ETV Bharat / entertainment

ফেলুদাপ্রীতি থেকে ইন্ডাস্ট্রির সাম্প্রতিক হাল হকিকত - আড্ডায় টোটা-কমলেশ্বর

ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন ফেলুদা টোটা রায়চৌধুরী এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ।

ETV BHARAT
আড্ডায় টোটা-কমলেশ্বর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 30, 2025 at 5:44 PM IST

|

Updated : December 30, 2025 at 5:53 PM IST

7 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 ডিসেম্বর: ওয়েবের পর্দায় ইতিমধ্যেই হাজির 'ফেলুদার গোয়েন্দাগিরি 3: রয়াল বেঙ্গল রহস্য' ( Feludar Goyendagiri 3: Royal Bengal Rawhoshyo)। এই গল্প পরিচালনার দায়িত্বে ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় । শুটিঙের অভিজ্ঞতা থেকে ফেলুদাপ্রীতি এবং বাংলা বিনোদন দুনিয়ার সাম্প্রতিক হাল হকিকত নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন ফেলুদা টোটা রায়চৌধুরী এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ।

ইটিভি ভারত: শীতকাল মানেই ফেলুদা । সেই ধারাই কি মেনে চললেন এবারের পরিচালক ?
কমলেশ্বর: শীতকাল হল ফেস্টিভ সিজন । আর ফেলুদা মূলত শিশু-কিশোর উপন্যাস । তাই বাচ্চারা এটা দেখবে । আর এই সময়ে স্কুলও ছুটি । বলা যায়, এটাও একটা কারণ । তবে, শীতকালে ফেলুদা আসার প্রথাটা অনেকদিন ধরেই চালু আছে । তা হলে আমি আর ভাঙি কেন ?

আড্ডায় টোটা-কমলেশ্বর (নিজস্ব ভিডিয়ো)

ইটিভি ভারত: শুটিঙের অভিজ্ঞতা ?
টোটা: ফেলুদার যে কোনও শুটিং আমার কাছে স্পেশাল । হয়তো এমন একটা দিন আসবে যেদিন এত ফোন আসবে না আমার কাছে, রকিং চেয়ারে দুলব বা বাড়ির এক কোণে বসে স্মৃতি রোমন্থন করব, তখন ফেলুদার স্মৃতিই থাকবে আমার সঙ্গে । ফেলুদা সিরিজের প্রত্যেকটা শুটিং, প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে উপভোগের । নর্থ বেঙ্গল আমার সবথেকে পছন্দের শুটিং স্পট । আর সঙ্গে যদি অনির্বাণ আর কল্পন থাকে তা হলে তো আর কথাই নেই । এবারের বাড়তি পাওনা কমলদা । কমলদা'র সঙ্গে এটা আমার প্রথম কাজ । সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা ।

কমলেশ্বর: শুটিং মানেই সবসময় এক্সাইটিং ব্যাপার । তার উপরে জঙ্গলের আবহাওয়া একটা দিক । ফেলুদা, জটায়ু, তোপসে যা যা করেছে তার প্রায় পুরোটাই আউটডোরে । আর গল্পটা প্রায় শীতকালের । কিন্তু আমাদের শুটিংটা হয়েছে গরমে । অভিনেতারা প্রচণ্ড গরমে গরম পোশাক পরে কাজ করেছেন । এর জন্য ওঁদের ধন্যবাদ জানাই ।

ETV BHARAT
ফেলুদার গোয়েন্দাগিরি 3 (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: কত ছোট বয়স থেকে ফেলুদা পড়েন টোটাদা ?
টোটা: সাত বছর বয়সের জন্মদিনে আমার মা আমাকে 'বাদশাহী আংটি' বইটি উপহার দেন । সেই থেকেই আমার সঙ্গে ফেলুদার সম্পর্ক । এখনও মন খারাপ হলে, শৈশবে ফিরে যেতে ইচ্ছে করলে ফেলুদার যে কোনও গল্প পড়তে শুরু করি । মনটা ভালো হয়ে যায় ।

ইটিভি ভারত: আর আজ তো আপনি নিজেই ফেলুদা... ভাবতে কেমন লাগে ?
টোটা: স্বপ্নের মতো লাগে জানেন তো । কাজের ফাঁকে মাঝে মাঝেই ভাবি - আমি ফেলুদার চরিত্রে অভিনয় করছি ? আমি ? আমি ফেলুদার সংলাপগুলো বলব ? এই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষে আমার মতো ভাগ্যবান কেউ নেই বলে মনে হয় এক এক সময়, যখন ভাবি আমি ফেলুদার ভূমিকায় ! আমার আর কোনও চরিত্রের প্রতি এমন লোভ নেই । এই একটা চরিত্রের প্রতিই আমার বরাবরের লোভ । চিরকাল এই চরিত্রটার প্রতি আমার তীব্র আকাঙ্খা । যা চেয়েছি তা পেয়েছি । তাই ভগবানকে অসংখ্য ধন্যবাদ ।

ETV BHARAT
রয়াল বেঙ্গল রহস্য (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: এর আগে অনেক পরিচালক ফেলুদা এনেছেন । কখনও কি চ্যালেঞ্জিং মনে হয়েছে পরিচালনার দায়িত্ব পেয়ে ?
কমলেশ্বর: সত্যজিৎ রায় থেকে শুরু করে সন্দীপ রায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সবাই বানিয়েছেন । কখনওই মনে হয়নি আমি যেটা করব সেটা সবাইকে টপকে যাবে । আমি ঠিক সেই মানসিকতার মানুষ নই । এর আগে আমি কখনও ডিটেকটিভ থ্রিলার বানাইনি । আর ফেলুদার একটা লেগাসি রয়েছে । তাই চ্যালেঞ্জটা আমার নিজের সঙ্গেই ছিল, যাতে সেই লেগাসির মান সম্মানটা রাখতে পারি । মূলত সেদিকেই খেয়াল রেখেছিলাম ।

ETV BHARAT
ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: এই প্রজন্মের কয়েকজন ছেলেমেয়েকে বলতে শুনেছি তারা ফেলুদাকে চেনে না । এটাও কি হওয়ার ছিল ?
টোটা: অবাক হয়ে যাচ্ছি ! ফেলুদাকে চেনে না ? এরা বঙ্গসন্তান ? দোষটা ওদের না । বাড়িতেই হয়তো বই পড়ার চল নেই । দুর্ভাগ্যজনক । আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্যজিৎ রায় বা রায় সাহেব যতটা উচ্চ মার্গের পরিচালক ততটাই উচ্চমার্গের শিশু-কিশোর সাহিত্যিক । ওঁর লেখা যারা পড়েনি তাদের চন্দ্র-সূর্যও দেখা হয়নি ।

ETV BHARAT
ফেলুদার গোয়েন্দাগিরি 3-এর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (নিজস্ব চিত্র)

কমলেশ্বর: ফেলুদাকে চেনে না ! অবিশ্বাস্য লাগছে । আমার মনে হয় বলতে চায়নি সে ফেলুদাকে চেনে । হয়তো বলতে চেয়েছে, "ফেলুদাকে চেনার কী দরকার ?"

ইটিভি ভারত: টোটা রায়চৌধুরীর আগে ফেলুদা আরও অনেকে হয়েছেন । কাকে বেশি পছন্দ নিজেকে বাদ দিয়ে ?
টোটা: সৌমিত্রবাবু স্রষ্টার ফেলুদা । আর আমার প্রিয় ফেলুদা সব্যসাচী চক্রবর্তী । যাঁর সঙ্গে কাজ করে আমি অনেককিছু শিখেছি । কে কার চেয়ে বেশি ভালো আমি বলতে পারব না । দু'জনেই ভীষণ যুগোপযোগী । সত্তরের দশকের আদর্শ ফেলুদা সৌমিত্রবাবু । আর নব্বইয়ের দশকের আদর্শ ফেলুদা সব্যসাচী চক্রবর্তী ।

ETV BHARAT
ফেলুদার গোয়েন্দাগিরি 3 (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: টোটা রায়চৌধুরী ছাড়াও ফেলুদা হিসেবে কাকে ভাবতে পারেন কমলেশ্বর মুখোপাধ্যায় ?
কমলেশ্বর: আগে টোটাকে ফেলুদা হিসেবে দর্শকের চোখ দিয়ে দেখেছি । এবার পরিচালকের চোখ দিয়ে দেখলাম । দুটো দেখার ধরন আলাদা হবে, এটাই স্বাভাবিক । টোটার অভিনয় দীর্ঘদিন ধরে দেখছি । দুটো ভাষাতেই দেখেছি । সত্যজিৎ রায় একদম শুরুতে ফেলুদাকে যেভাবে স্কেচ করেছিলেন তার সঙ্গে টোটার অদ্ভুত সাদৃশ্য আছে । তার উপরে টোটা অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা । পড়াশোনা করা, সাহিত্যচর্চা করা একজন মানুষ । এরকম একজন অভিনেতাকে পাওয়া মানে একজন পরিচালকের বাড়তি অনেককিছু পেয়ে যাওয়া । দর্শকরাও তাই ওঁকে পছন্দ করে । তাই টোটা ছাড়া কাউকে ভাবতে পারছি না । অন্য অপশন নেই আমার কাছে ।

ETV BHARAT
ফেলুদা টোটা রায়চৌধুরী (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: টোটা রায়চৌধুরীর কখনও ফেলুদা পরিচালনা করার ইচ্ছা আছে ?
টোটা: না । পরিচালনা হল সবথেকে কঠিন কাজ । চলচ্চিত্র এবং চলমান চিত্র দুটোই 'ডিরেক্টর'স মিডিয়াম'। ডিরেক্টর হওয়ার মতো দক্ষতা আমার নেই ।

ইটিভি ভারত: সৃজিত মুখোপাধ্যায় এবং কমলেশ্বর মুখোপাধ্যায় দু'জনের সঙ্গেই ফেলুদাতে অভিনয় করলেন । এঁদের কাজের মধ্যে পার্থক্য কী ?
টোটা: মিলটাই বেশি পেলাম । দু'জনেই সত্যজিৎ ভক্ত । তাঁদের সত্যজিৎপ্রীতি সর্বজনবিদিত । দু'জনেই সত্যজিতের প্রতি শ্রদ্ধা রেখে কাজটা করেন । দু'জনেই ক্লাসিক ফরম্যাট অনুসরণ করতে চান । কেউই সত্যজিৎকে নিয়ে বিশেষ এক্সপেরিমেন্ট করতে চান না । তবে, দু'জনের মধ্যে সৃজিত একটু 'হট হেডেড' মানুষ । আর কমলদা শান্ত মাথার মানুষ । দু'জন দু'ভাবে একই বিন্দুতে পৌঁছন । কমলদা হিমশীতল হয়ে যে বিন্দুতে পৌঁছন সৃজিত উত্তেজনা নিয়েও সেই একই বিন্দুতে পৌঁছন । ওঁদের কর্মপদ্ধতি আলাদা । কিন্তু লক্ষ্য এক । অবাক লাগে এটাই যে দু'জন বিপরীত মেরুর মানুষকে সত্যজিৎ রায় কীভাবে একই বিন্দুতে এনে ফেলেন । এটাই সত্যজিৎ রায়ের ম্যাজিক ।

ETV BHARAT
ফেলুদার গোয়েন্দাগিরি 3: রয়াল বেঙ্গল রহস্য (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত: আবারও কি কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে শঙ্কর আসবে ?
কমলেশ্বর: আমি তো বলার জায়গায় নেই । সময় বা সুযোগ পাওয়া গেলে চেষ্টা করতে রাজি ।

ইটিভি ভারত: ফেলুদা হিসেবে আর কোন গল্পের প্রতি কাজ করার ইচ্ছা প্রবল ?
টোটা: এটা তো আমার হাতে থাকে না । তবে কখনও থাকলে চাইব 'এবার কাণ্ড কেদারনাথে', 'গোলাপী মুক্তা রহস্য'।

ইটিভি ভারত: এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সমস্যা, দূরত্ব, মতানৈক্য চলছে সেই নিয়ে কী বলবেন আপনারা ?
কমলেশ্বর: খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমাদের । সবাই সবাইকে চিনি । সবাই যদি এক জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তা হলে সবার কাজ বাড়বে । সুষ্ঠুভাবে আরও শুটিং হবে । ইন্ডাস্ট্রির ভালো হবে ।

টোটা: বহু বছর পর বাংলা ছবি আবার ঘুরে দাঁড়িয়েছে । দর্শক হলমুখী হচ্ছেন । এই সময়ে আমরা যে সিদ্ধান্তই নেব সেটা যেন দু'বার ভেবে নিই । নাহলে আবার সেই কোভিডের আশপাশে যে অবস্থা হয়েছিল সেই অবস্থা দেখতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে ।

আরও পড়ুন:

Last Updated : December 30, 2025 at 5:53 PM IST