ভূতের থেকেও মানুষকে বেশি ভয় পাওয়া উচিত, কেন এমন অনুভূতি ফাহিম মির্জার
ওটিটি প্ল্যাটফর্মে আসছে তাঁর নতুন সিরিজ 'নিশীথ সেন'। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল ফাহিম মির্জার অভিনয় এবং ব্যক্তিগত অনেক কথা ।

By ETV Bharat Entertainment Team
Published : December 31, 2025 at 4:58 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: আসল নাম মির্জা ইসমাত ফারহাদ । সংক্ষেপে ফাহিম মির্জা । ইন্ডাস্ট্রিতে তিনি এই নামেই পরিচিত । তাঁকে বাংলা টেলিভিশনের মোস্ট ওয়ান্টেড অভিনেতা বললে ভুল বলা হবে না । ওটিটি প্ল্যাটফর্মে আসছে ফাহিম অভিনীত নতুন সিরিজ 'নিশীথ সেন'। এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ফাহিম । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল ফাহিমের অভিনয় এবং ব্যক্তিগত অনেক কথা ।
'নিশীথ সেন' সিরিজের চরিত্র নিয়ে ফাহিম বলেন, "ইন্দ্র আমার চরিত্রের নাম । সে সুপার ন্যাচরাল কোনও কিছু বিশ্বাস করে না । সে যুক্তিতে বিশ্বাসী । হঠাৎ তার মেয়ের সঙ্গে এমন সব জিনিস ঘটতে থাকে যা বিশ্বাস করার মতো না । কিন্তু মেয়ের সঙ্গে সেগুলো ঘটছে বলে সে চিন্তায় পড়ে যায় ।"
ফাহিমের ভূতে বিশ্বাস নেই । ভয়ও নেই । তা হলে কীসে ভয় পান ফাহিম ? উত্তরে অভিনেতা বলেন, "আমার তো মনে হয় মানুষের ভূতকে না, মানুষকে ভয় পাওয়া উচিত । একটা মানুষ কখন কীভাবে কার সর্বনাশ করে দেবে কেউ জানে না ।"
কোন ধরনের চরিত্রে অভিনয় করার অপেক্ষায় আছেন ফাহিম ? বলেন, "যে কোনও ভালো চরিত্র । যেখানে মানুষ আমাকে আলাদাভাবে মনে রাখবেন । 'ও মোর দরদিয়া' ধারাবাহিকে আমি কাজ করতে চাইনি । যেহেতু ওটা নেগেটিভ । কিন্তু ওটা এভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বুঝিনি । এরকমই হয় অনেক সময় ।"

আগামী দিনে প্রযোজনা সংস্থা নিয়ে আসার ইচ্ছা আছে ফাহিমের । বড় পর্দায় সেভাবে দেখা মেলে না ফাহিমের । কারণ হিসেবে তিনি বলেন, "আসছে না কাজ বড় পর্দায় । আসলে নির্মাতারা দেখে নেন কোনও আর্টিস্টের ছোট পর্দায় কেমন ব্যস্ততা আছে । আর আমার ব্যস্ততা ভালোই । তাই হয়তো ডাক পাই না ।"
একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করায় মনে হয় না টাইপ কাস্ট হয়ে যাচ্ছেন ? অভিনেতা বলেন, "না । মনে হয় না আমার । কেননা প্রত্যেকটা চরিত্রই আলাদা রকমের ছিল । এবারেও তাই । অনেক কিছু করার সুযোগ ছিল যতবার করেছি ।" প্রসঙ্গত, 'মিঠাই' চলাকালীন একদিন একজন ফুড ডিলিভারি বয়কে মজা করে পুলিশের পোশাক পরা অবস্থায় ভয় পাইয়ে দিয়েছিলেন তিনি ।

সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, "যা ঘটছে ভীষণ নৃশংস, আপত্তিকর । মানুষই যদি না-থাকে তা হলে আর কীসের ধর্ম ! যারা এগুলো করছে তারা তখন মানুষের মধ্যে থাকে না বলে মনে হয় আমার । যে যা বোঝায় সেটা না বুঝেই কাজ করে ফেলে । তাই দরকার প্রকৃত শিক্ষার । কী করছি আর করছি না তার বোধটা যেন থাকে সবার মধ্যে থাকে ।"
নতুন বছরে আরও ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখেন তিনি । মানুষের পাশে দাঁড়াতে চান । আর চান আরও ভালো ভালো কাজ করতে ।

