ETV Bharat / entertainment

আরও কাজ পাবেন টেকনিশিয়ানরা ! নতুন মৌ চুক্তিতে কোন শর্ত দিল ফেডারেশন ?

স্বরূপ বিশ্বাসের কথায়, "কিছু মানুষ ভুল খবর ছড়াচ্ছেন যে, কম বাজেট নিয়ে কাজ করতে এলে কাজ করবেন না টেকনিশিয়ানরা। এটা একেবারে ভুল তথ্য।"

fctwei-president-swarup-biswas-agreements-with-new-ott-for-the-benefit-of-tollywood-technicians
নতুন মৌ চুক্তিতে কোন শর্ত চাপাল ফেডারেশন ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 26, 2026 at 10:22 AM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 26 ফেব্রুয়ারি: টেকনিশিয়ানদের পাশে থাকার শপথ নিয়েছিল ফেডারেশন। তাঁদের কথা ভাবতে সদা তৎপর ফেডারেশন। তাই তাঁদের যাতে বছরের কোনও সময়েই কাজের অভাবে বসে থাকতে না হয় তার জন্য ফের এক নয়া এমওইউ (মৌ) চুক্তিতে আবদ্ধ হল ফেডারেশন (The Federation of Cine Technicians & Workers of Eastern India)।

কিছুদিন আগেই ক্লিক ওটিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ফেডারেশনের। আর এবার সেই তালিকায় জুড়ল আরেকটি নাম 'এম ই এল মুভিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড'। তারা নিয়ে আসছে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'সবসময়'। বছরে 25টি ওয়েব সিরিজ নিয়ে আসার শপথ নিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মটি।

কী বললেন ফেডারেশন সভাপতি ? (ইটিভি ভারত)

সাংবাদিক বৈঠকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) বলেন, "আজকের এই সিদ্ধান্ত, খুব দ্রুততার সঙ্গে নেওয়া হয়েছে। আপনারা জানেন, অনেকদিন আগেই ফেডারেশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে যথাসম্ভব কাজের পরিমাণ বাড়িয়ে তোলা হবে। টেকনিশিয়ানরা যাতে বেশি কাজ পান, তাঁরা যাতে বসে না থাকেন তার সমস্ত ব্যবস্থা ফেডারেশন নেবে। আর সেই কথা রেখে কিছুদিন আগেই ক্লিক ওটিটি সংস্থার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম। আজ আবার একটি নতুন চুক্তি, যা হল 'এম ই এল মুভিস এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড'-এর সঙ্গে 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র মধ্যে। আগামী এক বছরে অর্থাৎ 31 মার্চ 2027-এর মধ্যে ওরা 25টি সিরিজ আনবে। প্রত্যেকটিতে থাকবে 5-6টি এপিসোড। অর্থাৎ প্রায় 125 থেকে 135টি এপিসোড আগামী দিনে আসবে।"

সভাপতির কথায়, "তাতে 20 জন প্রতি এপিসোডে কাজ করলে গড়ে প্রায় 2 হাজার 600 জন টেকনিশিয়ান কাজের সুযোগ পাবেন। এটা হল আট ঘণ্টার জন্য, আর ওভারটাইম হলে কর্মদিবস আরও বাড়বে। যেটা ‘ক্লিক’ প্ল্যাটফর্মের সঙ্গেও আগে করেছি আমরা। সেখানেও আগামী এক বছরে 2 হাজার 600 জন মতো টেকনিশিয়ান কাজ করবেন। কর্মদিবস তিন হাজারের বেশি হয়ে যাবে। অর্থাৎ কোনও টেকনিশিয়ান যাতে বসে না থাকেন বা অসুবিধা না হয়, তা সম্পূর্ণ দেখার দায়িত্ব ফেডারেশন নিয়েছিল, একটার পর একটা চুক্তির মাধ্যমে আমরা সেই কাজগুলো করে চলেছি।”

তিনি আরও বলেন, "বাজেট যদি পাঁচ লক্ষ টাকার নীচে হয় তাতে টেকনিশিয়ানের সংখ্যা হবে 18 থেকে 21 জন। এবং যদি সেটা পাঁচ লক্ষ টাকার বেশি হয় তা হলে 38-42 জন টেকনিশিয়ান সেই প্রজেক্টের সঙ্গে কাজ করবে প্রতিদিন।"

স্বরূপ বিশ্বাস আরও বলেন, "ফেডারেশন যেটা বলে সেটা করে। আমরা আগেই বলেছিলাম, কেউ যদি কম বাজেটে সিনেমা করতে চান সেখানে ফেডারেশন সেই ব্যক্তির পছন্দমতো কতজন টেকনিশিয়ান নেওয়া যায় সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রেও প্রদীপ চুড়িয়ালদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা তাই করেছি। অর্থাৎ পাঁচ লক্ষের নীচে এপিসোডের বাজেট হলে অর্ধেক টেকনিশিয়ান নেওয়া যাচ্ছে। কিছু মানুষ ভুল খবর ছড়াচ্ছেন যে, কম বাজেট নিয়ে কাজ করতে এলে কাজ করবেন না টেকনিশিয়ানরা। এটা একেবারে ভুল তথ্য। আলোচনার মাধ্যমে তাঁদের সুবিধা অনুযায়ী কাজ হবে।"

'এম ই এল মুভিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড'- এর তরফে এদিন প্রদীপ চুড়িয়াল বলেন, "আমরা 'সবসময়' নামের একটা ওটিটি প্ল্যাটফর্ম আনতে চলেছি আগামী জুন মাসের মধ্যে। ওয়েব সিরিজ, মিউজিক ভিডিয়ো, এআই জেনারেটেড ছবি, নন ফিকশন, পডকাস্ট, শর্ট স্টোরি সবই থাকবে। এক মাস ধরে স্বরূপ বাবুর সঙ্গে এই নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে এই চুক্তির জন্য। ফেডারেশনের নিয়ম মেনে আমরা কাজ করব। বেশিরভাগ প্রজেক্ট পাঁচ লাখের মধ্যেই হবে। তার থেকে বেশি হলে ফেডারেশনের নিয়ম মেনেই কাজ হবে। আমরা টেকনিশিয়ান ভাইদের সুবিধার কথা মাথায় রাখব। সবটাই বাংলাতেই হবে।"

'সব সময়'-এর তরফে পরিচালক ঋক বসু বলেন, "গত একমাস ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমরা এটাকে হাইব্রিড বলছি, কারণ এখানে সবকিছুই থাকবে। ওটিটি, শর্টফিল্ম, মিউজিক ভিডিয়ো, পডকাস্ট, নন ফিকশন, সিনেমা সবই।" ফেডারেশনের এহেন উদ্যোগের মাধ্যমে টেকনিশিয়ানদের কাজের অভাব হবে না। কাজ বাড়বে এই ইন্ডাস্ট্রিতে। এমন আসা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসেরও।