনেক পরিচিত মুখ ৷ তবে সবকিছুর মধ্যে দুটি মুহূর্ত সবার নজর কেড়েছে । এদিন বাবা ধর্মেন্দ্রর প্রতি নীরব ও আবেগঘন শ্রদ্ধা নিবেদন করতে দেখা গিয়েছে সানি দেওলকে ৷ পাশাপাশি নবাগত অগস্ত্য নন্দার প্রতি প্রবীণ অভিনেত্রী রেখার ভালোবাসাও কারও নজর এড়ায়নি ৷
এদিনের ইভেন্টে অস্বাভাবিক রকমের শান্ত মেজাজে ছিলেন সানি দেওল ৷ তার চোখেমুখে ছিল শোকের ছায়া ৷ স্ক্রিনিংয়ে যাওয়ার আগে ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার সময় তাঁকে অনেক কষ্টে চোখের জল ধরে রাখার চেষ্টা করতে দেখা যায় । নীরব থেকে বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত বাবাকে শ্রদ্ধা জানান সানি । স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে ধর্মেন্দ্রের ছবি-সহ 'ইক্কিস'-এর পোস্টারটি দেখে আবেগপ্রবণ হতে দেখা যায় সলমান খানকেও ।
এই ইভেন্টের আরেকটি হৃদয়স্পর্শী মুহূর্ত তৈরি হয় রেখাকে ঘিরে ৷ সোনালি শাড়িতে অত্যন্ত মার্জিত রেখার চোখেমুখে ছিল চেনা আভিজাত্য ৷ রেড কার্পেটে হাঁটার সময় তিনি প্রথমে ধর্মেন্দ্রর পোস্টারের সামনে থামেন । তিনি হাত জোড় করে মাথা নত করেন এবং প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন । এরপর রেখা পোস্টারে থাকা অগস্ত্য নন্দার ছবির দিকে এগিয়ে যান । তিনি আলতো করে তাঁর মুখে হাত রাখেন এবং আশীর্বাদ হিসেবে তাঁকে একটি ফ্লাইং কিস দেন । তাঁর এই সাদামাটা জেশ্চার অনেকেরই মন জয় করে নেয় এবং সেই দৃশ্যই তারকাজ্জ্বল সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে ।
'ইক্কিস' ছবিতে অগস্ত্য দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ খেতরপালের ভূমিকায় অভিনয় করেছেন । তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, সুহাসিনী মুলে, সিকান্দার খের এবং রাহুল দেব । আগেই একটি স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে ছবিটি নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন । তিনি অগস্ত্যের জন্ম থেকে শুরু করে তাকে বড় পর্দায় অভিনয় করতে দেখার স্মৃতি নিয়ে নানা কথা লিখেছেন এবং তাঁর ন্যাচারাল অভিনয়ের প্রশংসা করেছেন ।
বড়দিনে এই ছবির মুক্তির পরিকল্পনা করা হলেও, সেই তারিখ বদলে 'ইক্কিস' নতুন বছরে 1 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে । স্ক্রিনিংয়ে এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে, ছবিটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, বরং এটি আবেগ, পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যে ভরপুর একটি চলচ্চিত্র ।

